অন্নপূর্ণার স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় প্রতিবছরই মুসা ভাই একটি করে অভিযানে অংশ নিয়েছেন। এসব অভিযানের কাহিনি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতো। পত্রপত্রিকার খবর দেখে আমি মুসা ভাই সম্পর্কে জানতে পারি। ২০০৭ সালের অক্টোবরে মুসা ভাই ‘নর্থ আলপাইন ক্লাব, বাংলাদেশ’ নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। পরের বছরের মার্চে মুসা ভাইয়ের সঙ্গে দেখা হয়। তিনি ২০১০ সাল লক্ষ্য করে এভারেস্ট-অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে একটি দল গড়ার চেষ্টা করছিলেন। আমাদের ক্লাব প্রতিষ্ঠার সময় থেকেই স্লোগান ছিল, ‘মিশন এভারেস্ট, ভিশন ২০১০’। এরপর মুসা ভাইয়ের সঙ্গে দুই দফা বান্দরবানে ট্র্যাকিংয়ে গিয়েছি। মেঘ না চাইতে বৃষ্টির মতো মুসা ভাই আমাকে লাংসিসারি অভিযানের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করলেন। আমি তখন মহাখুশি, কারণ আমার পর্বত সম্পর্কে কোনো অভিজ্ঞতা বা কোনো ধরনের পূর্ব-প্রশিক্ষণ না থাকার পরও আমি চূড়ান্ত দলে ঢুকে গেলাম। শেষ পর্যন্ত আমরা অনেক অনিশ্চয়তা পার করে ২০০৮ সালের ১ ডিসেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় লাংসিসারি (২০ হাজার ৭০০ ফুট) পর্বত-চূড়া জয় করলাম। লাংসিসারি থেকে বাংলাদেশে ফিরে আসার আগে কাঠমান্ডুতে বসেই আমরা দলীয় সভায় সিদ্ধান্ত নিলাম, পরের অভিযান হবে ২৪ হাজার ৬৮২ ফুট উচ্চতার অন্নপূর্ণা-৪ জয়। এ জন্য দেশে এসে প্রাথমিকভাবে ১০ সদস্যের একটা দল বাছাই করা হলো। এটি সামনে রেখেই স্পন্সর জোগাড় করার কাজে সবাই লেগে গেল। কারণ এ-জাতীয় অভিযান পরিচালনায় প্রচুর অর্থের প্রয়োজন হয়, যার জোগানদাতা পাওয়া ছিল দুরূহ। শেষ পর্যন্ত এবারও আমরা অর্থ-সংকটে পড়লাম এবং মুসা ভাই দল ছোট করতে বাধ্য হলেন। অভিযাত্রী দল হলো দুজনকে নিয়ে—আমি ও মুসা ভাই। এবারের পর্বতের উচ্চতা বেশি, এ জন্য খরচও বেশি। একটা ব্যাপার আমি খুব কাছ থেকে মুসা ভাইয়ের মধ্যে লক্ষ করেছি, সেটা হলো, উনি কখনো হতাশ হন না বা নেতিবাচক মানসিকতা কখনো তাঁকে স্পর্শ করতে পারেনি। সব সময় বলেছেন, ‘ভালো চিন্তা করেন, আমরা আমাদের লক্ষ্যে ঠিকই পৌঁছাব। কীভাবে পৌঁছাব জানি না, তবে পৌঁছাব।’ ঠিক তা-ই হয়েছে। প্রায় ২৮ দিন আমি ও মুসা ভাই অন্নপূর্ণা-৪ অভিযানের সময় একসঙ্গে কাটিয়েছি। অনেক কিছু শিখেছি ওঁনার কাছ থেকে। উনি যেটা জানেন সেটা আরেকজনকে শেখাতে কখনো কার্পণ্য করেননি। দলনেতা হিসেবে তিনি অসাধারণ। ভুল করলে বকা দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে সেটা শুধরেও দিয়েছেন।অন্নপূর্ণা অভিযানের সময় মুসা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। যেমন-কীভাবে পাহাড়ি রাস্তায় বিভিন্ন মালবাহক, খচ্চর, ঘোড়াকে পাশ কাটাতে হয়। একটু অসাবধান হলেই বিপদের আশঙ্কা, কারণ রাস্তার এক পাশে গভীর খাদ, অন্য পাশে উঁচু পাথরের দেয়াল। আমাদের প্রত্যেকের ঘাড়ে যে ব্যাগ ছিল, তার ওজন প্রায় ২০ কেজি। এটা নিয়েই আমাদের পথ চলতে হতো। এ জন্য প্রতি রাতেই কাঁধের ব্যথা দূর করার জন্য আমাকে পেইন কিলার খেতে হতো। সারিন ও মুসা ভাই দুজন বন্ধু ছিলেন। এ জন্য সারাক্ষণই তাঁরা দুজন দুজনের সঙ্গে মজা করতেন। মাঝেমধ্যে আমিও ঢুকে যেতাম তাঁদের মধ্যে। অন্নপূর্ণার যাত্রাপথে হুমড়ে নামের একটা জায়গায় থেমেছিলাম। এখানে এসেই আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। ৯ জুন সকালে ভয়ংকর তিব্বতি স্বাদের রুটি দিয়ে নাশতা সেরে আমরা আমাদের গন্তব্য অন্নপূর্ণা-৪ বেসক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছিলাম হুমড়ে থেকে। জঙ্গলের মধ্যে রাস্তা ধরে হাঁটছি। জঙ্গল শেষ করেই একটা খোলা জায়গা পেলাম। সেখানে কিছু হরিণের দেখা পেলাম। ওখানেই আমাদের অগ্রবর্তী দলের সঙ্গে আসা ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল ও আমাদের মালবাহক সরদারের সঙ্গে দেখা হলো। তাঁরা হুমড়ে যাচ্ছিলেন এবং ধ্রুবজ্যোতি দাদার কাছে জানতে পারলাম, শেরপারা বেসক্যাম্প ও ক্যাম্প ওয়ান তৈরি করে ফেলেছে এবং দাদাও ক্যাম্প ওয়ান পর্যন্ত গিয়ে উঠেছেন। খবরটা শুনে বেশ ভালো লাগল। তারপর দাদা আমাদের বেসক্যাম্পের রাস্তা দেখিয়ে দিয়ে বিদায় নিলেন। আমরা ছোট একটা ঠান্ডা পানির নদী পাথরে লাফিয়ে লাফিয়ে পার হয়ে হাঁটতে শুরু করলাম। প্রচণ্ড বাতাস বইছিল। বাতাসের বেগ এতই প্রবল ছিল যে বাতাসের ধাক্কায় সারিন একবার পড়ে যেতে গিয়ে কোনোভাবে রক্ষা পায়। এরপর আমরা একেবারে ওপর দিয়ে না হেঁটে একটু নিচে নেমে পর্বতারোহণের ভাষায় ট্রাভাস করে হাঁটছি বাতাসের ধাক্কা থেকে রক্ষা পেতে। একটা পর্যায়ে গিয়ে আমরা আর রাস্তা বা পদচিহ্ন পেলাম না। কারণ ওই জায়গাটায় ছিল শুধু পাথরের ছড়াছড়ি। এদিকে ঘড়িতে তিনটার মতো বেজে গেছে। আমাদের হিসাবে এতক্ষণে বেসক্যাম্পে পৌঁছে যাওয়ার কথা। তখন বুঝলাম, আমরা পর্বতে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছি। নিজেই নিজেকে সাহস দিলাম, আমাদের সঙ্গে যে দুজন আছেন তাঁরা যথেষ্ট অভিজ্ঞ। একটা না একটা পথ বের হবেই। তারপর সবার ব্যাগ নিরাপদ জায়গায় রেখে তিনজন তিন দিকে রাস্তা খুঁজতে লাগলাম। এভাবে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টার মতো খোঁজাখুঁজি চলল। প্রচণ্ড ঠান্ডা বাতাস, সারা দিন না খাওয়া, পানি শেষ হয়ে গেছে। কী করব তা আলোচনা করার জন্য তিনজন একত্র হলাম। হঠাৎ দেখলাম, অনেক দূরে কী যেন একটা নড়ছে! মনে একটু আশার সঞ্চার হলো। আস্তে আস্তে যখন দৃশ্যমান হলো, তখন দেখলাম আমাদের মালবাহকের সরদার যাঁর সঙ্গে সকালে দেখা হয়েছিল, তিনি হুমড়ে থেকে বাজার করে আবার বেসক্যাম্পে ফিরছেন। শান্তি পেলাম। তিনি দূরে আরেকটা পর্বতের ব্রিজে আর আমরা অন্য ব্রিজে দাঁড়িয়ে আছি। নেপালি ভাষায় সারিন তাঁর সঙ্গে কথা বলে জানল যে আমরা বেসক্যাম্প থেকে মাত্র আধা ঘণ্টার রাস্তার দূরত্বে আছি। ধড়ে প্রাণ ফিরে এল তাঁর কথা শুনে। এরপর তিনি বেসক্যাম্পে গিয়ে খবর দেওয়ার পর সেখান থেকে লোক এসে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে গেল। ক্যাম্পে পৌঁছে লেমন জুস আর চা খেয়ে শরীরটা একটু গরম করে নিলাম। কারণ ঠান্ডা বাতাস এবং সারা দিন না খেয়ে সবাই ক্লান্ত। সেখানে শেরপারা আমাদের সাদরে বরণ করে নিল। পুরো অন্নপূর্ণা অভিযানে মুসা ভাই সব সময় সবার শরীরের খবর রেখেছেন। আমরা সবাই সুস্থ ছিলাম এবং আবহাওয়াও আমাদের অনুকূলে ছিল। সবকিছু বিবেচনা করে শেরপাদের সঙ্গে সভা করে মুসা ভাই ১৩ তারিখ রাতেই চূড়ায় ওঠার সিদ্ধান্ত নিলেন। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী আমরা তিনজন এবং তিন শেরপা রাত দুইটার দিকে পর্বতের চূড়ার উদ্দেশে রওনা হলাম। অনেক পরিশ্রমের পর, অনেক বরফের চড়াই-উতরাই পেরিয়ে ১৪ জুন স্থানীয় সময় ১১টার দিকে আমরা আমাদের লক্ষ্যে (অন্নপূর্ণা-৪, ২৪ হাজার ৬৮২ ফুট) পৌঁছে বাংলাদেশের গর্বিত পতাকা ওড়াতে সক্ষম হই। আর এ কৃতিত্বের পেছনে পুরো অবদান আমি মুসা ভাইকে দেব। কারণ তাঁর ইতিবাচক মানসিকতা ও দৃঢ়তার দ্বারা সবকিছুকে হার মানিয়ে আমরা দুই বাংলাদেশি ও চার নেপালি অন্নপূর্ণা-৪ পর্বতের চূড়ায় আরোহণ করি।আজ খুবই ভালো লাগছে যে মুসা ভাই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়েছেন। এভারেস্টের চূড়ায় আমি উঠতে পারিনি, কিন্তু মুসা ভাইয়ের সাফল্য দেখে আজ মনে হচ্ছে, আমি নিজেই যেন এভারেস্টের চূড়ায় উঠে দাঁড়িয়েছি।