অন্নপূর্ণায় সন্তোষজনক ট্রেকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্ন নিয়ে’ পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশিমুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণঅন্নপূর্ণা-৪ পর্বতারোহণের দ্বিতীয় দিনের পুরো পথ মারসিয়াংদি নদীর পাশ ধরে চলে যাওয়া ট্রেইল ধরে। কখনো গাছের ছায়ায় ঢাকা আর পাখির কিচিরমিচিরে পূর্ণ ট্রেইল। কখনো তা পর্বতের গা বেয়ে এমনভাবে চলে গেছে যে ট্রেইল থেকে উঁকি দিলেই খাড়া নিচে নদীকে দেখা যায়। এ সময় বুকের ভেতর সৃষ্টি হয় ভয়ংকর এক শূন্যতা। আর ট্রেইলে ট্রেকারদের গা জুড়ানোর জন্য সব সময়ই রয়েছে হিম হিম বাতাস। সেই সঙ্গে পাইন গাছের বাহারি বন, রংবেরঙের ফুলের মুগ্ধতা তো রয়েছেই। এই ট্রেইলে আগেও এসেছি। কিন্তু বন্য প্রাণী দেখার আফসোস কখনোই মেটেনি। এবারও কোনো বন্য প্রাণী চোখে পড়ল না। শুধু ইয়েলো থ্রোটেড চাফ, স্নো পকেট, হিমালয়ান পিজিয়ন, হিমালয়ান ইগল ইত্যাদি পাখির দেখা মিলত ট্রেইলের প্রায় সব জায়গাতেই।দ্বিতীয় দিনের ট্রেকিংয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল জগৎ (উচ্চতা চার হাজার ৫৯২ ফুট) থেকে চামজে, তাল ও ধারাপানি পার হয়ে বাগারছাপ (উচ্চতা সাত হাজার ৮৫ ফুট)। জগতের হোটেল থেকে ট্রেইলে নামতেই সাড়ে সাতটা বেজে গেল। বেশ রৌদ্রকরোজ্জ্বল দিন। কিন্তু চামজের কাছাকাছি যেতে না যেতেই আকাশের মুখ ভার। এমনিতেই পুরো ট্রেইল মারসিয়াংদি নদী ধরে চলে গেছে, তার ওপর পুরোটাই উপত্যকার মতো—নদীর দুই ধারেই উঁচু পর্বতমালা। এই মারসিয়াংদি উপত্যকা ধরে ওপরে তাকালে যেটুকু আকাশ দেখা যায়, তার পুরোটাই এখন কালো মেঘে ছেয়ে গেছে। সবাই কোনোমতে চামজের পর নদী পার হলাম একটা লোহার ব্রিজে করে।সকাল প্রায় নয়টা বাজে। এ সময় দেখলাম পাহাড়ি লোকজন আগামী বর্ষা ও শীতের জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছে। আর এই অন্নপূর্ণা ট্রেইলের উঁচু জনবসতি এবং পর্যটকদের জন্য হোটেলের রসদ বহনের জন্য খচ্চরের বহর নেমে যাচ্ছে সিয়ানজের দিকে। এসব খচ্চরের গলায় ঝোলানো ঘণ্টার টুংটাং আওয়াজ পুরো ট্রেইল মাতিয়ে রাখছে। আওয়াজটা মিষ্টি, কিন্তু এসব জন্তুকে সামলে চলতে হয়। কারণ খচ্চরের পাল হঠাৎ করেই দিগ্বিদিক ছুটে পর্যটকদের ট্রেইল থেকে বাইরে ফেলে দিতে পারে। সুতরাং এদের সামনে পড়লে আগে থেকেই ট্রেইলের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নিয়ম।চামজে পার হয়ে প্রায় ঘণ্টাখানেকের পথ হেঁটেছি। এমন সময় প্রচণ্ড বেগে বৃষ্টি নামল। নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) সদস্য সারিন প্রকাশ প্রধান, তৌহিদ হোসেন ও আমি দ্রুত রেইনকোট বা পাঞ্চো বের করে শরীরের ওপর এমনভাবে চাপালাম, যাতে বৃষ্টি থেকে শরীর তো বাঁচেই, সেই সঙ্গে ব্যাগপ্যাকও রক্ষা পায়।তালের আগে একটা পর্বত পার হতে হয়। এর আগেরবার (২০০৭) এই পর্বত পার হয়ে সোজা নদীর ধার দিয়ে তাল চলে গিয়েছিলাম। কিন্তু এবার (২০০৯) বেশ বৃষ্টি হওয়ায় নদীর ধার দিয়ে যাওয়ার রাস্তা ডুবে গেছে। ফলে এই পর্বতের গা বেয়ে নতুন করে সৃষ্ট পথে ওপরের দিকে উঠে তালে পৌঁছাতে হবে। এই পর্বতে ওঠার আগেই বৃষ্টি থেমে গেল। কিন্তু গায়ে রেইনকোট চাপানোই থাকল—ফের যদি বৃষ্টি নামে। এ অবস্থায়ই বেলা সাড়ে ১০টার দিকে তালে পৌঁছে ১৫ মিনিটের বিশ্রাম। চা পান, বিস্কুট খাওয়া এবং পানি পানের পর ফের পথচলা।মারসিয়াংদি নদীর পাশেই পথ ধরে কিছুটা এগোনোর পর লোহার ব্রিজে করে ফের নদী পার হলাম। এবার পর্বতের গা বেয়ে ফের ওপরের দিকে উঠছি। এমন পর্যায়ে নেপালের সেনাবাহিনী অগ্রযাত্রা রোধ করে দাঁড়াল। ঘটনা কী? জানতে চাইলে তাঁরা বললেন, পর্বতের গায়ে রাস্তা বানানোর জন্য কিছুটা সামনেই এখন ডিনামাইটের বিস্ফোরণ ঘটানো হবে। এ থেকে যাতে কারও কোনো ক্ষতি না হয় বা কেউ যেন দুর্ঘটনায় না পড়ে, এ জন্যই ট্রেইলের সবাইকে থামাতে হচ্ছে। সেখানে কেটে গেল প্রায় ২০ মিনিট। একটা অনির্ধারিত বিশ্রাম। বেশ ভালোই লাগল।এরপর একটানা ট্রেক করে ধারাপানিতে গিয়ে দুপুরের খাবার খেলাম সবাই। ট্রেকিংয়ের ক্লান্তি দূর করতে পর্বতের ঝরনা বা মারসিয়াংদি নদী থেকে শক্তপোক্ত মোটা পাইপে করে টেনে আনা পানিতে হাত-মুখ ধুয়ে নিলাম সবাই। ঠান্ডা পানি শরীরে ঢালতেই শান্তিবোধ জোরালো হলো।সবার গতিই বেশ সন্তোষজনক। এভাবে হাঁটলে বাগারছাপ বিকেলের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। দুপুরের খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ব্যাগপ্যাক পিঠে নিয়ে ফের ট্রেকিং শুরু হলো। তিনজন মোটামুটি একই গতিতে এগোচ্ছি। কখনো রোদ, কখনো ছায়ার ভেতর দিয়ে হেঁটে বাগারছাপ পৌঁছালাম যখন, দিন শেষ হতে তখনো প্রায় ঘণ্টা দেড়েক বাকি আছে। আর বাগারছাপ গ্রামটির বাসিন্দারা পুরো লোকালয়কেই বেশ নোংরা করে রেখেছে, যা কিনা পর্বতে খুব একটা চোখে পড়ে না। ট্রেইলের পাশেই দেখলাম পথের বিভিন্ন গ্রামের দূরত্ব ও সময়ের হিসাব লেখা আছে একটা সাইনবোর্ডে। হিসাব করে দেখলাম বাগারছাপের পরের লোকালয় ডানাকিউ আর ৪৫ মিনিটের রাস্তা। সার্বিক পরিস্থিতি চিন্তা করে সবাই ডানাকিউতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। সে সময়ে শরীরে তখনো বেশ খানিকটা শক্তি সঞ্চিত রয়েছে। তা ভিত্তি করে সবাই চললাম ডানাকিউয়ে।আগেরবার ডানাকিউতেই রাত কাটিয়েছিলাম। সকাল থেকে সাড়ে ১০ ঘণ্টা হাঁটার পর সেই হোটেলেই পৌঁছে সবার আগে ঘামে ভেজা টি-শার্ট খুলে শুকনা টি-শার্ট পরলাম। এরপর চলল পানি, চা পান এবং রাতের খাবারের আয়োজন। আটটার মধ্যেই রাতের খাবার খেয়ে পরদিন ট্রেকিংয়ের শক্তি সঞ্চয়ের জন্য ঘুমিয়ে পড়লাম সবাই।পরদিনের (৫ জুন, ২০০৯) গন্তব্য চামজে (উচ্চতা আট হাজার ৬২৬ ফুট)। এই গ্রামে হাসপাতাল আর ব্যাংক তো রয়েছেই। আরও আছে ইন্টারনেট। পথও খুব বেশি নয়। প্রায় পাঁচ ঘণ্টা ট্রেকিং করেই চামজে পৌঁছা যায়। আমরা সবাই সকাল সাড়ে সাতটার দিকে রওনা দিয়ে তিনটি লোকালয় পার হয়ে চামজে পৌঁছালাম দুপুর সাড়ে ১২টার দিকে। এখানে দুপুরের খাবার খেয়েই দুই মিনিটের পথ হেঁটে চললাম সাইবার ক্যাফেতে—আমার কর্মস্থল দ্য ডেইলি স্টার-এ অভিযানের খবর পাঠাতে হবে।[email protected]বাকি অংশ আগামী পর্বে