এবারের সাউথ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের একটা বড় অংশ সাজানো হয়েছিল নারীনেত্রী ইলা মিত্রকে নিয়ে। নাচোলের রানি নামে পরিচিত এই নারী বাঙালি ও আদিবাসী সাঁওতালদের নিয়ে জমিদারদের শোষণ আর অত্যাচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। ইলা মিত্রের সেই সংগ্রামমুখর জীবনই গীতিনাট্যে তুলে ধরেছিল সাফ গেমস কর্তৃপক্ষ। এই উপলক্ষেই ঢাকা এসেছিলেন তাঁর পুত্র এবং পুত্রবধূ। শুনুন বিস্তারিত—মার অবস্থা ভালো না। জেলখানা থেকে সরিয়ে মাকে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কলকাতা থেকে সাত বছরের ছেলে আসছে মায়ের সঙ্গে দেখা করতে। সঙ্গে পিসতুতো দাদা। বোধ হওয়ার পর প্রথমবারের মতো ও দেখবে মাকে। সেই যে দশ মাস বয়সী ছেলেকে নিজের মায়ের কাছে দিয়ে আন্দোলনে গেলেন মা, তার পর থেকেই তো আত্মগোপন বা জেলের জীবন। ফলে ‘মা’ বলতে কী বোঝায়, তা জানা ছিল না ছেলের। ১৯৫৪ সালের কথা বলছি। গোয়ালন্দ পেরিয়ে নারায়ণগঞ্জে এসে পৌঁছালেন তাঁরা। কমিউনিস্ট পার্টি তখন বেআইনি। ডা. আহমদ রফিককে খবর পাঠানো হলো। মেডিকেল কলেজে পড়ছেন তখন তিনি। তাঁর মাধ্যমেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের কাছে পৌঁছানো।কী দেখল মোহন? রোগশয্যায় শীর্ণকায়া একজন মানুষ অপলকদৃষ্টিতে তাকিয়ে আছেন ওর দিকে। ইনিই ওর মা! কাছে ডাকলেন তিনি। কেঁপে উঠল মায়ের কণ্ঠ। শিশু মোহন বুঝতে পারে না, কেন এই নারীর চোখে এত জল। বুঝতে পারে না, ওকে জড়িয়ে ধরে কেন এই নারী কাঁদছেন। বুঝতে পারে না, কেন থরথর করে কাঁপছে তাঁর দুর্বল হাতদুটো! ‘মা’ শব্দটি শুনেছে ও আগে, কিন্তু ‘মা’ শব্দটির অর্থ জানা হয়নি কখনো।মোহন নিষ্পলক তাকিয়ে থাকে মায়ের দিকে। ও ভেবেছিল, মা আর বাঁচবেন না, এটাই শেষ দেখা। মা, মানে ইলা মিত্র কাঁদতেই থাকেন। বিপদ বুঝে চিকিত্সক আলম সাহেব বলেন, ছেলেকে সরিয়ে নাও।ফিরে যাচ্ছে মোহন, আর ঠিক তখনই ওর বুকের ভেতর কে যেন কথা কয়ে ওঠে। ওর চোখে গড়াতে থাকে অবিশ্রান্ত জল। গলার ভেতর কিসের এক দলাপাকানো পিণ্ড এসে নিঃশ্বাস বন্ধ করে দিতে চায়। মোহন ওর সমস্ত সত্তা দিয়ে বুঝে নেয়, ‘মা’ শব্দটি আসলে ছোট্ট এক অক্ষরের একটি শব্দ নয়, গোটা পৃথিবীর চেয়েও বড় তা। বিমূর্ত ‘মা’ শব্দটি সে সময় স্বপ্ন আর বাস্তবের মিলন ঘটিয়ে ওর বুকে তোলে অশান্ত সমুদ্রের ঢেউ।পরদিন মাকে ছেড়ে ছেলে ফিরে যায় কলকাতায়। ছোট্ট ছেলেটি যেন জীবনের এক অনুদ্ঘাটিত সত্যের সঙ্গে পরিচিত হয়।২. ১৯৪৮ সালে জন্ম নেওয়া সেই ছোট্ট ছেলেটি এখন অনেক বড় হয়েছে। কলকাতায় থাকে। মোহন নামেই সবাই তাঁকে ডাকে, কিন্তু পোশাকি নাম রণেন মিত্র। কিছুদিন আগে তিনি একটি ফোন পেলেন বাংলাদেশ থেকে। ফোন করেছেন আমিন আহম্মদ চৌধুরী (বীর বিক্রম)। বললেন, ঢাকায় আসতে হবে। এসএ গেমসে ইলা মিত্রকে নিয়ে একটি নৃত্য আলেখ্য প্রদর্শিত হবে। অতিথি হিসেবে আসতে হবে মোহনকে।মোহন চিন্তায় পড়ে যান। বাংলাদেশে তো কমিউনিস্ট সরকার নয়, কমিউনিস্ট নেত্রী ইলা মিত্রকে সম্মান জানাচ্ছে গণতন্ত্রী একটি সরকার! ঢাকায় নিকট-বন্ধুদের ফোন করলেন যাচাই করার জন্য। তাঁরা বললেন, চলে এস।এয়ারপোর্ট থেকেই সস্ত্রীক যে সম্মান পেলেন মোহন, তাতে মুগ্ধ হলেন। স্টেডিয়ামে যখন ইলা মিত্রকে নিয়ে নৃত্যনাট্যটি দেখানো হচ্ছিল, তখন গর্ব ও বেদনার মিলিত অনুভূতিতে মোহনের চোখে জল। মোহন বললেন, আমার মন ভরে গেছে।৩.‘দাদু ছিলেন প্রগতিশীল মানুষ।’ইলা মিত্রের বাবা নগেন্দ্রনাথ সেনের কথা বলছিলেন মোহন। তার একটি বড় উদাহরণ তো এটাই যে রক্ষণশীল বাঙালি পরিবারগুলোর মধ্যে বেড়ে উঠেও নিজের তেরো-চৌদ্দ বছর বয়সী মেয়েকে খেলাধুলায় পারদর্শী করে তুলেছেন। ১৯৩২-৩৩ সালে একটি বাঙালি মেয়ে ইংরেজ আর অ্যাংলো-ইন্ডিয়ান মেয়েদের সঙ্গে হাফ প্যান্ট পরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, এ কথা ভাবাও ছিল কষ্টকর। শুধু কি অ্যাথলেটিকস? একই সঙ্গে সাঁতার, ব্যাডমিন্টন, জিমন্যাস্টিকস, ভলিবলে পটুত্ব তাঁর। তারপর যখন ১০০ মিটার দৌড়ে সর্বভারতীয় চ্যাম্পিয়ন হলেন, তখন তো সুনাম ছড়িয়ে পড়ল গোটা ভারতবর্ষে। নির্বাচিত হলেন হেলসিংকিগামী অলিম্পিক দলে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের কারণে অলিম্পিকটাই বাতিল হয়ে গেল। কলকাতার মানুষ ইলা। জন্মেছেন ১৯২৫ সালের ১৮ অক্টোবর। পড়েছেন বেথুন স্কুল ও কলেজে। মোহনের বাবা রমেন মিত্রও পড়াশোনা করেছেন কলকাতায়, মামা বাড়িতে থেকে। অসাধারণ ছাত্র ছিলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরে জমিদারি তাঁদের। ‘আমার ঠাক্মার ভাইয়েরাও সবাই উচ্চশিক্ষিত ছিল। বাবা ছিলেন গোল্ড মেডালিস্ট। ছিলেন রোগা-পটকা। মাঝে মাঝে এমন হতো, মেডেল আর উপহারসামগ্রী বয়ে আনার জন্য লোক ঠিক করতে হতো।’ বলে হাসতে থাকেন মোহন।‘মা-বাবার বিয়ের ব্যাপারটাও দারুণ। গল্পটা বলি আপনাকে।’ বললেন মোহন। ‘অর্থনীতি আর গণিতে তুখোড় ছিলেন বাবা। মার্ক্সবাদে দীক্ষা ছিল তাঁর। পড়াশোনা আর আদর্শের কারণে জমিদারির বিষয়টির কোনো মূল্য থাকল না তাঁর কাছে। ১৯৪০ সালে জ্যোতি বসু, বাবাসহ অনেকেই কমিউনিস্ট পার্টির সদস্যপদ পেলেন। তখন চাঁপাইনবাবগঞ্জ ছিল মালদা জেলায়। বাবা সেখানকার কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। সে সময় দাদু পাত্র খুঁজছিলেন। রমেন মিত্রের খোঁজ পেয়ে এলেন রামচন্দ্রপুরে। কিন্তু পথে যাকেই বলেন রমেনের কথা, সেই বলে ওঠে, “বাবু তো বিয়ে করবে না, বাবু আমাদের লোক!” একসময় রমেন মিত্রের সঙ্গে দেখা হয় নগেন্দ্রনাথ সেনের। কলকাতায় ফিরে এসে তিনি সবাইকে বলেন, “আমি যেন এক জীবন্ত বিশ্বকোষ দেখে এলাম”!’ প্রগতিশীল দাদুর কথা আবার মনে করিয়ে দেন মোহন। ‘দাদু তখন বিশাল বড় চাকরি করেন। অবিভক্ত বাংলার ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল। চাইলেই তিনি নিজের মেয়ের জন্য ভালো চাকরি করা বড়লোক পাত্রের ব্যবস্থা করতে পারতেন। কিন্তু রমেনকে দেখেই বুঝেছিলেন এই ছেলের ভেতরে আছে আগুন। তাঁর মেয়ে এখানেই মানিয়ে নিতে পারবে। তাই কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক একজন সদস্যের সঙ্গে মেয়ের বিয়ে দিতে গিয়ে একটুও দোদুল্যমানতা এল না তাঁর মনে।’বিয়ের পর ইলা-রমেন এলেন চাঁপাইনবাবগঞ্জ। মোহনের ঠাক্মা মেমসাহেব রেখে ইংরেজি পড়েছিলেন, তাই এই খেলাধুলা জানা, কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত মেয়েটিকে মেনে নিতে কষ্ট হলো না তাঁর। এই এলাকার মেয়েরা তো বাড়ি থেকে বের হয় না। এখানে কী করে সংগঠনের কাজ করবেন ইলা? শুরুতেই বললেন, ‘একটা স্কুল করব বাচ্চাদের জন্য।’ এভাবেই ধীরে ধীরে বাড়ি থেকে বের হওয়া। কৃষকদের সঙ্গে যোগাযোগ হওয়া, সাঁওতালদের সঙ্গে একাত্ম হওয়া, তেভাগা আন্দোলনের সলতেয় আগুন জ্বেলে দেওয়া...এবং একসময় চারদিকের মানুষের কাছে ‘রানি মা’ হিসেবে পরিচিতি লাভ করা।চাঁপাইনবাবগঞ্জ এলাকায় সাম্প্রদায়িকতা তেমন ছিল না। ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার পর পাকিস্তানের ভাগে পড়ল চাঁপাই। এখানে পাকিস্তানের প্রথম পতাকা তোলার ভার পড়েছিল রমেন মিত্রের ওপর। ‘বাবা কখনো ভারতে যাবেন বলে ভাবেননি।’—বললেন মোহন। বাবাকেও মোহন প্রথম দেখেন সাত বছর বয়সে। আগেই শুনেছিলেন ভীষণ লম্বা, হাসিখুশি মানুষ তাঁর বাবা। আত্মগোপনে ‘রমজান’ নাম নিয়ে থাকতেন ঢাকাতেই। কলকাতায় বাবার দেখা যখন পেলেন মোহন, তখন বাবার সঙ্গে ছিলেন খোকা রায়, মণি সিংহ, নেপাল নাগেরা। বাবাকে দেখেই একবারে চিনে ফেলেছিলেন তিনি। ৪.তেভাগা আন্দোলন ছড়িয়ে পড়ে ১৯টি জেলায়। এর মধ্যে রাজশাহীর নাচোলে এই আন্দোলনের ভার পান ইলা মিত্র। তেভাগা আন্দোলনটা আসলে কী ছিল, সেটাও জানা দরকার। বরেন্দ্র এলাকায় বিশ আড়ি (কাঠা বা ধামা) দান কাটা ও মাড়ানোর জন্য যে কৃষক বা মজুর চাষাবাদ করতেন, তাঁরা পেতেন তিন আড়ি ধান। বাকিটা পেতেন মালিকেরা। ওই ধানের পরিমাণ বাড়িয়ে সাত আড়ি করা এবং ফসলের তেভাগা প্রতিষ্ঠার দাবিতেই গড়ে উঠেছিল এ আন্দোলন। নাচোল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল জনে জনে। তবে শেষ পর্যন্ত আন্দোলন সফল হয়নি। কৃষকদের সঙ্গে সংঘর্ষে দারোগাসহ চারজন পুলিশ নিহত হলে পাকিস্তানি শাসকেরা আদিবাসীদের ওপর প্রচণ্ড নিপীড়ন চালাতে থাকে, তাতে নাচোলের প্রতিরোধ ভেঙে যায়। ইলা মিত্রসহ ৩১ জনকে আসামি করে তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়। ইলা মিত্রসহ ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে অমানুষিক নির্যাতন চালানো হয় ইলা মিত্রের ওপর। ১৯৫৪ সালে মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে রাখা হয়। মোহন বলেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানী তখন ইলা মিত্রের মুক্তির দাবিতে সোচ্চার হন। বলেন, ইলা আমার মেয়ে। ওকে ছাড়া না হলে আমি অনশন করব।’ ৫.১৯৫৪ সালেই যুক্তফ্রন্ট সরকার ক্ষমতাসীন হলে চিকিত্সার জন্য প্যারোলে মুক্তি পান ইলা মিত্র। মোহনের সৌভাগ্য, ইলা মিত্র সে যাত্রা বেঁচে যান। কলকাতা মেডিকেল কলেজে থাকেন তিনি। পাকিস্তানে তাঁর নামে ঝুলছে হত্যা মামলা, তাই ভারতের নাগরিকত্ব লাভের চেষ্টা করেন। কিন্তু সেটা খুব সহজ প্রক্রিয়া ছিল না। এ সময় বস্তিতে থাকতে হয় কয়েক বছর। এরপর জওহর লাল নেহরু, বিধান রায়ের চেষ্টায় ভারতের নাগরিকত্ব পান তিনি। অধ্যাপনা করেছেন, ১৯৬২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত চারবার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হয়েছেন। তিনি মারা গেছেন ২০০২ সালের ১৩ অক্টোবর। ৬.রমেন মিত্র ও ইলা মিত্রের ছায়া পড়েছিল পুত্র মোহনের মাঝেও। ১৭ বছর বয়সেই তিনি পেয়েছিলেন কমিউনিস্ট পার্টির সদস্যপদ। ওর বাবা-মা দুজনেই এই পাওয়াকে জীবনের সবচেয়ে বড় পুরস্কার বলে মনে করতেন।রণেন মিত্র বা মোহনকে জিজ্ঞেস করি, সাম্যবাদী নেতারা কেন আকর্ষণ করত আপনাকে? আপনাদের সময় সাম্যবাদের যে জোয়ার ছিল, সেটা তো এখন আর নেই। কী ঘটেছে, বলুন তো!মোহন সময় নেন একটু। তারপর বলেন, ‘তখন সাদাসিধে পোশাকের বড় বড় পণ্ডিত মানুষকে দেখতাম। বুঝতাম, এরা গরিবের পক্ষে লড়াই করছে। আমার বাবাও চাইলে জমিদারির আয়ে চলতে পারতেন। কিন্তু তিনি গরিবের কল্যাণ করবেন বলেই প্রথমেই নিজের জমিদারি ছেড়ে দিয়েছেন। তিনি যে রকম মেধাবী গণিতজ্ঞ এবং অর্থনীতিবিদ ছিলেন, তাতে জীবনে বিত্তের অভাব হতো না তাঁর। কিন্তু মানুষের জন্য কিছু করবেন বলেই এই পথে এসেছিলেন।’একদম শেষে বললেন মোক্ষম এক বাক্য, ‘পার্টিতে তখন আসত মানুষ কিছু দেওয়ার জন্য, এখন কি কিছু পাওয়ার আশায় আসে?’প্রশ্নটা বাতাসে ভেসে বেড়ায়। মোহনের চোখে আমরা ইলা মিত্র ও রমেন মিত্রকে দেখি। বুঝতে পারি, কিছু দেওয়ার আকাঙ্ক্ষা মানুষকে করে তোলে মহীয়ান। যেমন—ইলা মিত্র চলে যাওয়ার পরও নাচোলে ‘রানিমা’ হিসেবেই থেকে যান, তাকে নিয়ে গান লেখা হয়, লেখা হয় কবিতা। তাঁর মৃত্যুর এত বছর পরও তাঁকে তুলে ধরা হয় এসএ গেমসে।