
ছাদ থেকে মেঝে পর্যন্ত ছাপচিত্রে আঁকা পাহাড়ের মানুষ, ঝুড়ি, বাঁশি, পানির পাত্রসহ তাদের ব্যবহৃত নানা জিনিস। সবই যেন পড়ে যাচ্ছে নিচে, যেখানে গুগল ম্যাপের অনুকরণে অাঁকা আছে কর্ণফুলী। কর্ণফুলীর জলের রং গাঢ় লাল। জয়তু চাকমার এই স্থাপনাকর্ম দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। একটা বিপন্নতা যেন গ্রাস করে। কাপ্তাই বাঁধের প্রতিক্রিয়ায় যে পরিবেশ ও মানব বিপর্যয় গত পাঁচ দশক আগে রচিত হয়েছিল তারই উন্মোচন ঘটালেন তিনি।
আলিয়ঁস ফ্রঁসেজে ১৫ ডিসেম্বর ‘নিজের মহাবিশ্ব তৈরি করে দুনিয়াকে দেখাও’ শিরোনামে দশজন নবীন শিল্পীর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীতে স্থান পেয়েছিল জয়তু চাকমার ‘আমরা উড়ে যেতে চাই’ শিরোনামের শিল্পকর্মটি। ফরাসি শিল্পী এরওয়ান পেরোঁ এই প্রদর্শনীর কিউরেটর হিসেবে কাজ করেছেন। এরওয়ান নিজেও তরুণ। তিনিসহ প্রায় প্রত্যেক শিল্পীর শিল্পকর্মের মূল উপজীব্য ছিল পরিবেশ, চার পাশের মানুষ ও মানুষের স্বপ্ন–বাস্তবতা।
প্রদর্শনীর আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ। উদ্বোধন করেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার। অতিথি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার ।
প্রদর্শনীতে ঢোকার সময় দেখা গেল কাঠের তৈরি একটি ফ্রেম, এর পেছনে একটি কাঠের সিঁড়ি, সিঁড়ির ছায়ার সঙ্গে মিলিয়ে হলুদ ও কমলা রঙের ক্যানভাসে নেতিবাচক কম্পোজিশনে আঁকা ফ্রেম ও সিঁড়ি যেন প্রতিবিম্বের সৃষ্টি করেছে।‘ব্রোকেন ড্রিম ১১’ শিরোনামের এই স্থাপনা শিল্প গড়েছেন শিল্পী এস এম রিয়াদ। নাগরিক জীবন যেভাবে একটি ফ্রেমের মধ্যে বন্দী হয়ে পড়েছে এ যেন তারই দৃশ্যায়ন।
এ দেশে রেসিডেন্সি প্রোগ্রামে আসা শিল্পী এরোয়ান পেরোঁ চট্টগ্রামের প্রকৃতিকে তুলে ধরেছেন মিশ্র মাধ্যমের কাজ ‘দ্য ইউক উইল বি দ্যা ফার্স্ট’ এ। এ দেশের ওপর বৈশ্বিক উষ্ণতার প্রভাবটাও তাঁর ভাবনায় ছিল। প্লাস্টার অব প্যারিসে জল রং দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন সাগর ও পাহাড়। তবে সব ছাপিয়ে যেন সাগরের ফণা তোলা ঢেউ শেষ পর্যন্ত প্রধান হয়ে উঠেছে।
দুটি দ্বিমাত্রিক অবয়বের দুটি মানবদেহ লাল সুতা দিয়ে সংযোগ ঘটানো হয়েছে, সেই সুতার মাঝখানে একটি ছুরি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নিচে তারের জালের পটভূমিতে লাল প্লাইউডের ওপর দুটি গোলাপি রঙের মুখাবয়ব ও মানবদেহ। এমন নিরীক্ষাধর্মী শিল্প রচনা করেছেন চারুকলার নবীন শিক্ষার্থী মারুফ আদনান ‘অল অ্যাবাউট হিউম্যান’ শিরোনামে।
এ ছাড়া সুবেরাত আবেদিনের ‘লস্ট চাইল্ডহুড’ শিরোনামে, তানজিন চৌধুরীর ‘ড্রিম’, নিশাদ কামাল চৌধুরী করেছেন ‘ওয়ারশিপ ফর নেচার’, মোহাম্মদ এ এইচ লিটু করেছেন ‘মাই হোপ’ শিরোনামের পারফরম্যান্স আর্টও স্থান পেয়েছে প্রদর্শনীতে। তন্বী দাশ গুপ্তা করেছেন পারফরম্যান্স আর্ট ‘মাই ওয়ার্ল্ড আই লিভ ইন’, অপু ধর ও এরওয়ান পেরোঁর যৌথভাবে নির্মিত ‘মেল্টিং এক্সিসটেন্স’ শিরোনামের ভিডিও আর্ট দেখে মুগ্ধ দর্শক।