গলছে বরফ। তীর থেকে ১২ মাইল দূরে বরফের এক চাঁইয়ের ওপর আশ্রয় নিয়েছে মেরু ভালুক ও তার সন্তান। চারদিকে অথই পানি। এ মুহূর্তে কী করা যায়? বৈশ্বিক উষ্ণতার সঙ্গেই বা এ বিপদের সম্পর্কটা কী। চলুন, জেনে নিই পুরো গল্পটা।অ্যান্টার্কটিকায় ভয়াবহ মরুঝড়ঝড়ের কবলে পড়ে দিগ্ভ্রান্ত অসংখ্য প্রাণী। সূর্যের অতিরিক্ত তাপে অতিষ্ঠ জীবন।সাহারায় তুষারপাতছোট শিশুরা খেলছে তুষার বল দিয়ে। কয়েক দিনের টানা তুষারপাতে বিপন্ন মানুষ। রুন পৃথিবীর বিখ্যাত একটি পত্রিকার খবর এ দুটি। অবাক হচ্ছেন? হওয়ারই কথা। সাহারা মরুভূমির বালুকণার দখল নিয়েছে তুষার। বরফের ওপর ছোটাছুটি করছে পেঙ্গুইনের দল। অপরদিকে অ্যান্টার্কটিকা উটদের স্বর্গরাজ্য। এ ধরনের কথাবার্তা পাগলের প্রলাপ ছাড়া আর কী-ই বা হতে পারে? সে যাক গে, আপাতত এ প্রসঙ্গ বাদ দিয়ে চলুন, শুনি অন্য এক গল্প। এক মেরু ভালুক ও তার ছানার জীবনে ঘনিয়ে আসা ভয়াবহ এক বিপদের গল্প।মেরু ভালুক ও তুলতুলে ছানাসাদা সাদা অজস্র তুষারকণায় ঢাকা এলাকাটি। আকাশ থেকে ঝরছে অবিরাম। এত সাদা একসঙ্গে দেখেও একঘেয়ে লাগে না। অদ্ভুত সুন্দর চারপাশটা। ঝাপসা চোখে তাকানো হয় দূরে। দেখা যায়, মস্ত এক ছাতা মেলে গুটি গুটি পায়ে হেঁটে আসছে কে যেন। ভুলটা ভাঙে কাছে আসতেই। তুষারের এই রাজ্যে হঠাত্ করেই আগমন হয় এক মেরু ভালুক ও তার তুলতুলে ছানাটির। প্রতিকূল আবহাওয়ায় তারা ঠাঁই নেয় বরফের এক চাঁইয়ের ওপর। তুষার থেকে তাদের আলাদা করে ঠাওর করা যায় না। মাকে জড়িয়ে ধরে আছে ছানাটি। চোখে তার ভয়। একটা সময় থেমে যায় তুষারপাত। আস্ত সূর্যটা আড়মোড়া ভেঙে জেগে ওঠে নীল আকাশে। তাপ বাড়ে। কিছু কিছু জায়গায় গলতে শুরু করে বরফ। বরফের চাঁইগুলো তীর থেকে আলাদা হয়ে ভেসে যায় পানির ওপর। মৃত্যু হিম, বরফশীতল পানি। এমনই একটা চাঁইয়ের ওপর আশ্রয় নিয়েছিল মা-ভালুক ও তার ছানা। অগোচরে ভাসতে ভাসতে তা চলে এসেছে পাড় থেকে ১২ মাইল দূরে। এখন ঝকমকে রোদ। আয়নার মতো স্বচ্ছ বরফের ওপর আছড়ে পড়ছে সোনা-রং আলো। ঘাবড়ে গেছে ছানাটি। চারপাশের অথই পানি তাকে ভীত করে। মাকে ছাড়তে রাজি নয় এ মুহূর্তে। তাই বাঁধন শিথিল না করে আরও শক্ত করে জড়িয়ে ধরে। একটু একটু করে ভাঙছে বরফ। ছানাটি ভয় পেয়ে নড়াচড়া করার কারণে আরও বেশি বরফ ভাঙে। অস্থির হয় মা। তার চোখেমুখে খেলা করে সন্তানের প্রাণ বাঁচানোর চিন্তা। এ অঞ্চলে বরফ গলে যাওয়ার মতো ঘটনা এখন খুবই স্বাভাবিক। এমন আকস্মিক বরফ গলে যাওয়ার কারণে ঘটে নানা বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, বরফ গলার হার যদি এই গতিতে বাড়তে থাকে, তবে অর্ধশতাব্দীর মধ্যে ৩ ভাগের ২ ভাগ মেরু ভালুক হ্রাস পাবে। এই সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মিচেল টেইলরের ভাষায়, ‘বাতাসের পরিবর্তিত প্রবাহের কারণেও গলছে প্রচুর পরিমাণ বরফ। এসবই বৈশ্বিক উষ্ণায়নের ফল। পরিবেশের এই দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না প্রাণিকুল। বাড়ছে তাদের অস্তিত্ব ধুয়ে-মুছে যাওয়ার আশঙ্কা। বিপন্ন সেই মেরু ভালুক ও নয় মাস বয়সী ছানাটির ছবি তুলেছেন আলোকচিত্রী এরিজ। দলবেঁধে নৌকা নিয়ে যাওয়ার পথে তাঁদের চোখে আটকে যায় এ দৃশ্য। তাই আর থেমে থাকেনি ক্যামেরার শাটার। টপাটপ একের পর এক ছবি তুলতে থাকেন তিনি। এরিক বলছিলেন, ‘বোট নিয়ে কাছে গিয়ে দেখি, বরফের ওপর বসে আছে মা ও ছানা। যেকোনো সময় গলে যাবে বরফ। দুজনকেই খুব ভীত দেখাচ্ছিল।’ মেরু ভালুকেরা সাঁতারু হিসেবে ভালো। তবে তীর থেকে এই লম্বা দূরত্ব পাড়ি দেওয়া সম্ভব কি না, এটাই ভেবে পাচ্ছিলেন না এরিক। এই বিপদ থেকে বাঁচার নেই আর কোনো পথ। এরিকের অস্থিরতা দেখে আশ্বস্ত করেন বিবিসির প্রাণিবিশেষজ্ঞ ক্রিস প্যাক হাম। তাঁর বিশ্বাস, এ বিপদ কেটে যাবে। মেরু ভালুকের জন্য ১২ মাইল সাঁতরানো খুব একটা কঠিন কিছু নয়। একটি প্রাপ্তবয়স্ক ভালুক টানা সাঁতরাতে পারে ৫০ মাইল। প্রতি ঘণ্টায় তার গতি হবে পাঁচ থেকে ছয় মাইল। তবে ভয় তাপমাত্রা নিয়ে। যদি তারা খুব দ্রুত সাঁতরায়, তবে হাইপারথারমিয়ার কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে মৃত্যু হতে পারে। অস্থিরচিত্তের ভালুক ছানাটিও ঠিকমতো সাঁতরে যেতে পারবে কি না, এ নিয়েও সন্দেহ আছে। তবুও দুঃখজনক পরিণতি কারও কাম্য নয়। ভেবে নেওয়া হলো, এ বিপদের ঘটেছে এক সুখকর পরিণতি। মেরু ভালুক তার সন্তানকে নিয়ে উঠেছে তীরে। সব ভয় ভুলে গিয়ে ছানাটি মেতে উঠেছে দুষ্টুমিতে। মায়ের শরীরে গা-ঘেঁষে, মায়ের মুখে তুষারকণা ছুড়ে বিরক্ত করে পাচ্ছে আনন্দ। ভাবুন, কী সুন্দর দৃশ্য! গত ২৫ বছরে পৃথিবীতে বরফ গলে যাওয়ার পরিমাণ দেখে আতঙ্কিত হতে হয়। এর হার বাড়ছে ধীরে ধীরে। অচিরেই বড় কোনো বিপদের সম্মুখীন হব আমরা। আজ নাহয় বেঁচে গেল মেরু ভালুকটি কিন্তু প্রকৃতি তাকে বারবার কি এ সুযোগ দেবে। মানুষের ভুলের কারণেই মৃত্যু ঘটবে তাদের। একসময় বিলীন হয়ে যাবে পৃথিবীর সুন্দর দৃশ্যগুলো। লেখার শুরুর আজগুবি শিরোনাম দুটিই সত্যি হয়ে উঠবে। ওয়েবসাইট অবলম্বনেকিঙ্কর আহ্সান