অন্য এক বাগদাদের গল্প
‘সময় কাটানোর মতো এত সুন্দর জায়গা এ দেশে আর দ্বিতীয়টি নেই। লোকজন শুধু টাকা-পয়সার টানে এখানে বাজি ধরতে আসে, মোটেও তা নয়। ঘোড়দৌড় দেখার নির্মল আনন্দ উপভোগ করাও তাদের আসার একটা বড় কারণ। জায়গাটা সৌভ্রাত্রের এক দারুণ নিদর্শন। আমরা আমাদের ভিন্ন ভিন্ন গোষ্ঠীগত পরিচয় গেটের বাইরে রেখে আসি। সবাই ঘোড়াপ্রেমিক। এখানে এটাই আমাদের একমাত্র পরিচয়।’যে জায়গাটির কথা বলা হচ্ছে তা আরব বিশ্বের এক রেসকোর্সের কথা। তবে দুবাই বা কুয়েত সিটি নয়, ঘটনাস্থল হিংসায় প্রতিনিয়ত রক্তাক্ত বাগদাদ! আর কথাটি এক রেসপ্রেমী ইরাকি তরুণের। একদা সমৃদ্ধ ও প্রাণচঞ্চল ইরাকের রাজধানীর এক প্রায় শতাব্দীপ্রাচীন ঘোড়দৌড় ক্লাবের নিয়মিত দর্শক।আত্মঘাতী বোমা হামলা যেখানে প্রায় নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে, সেই ইরাকে এমন দৃশ্য কল্পনা করাও কঠিন। কিন্তু ঘটনা হচ্ছে, মার্কিন বাহিনী ২০০৩ সালে ইরাক আক্রমণ করার পর বাগদাদে রেস বন্ধ ছিল মাত্র তিন মাস। মার্কিন সেনাদের মাঠে ঘাঁটি গেড়ে বসা ও সহিংসতার কারণে সাময়িক সমস্যা হলেও রেস একেবারে বন্ধ হয়ে যায়নি।১৯২০ সালে ব্রিটিশরা ‘বাগদাদ ইকুয়েস্ট্রিয়ান ক্লাব’ গড়ে তোলে। তখন থেকে ধীরে ধীরে ঘোড়দৌড় ইরাকিদের বিনোদনের একটা বড় অনুষঙ্গে পরিণত হয়।রাজধানীর পশ্চিমের এক শহরতলির ওই রেসকোর্সে সপ্তাহে দুই দিন—শনি ও মঙ্গলবার ঘোড়ার রেস হয়। ক্লাবের প্রধান পশুচিকিৎসক ও ‘ইরাকি হর্স অর্গানাইজেশন’-এর রেজিস্ট্রার মুহাম্মাদ মাহমুদ নাজিম টানা ৩০ বছর রেসের সঙ্গে জড়িত। তিনি জানান, যুদ্ধের সময় রেসিং ক্লাবের বড় ধরনের ক্ষতি হয়েছে। নাজিম বলেন, মার্কিন বাহিনী তাঁদের রেসকোর্সে শিবির পাতে। তারা ঘোড়ার রেসট্র্যাকে ট্যাংক দাঁড় করিয়ে রাখত। ওই সময় অনেক ঘোড়া খেতে না পেয়ে মারা গেছে। অনেক ঘোড়ার মালিক ও জকি দেশ ছেড়ে পালিয়ে যান। তবে এখন আস্তে আস্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।ঘোড়ার মালিকেরা চাঁদা দিয়ে ক্ষতিগ্রস্ত রেসের মাঠকে আবার কোনো রকমে ঠিকঠাক করেছেন। তবে রেসকোর্সের দুরবস্থায় বাজিকর ও সাধারণ দর্শকদের উৎসাহে ভাটা পড়েনি। তাঁরা ঠিকই নিয়ম করে জড়ো হচ্ছেন রেসকোর্সে। বাজি ধরে আরেকজনকে ফতুর করে অথবা নিজে ফতুর হয়ে রেসের আনন্দ আকণ্ঠ উপভোগ করছেন তাঁরা। শতেক অভাব-অভিযোগ ভুলে থাকতেই ঘোড়দৌড়ের মাঠে জড়ো হন বাগদাদের অনেকে।তবে মোটের ওপর এখন ঘোড়ার মালিকদের দিন ভালো যাচ্ছে না। পয়সা যা আসে তার বেশির ভাগই কর্মচারীদের বেতন দিতে গিয়ে শেষ হয়ে যায়। আরব আমিরাতের দুবাই ও আশপাশের অন্যান্য দেশের ঘোড়দৌড়ের জাঁকজমকের কাছে ইরাকের আয়োজন নেহাতই সাদামাটা। বিত্তের সঙ্গে প্রতিযোগিতায় হেরে যাচ্ছে ঐতিহ্যের অহংকার। তবে হাল ছেড়ে দিতে রাজি নন ইরাকিরা। রেসপ্রেমিক জামাল রশিদ বললেন, তাঁরা আশা করছেন বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করে বাগদাদের রেসকোর্সটিকে আন্তর্জাতিক মানের করে তুলবে।