অন্য চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো পশু চিকিৎসার স্কুল খোলা হয়েছিল ফ্রান্সে, ১৭৬১ সালে। পশু চিকিৎসাবিজ্ঞানের ২৫০ বছর পূর্ণ হচ্ছে এ বছর। বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পশু চিকিৎসা বর্ষ ২০১১। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগও এগিয়ে এল এই বর্ষের নানা আয়োজনে।‘মানুষ, প্রাণী কিংবা উদ্ভিদ, বেঁচে থাকার অধিকার প্রত্যেক জীবেরই। অন্যদিকে, মানুষের সঙ্গে পশুর সম্পর্কটা অঙ্গাঙ্গিক। এরা আমাদের ১০ শতাংশ প্রোটিনের চাহিদা পূরণ করে। পশুর রোগব্যাধির সঙ্গে আমাদের রোগবালাইয়েরও সম্পর্ক রয়েছে। তাই নিজেদের প্রয়োজনেই পশু চিকিৎসাবিষয়ক বিজ্ঞানচর্চা জরুরি।’ বলছিলেন এই বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থী সবুর আলী।২০০৩-০৪ শিক্ষাবর্ষে ১৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগ। বর্তমানে এই বিভাগে প্রতি সেমিস্টারে ৩৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। পশু চিকিৎসায় নারীদের এগিয়ে আসা সম্পর্কে দর্কা সেন বলেন, ‘নারীরাও পশু চিকিৎসাবিদ্যায় ভালো করছেন। আমাদের বিভাগে ছেলে ও মেয়ের অনুপাত প্রায় সমান।’ সেঁজুতি শারমিন বললেন, শুধু বিজ্ঞানচর্চাই নয়, পেশা হিসেবে পশু চিকিৎসাবিদ্যার কদরও বাড়ছে দিন দিন।আঠারো শতকের মধ্য ভাগে চিকিৎসাবিদ্যায় নতুন এক বিপ্লব এনে দিলেন ফ্রান্সের বিজ্ঞানী ক্লদ বুরগেলা। তিনি দেখালেন, পশুর রোগবালাইয়ের সঙ্গে মানুষের রোগব্যাধির একটা যোগসূত্র রয়েছে। তার মানে, পশুর রোগমুক্তির পথ জানলে মিলতে পারে মানুষের আরোগ্যের উপায়। তাই উম্মে কুলসুম মনে করেন, নিজেদের স্বার্থেই মানুষের চিকিৎসার পাশাপাশি পশু চিকিৎসার গুরুত্বও অনস্বীকার্য। গ্রামের ৪৭ শতাংশ মানুষের বেঁচে থাকার অবলম্বন গরু, ছাগল, মুরগি প্রভৃতি পশু। ফেরদৌস ও জাফর বললেন, ‘খাবারের কোনো মেন্যু মেনে চললে গাভি আরও বেশি দুধ দেবে কিংবা কী ব্যবস্থা নিলে পশুর থেকে ভাইরাস মানুষে ছড়াবে না প্রভৃতি নিয়েই আমাদের পাঠ।’ তাহেরা ও বাবু বললেন, ‘সেবা আর সুচিকিৎসায় দেশের পশুসম্পদ রক্ষা এবং আরও সমৃদ্ধ করে দেশকে অর্থনীতিতে এগিয়ে নেওয়াই আমাদের স্বপ্ন।’বিভাগের চেয়ারপারসন জালাল উদ্দিন সরদার বলেন, ‘ভেটেরিনারি বিদ্যায় আমাদের ছেলেমেয়েরা বেশ ভালো করছে। ওরা রাজশাহী শহরকে অ্যানথ্রাক্সমুক্ত করতে সিটি করপোরেশন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে একযোগে মাঠপর্যায়ে কাজ করেছে। বিশ্ব পশু চিকিৎসা বর্ষ উদ্যাপন উপলক্ষে আমরা নানা শিক্ষামূলক কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। পশু চিকিৎসায় দক্ষ ও যোগ্য ভেটেরিনারিয়ান গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’