অন্য ছবিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের সৃষ্ট ভাই-বেরাদরের মধ্যমণি হয়ে সটান দাঁড়িয়ে মোস্তফা সরয়ার ফারুকী। চ্যানেল ওয়ানে পয়লাবারের মতো ছবিয়াল সন্ধ্যা হবে। বেশ কদিন আগে থেকেই জোরেশারে প্রচার-প্রচারণা চলছে। ঘুরেফিরে যতবার বিজ্ঞাপনটা আসে, ভাই-বেরাদরসমেত মোস্তফা সরয়ার ফারুকীর ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকা উঠতি নির্মাতা দলকে মনে হয় জগতের সবচেয়ে সৌভাগ্যবান। এমন কাঁচা বয়সে রীতিমতো নাট্যনির্মাতা বনে যাওয়ার কপাল কজনের হয়! ঈর্ষার আগুনে ঘৃতাহুতি হলো আরও কদিন পর। মোটামুটি তরুণ-বয়সীদের মধ্যে আবিষ্কার করি প্রায় কিশোর-বয়সী দেখতে একজনকে। এই ‘পিচ্চি’ বানাবে নাটক! দেখে তো মনে হয়, স্যারের কানমলা খাওয়ার ভয়ে স্কুল পালিয়ে সদ্য এসে ভিড়েছে ভাই-বেরাদরদের দলে। এমন ছেলে-ছোকরাদের হাতে নাট্য নির্মাণের মতো একটি সুমহান দায়িত্ব তুলে দেওয়ার জন্য স্বয়ং মোস্তফা সরয়ার ফারুকীর ওপরই রাগ হয় খুব। সেই রাগ নিয়েই বছর পাঁচেক আগের কোনো এক সন্ধ্যায় দেখতে বসি—দুই খণ্ডের নাটক তালা। জানতে পারি, ভাই-বেরাদরদের দলের কনিষ্ঠতম সদস্য এই নবীন নির্মাতার নাম রেদওয়ান রনি।দৃশ্যায়নে আহামরি জৌলুশ নেই। তালাকে তাই খুব সহজে হাজারো নাটকের মধ্যখান থেকে চট করে আলাদা করা শক্ত। দৃশ্যায়নের সৌন্দর্যকে পাশ কাটিয়ে তালা দর্শকদের মন আর মগজকে তৃপ্ত করে ভিন্ন এক কৌশলে। তালা একজন বিপথগামী শহুরে তালা-চাবিওয়ালার গল্প। স্বামী-স্ত্রী দুজনই কাজেকর্মে দিনমান বাইরে থাকে। আর এ সুযোগটাই কাজে লাগায় চাবিওয়ালা। চোখের পলকে তালা খুলে ঢুকে পড়ে তাদের ঘরে। হতদরিদ্র চাবিওয়ালা যতক্ষণ ওই বাসায় থাকে নিজেকেই ভাবে ঘরের ‘মালিক’। কিংবা তার চোখে ক্ষমতাবান আর সমাজের ওপরতলার একজন, যে হুকুম করতে পারে, যার আরাম-আয়েশ আর উপভোগের উপাদান আছে যথেষ্ট। নাটকের শেষ অংশে আমরা দেখি—খুব স্বাভাবিক নিয়মে পাশের বাসার তরুণদের হাতে ধৃত হয়েছে অতি চালাক চাবিওয়ালা। গণধোলাইয়ে চাবিওয়ালার মৃত্যু নাটকের শেষ দৃশ্য হলে খুব চিরচেনা সাদামাটা একটা সমাপ্তি হতে পারত। কিন্তু এর বদলে নবীন নির্মাতা শেষের টাইটেল প্রদর্শনের জন্য বেছে নেন অন্য কিছু। সেদিনই যে চাবিওয়ালার বিয়ের দিন! চাবিওয়ালার গায়ে বৃষ্টির মতো কিল-ঘুষি পড়ছে। এদিকে বধূর সাজে সাজছে তার পাড়াতো প্রেমিকা। বিয়ের সাজ চলতেই চলতেই যবনিকা নামে নাটকের।হ্যাঁ, তালা বেশ উপাদেয় হয়েছিল বটে! বারবার দেখা হয়েছে রনির প্রথম নির্মাণ উড়োজাহাজ। কিন্তু রনির নিজেকে প্রমাণ করার আরও বাকি ছিল। টি-টোয়েন্টি নয়। প্রাণের বন্ধু ফাহমিকে নিয়ে তিনি নামলেন এবার পুরোদস্তুর টেস্ট ম্যাচে। মানে, এনটিভির জন্য মেগা ধারাবাহিক হাউসফুল তৈরির সংগ্রামে। এক পর্বের নাটকে সাফল্য আর পাক্কা ১০০ পর্বের নাটক। দুটোর মধ্যে বিস্তর ব্যবধান। অনেক প্রতিভাধর নির্মাতাকে দেখেছি—তাদের এক পর্বের নাটকগুলো অসাধারণ। কিন্তু দীর্ঘ সময় দর্শক-আগ্রহ জিইয়ে রাখা আর কোনো বিশেষ চরিত্রকে তুমুল জনপ্রিয় করে তোলার জায়গায় এসে কোথায় যেন গোলমাল বেধে যায়। রনি আর ফাহমির বেলায় এই অঘটন ঘটল না। পুরো ১০৪ পর্বের হাউসফুল শুরু থেকে শেষ অবধি সমান মাতিয়ে রাখল দর্শকদের। জন্ম হলো সিদ্দিকের (সিদ্দিকুর রহমান) মতো সদাহাস্যময় মজার বেশ কয়েকটি চরিত্র। হাউসফুল-এর পর বিহাইন্ড দ্য সিন। ঈদের সব এক পর্বের নাটকের ভিড়ে টানা পাঁচ দিনে প্রচারিত হলো বিহাইন্ড দ্য সিন। সেখানেও যথারীতি বাজিমাত।রনির নাটকের অন্যতম সম্পদ সপ্রতিভ সংলাপ এবং সিকুয়েন্সকে ১০০ ভাগ বাস্তবসম্মত আর দরকারমতো রসঘন করে তোলার ক্ষমতা। সঙ্গে অভিনব গল্পভাবনার বাহাদুরি, সেটা তো আছেই।হাউসফুল, বিহাইন্ড দ্য সিন কিংবা চলমান এফএনএফ-এর নাম উল্লেখ রেদওয়ান রনির একটিমাত্র দিকের ওপর আলো ফেলতে পারে। কিন্তু জনপ্রিয়তার বাইরে তাঁর অন্য রূপের সন্ধান দেবে কোড নেম আলফা, গুরু মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে মিলে তৈরি করা এমন দেশটি কোথাও খুঁজে পাব নাকো তুমি এবং জননী সাহসিনী ১৯৭১।বুকের ধন কোলের সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছে পাকিস্তানি হানাদারদের দল। সন্তানের জীবনভিক্ষা পেতে শুরু হয় তরুণী-মায়ের অভাবনীয় সংগ্রাম। রনি নিজে মুক্তিযুদ্ধ দেখেননি। কিন্তু জননী সাহসিনী ১৯৭১ নাটকে তিনি নিপীড়িত মায়ের সংগ্রাম আর সাহসিকতার গল্প ফুটিয়ে তুলেছেন দারুণ মমতায়।ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কেবল দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই প্রথম টিভি-নাটক নির্মাণ তার মাথা ঘুরিয়ে দিতে পারত। কিন্তু রনি লেখাপড়াও চালিয়ে গেছেন সমানতালে। ভালোভাবেই শেষ করেছেন কম্পিউটার বিজ্ঞানে স্নাতক পর্যায়ের পড়ালেখা।বছর ছয়েক আগে, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের দুই কৃতী ছাত্র রানা আর রনি একযোগে পা রেখেছিলেন শহর ঢাকায়। রানার স্বপ্ন ছিল খ্যাতিমান অভিনেতা হওয়ার। আর রনির—নির্মাতা। স্বপ্ন ছোঁয়ার আগেই আকস্মিক এক দুর্ঘটনায় রানা চলে গেছেন অচিন ভুবনে। রানার অভাবনীয় মৃত্যু মাস কয়েকের জন্য রনিকে নিয়ে গিয়েছিল অদ্ভুত এক ঘোরের মধ্যে। মৃত রানার সঙ্গে আপন মনে তিনি কথা বলতেন ঘণ্টার পর ঘণ্টা। রনির প্রতিটি নাটকে উৎসর্গের জায়গায় লেখা থাকে প্রয়াত বন্ধু রানার নাম। এখনো হয়তো কোনো এক রাতে আচমকা ঘুম ভেঙে গেলে রনি সেই আগের মতো প্রিয় বন্ধুর সঙ্গে চুপি চুপি কথা কন। রনি যখন বলেন—লাইট, ক্যামেরা, অ্যাকশন। প্রয়াত রানা এসে চুপিসারে হাত রাখেন প্রিয় বন্ধুর কাঁধে।