অন্য দিগন্ত

নতুন রূপে নাসিরুদ্দিন হোজ্জা
মোল্লা নাসিরুদ্দিন বা নাসিরুদ্দিন হোজ্জার গল্প শোনেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। নাসিরুদ্দিনের চিরন্তন লোককাহিনিগুলোকে নিয়ে ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ইরানের অ্যানিমেশন চিত্রনির্মাতারা। ‘দি অ্যাডভেঞ্চারস অব মোল্লা নাসিরুদ্দিন’ শিরোনামের ২১ পর্বের অ্যানিমেশন সিরিজটি পরিচালনা করছেন জামাল রহমতি।
সূত্র: স্ক্রিন ইন্টারন্যাশনাল
‘দ্য প্রিন্স’-এর ৫০০

নিকোলো মাকিয়াভেল্লি (১৪৬৯-১৫২৭) ছিলেন তৎকালীন ইতালির রাজকর্মচারী। ফ্লোরেন্স ছিল তাঁর কর্মক্ষেত্র। বন্ধু ও সাবেক সহকর্মী ফ্রাঞ্চেসকো ভেট্টোরিকে নির্বাসন থেকে লেখা যে পত্রখানির জন্য তিনি প্রাতঃস্মরণীয় হয়ে আছেন, সেই রচনাকর্মের নাম ‘ইল প্রিঞ্চিপে’ বা ‘দ্য প্রিন্স’। রাষ্ট্রবিজ্ঞানের অবশ্যপাঠ্য রচনাটি ৫০০ বছর আগে লেখা হয়েছিল। এ বছর এর ৫০০তম বার্ষিকী। সূত্র: কোররিয়ের দেল্লা সেরা

সারায়েভো চলচ্চিত্র উৎসব
১৬ আগস্ট শুরু হয়েছে ১৯তম সারায়েভো চলচ্চিত্র উৎসব। বসনিয়া-হার্জেগোভিনার পরিচালক ডানিস তানোভিচের অ্যান এপিসোড ইন দ্য লাইফ অব অ্যান আয়রন পিকার ছবিটি প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা উঠেছে এ উৎসবের। ২০০১ সালে তানোভিচের নো ম্যানস ল্যান্ড বিদেশি ছবি বিভাগে অস্কার জিতেছিল।
সূত্র: স্ক্রিন ইন্টারন্যাশনাল