অন্য ধরনের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে—বাংলা ও গণিত। আলাদা কোনো উত্তরপত্র নেই। উত্তর লিখতে হবে প্রশ্নপত্রেই। প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষার সময় এক ঘণ্টা করে। পরীক্ষার প্রশ্নপত্র ও ফলাফল তৈরির দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের।তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পরীক্ষা এটি। গত সোমবার চট্টগ্রাম জেলার দুটি উপজেলা ও তিনটি থানার ৫৪টি সরকারি প্রাথমিক ও রেজিস্টার্ড (নিবন্ধিত) বিদ্যালয়ের বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাউজান ও লোহাগাড়া উপজেলার ২৪টি এবং পাহাড়তলী, পাঁচলাইশ ও চান্দগাঁও থানার ৩০টি বিদ্যালয় রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ‘জাতীয় কৃতী অভীক্ষা পরীক্ষা’ নামে এ পরীক্ষাপদ্ধতি চালু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই এবং বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য এ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে জানা গেছে। আর এ জন্য পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর অভিভাবকদের সাক্ষাৎকারেরও ব্যবস্থা রাখা হয়েছে এতে। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘এটা গতানুগতিক পরীক্ষার মতো নয়, কাজেই এ নিয়ে পরীক্ষার্থীদের খুব একটা বিচলিত হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে ছোটখাটো কিছু প্রশ্ন থাকে। এ পরীক্ষার মূল লক্ষ্য হলো—প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই এবং অভিভাবকদের আর্থসামাজিক অবস্থান জানা। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একদল অভিজ্ঞ গবেষক। উত্তরপত্র মূল্যায়নের কাজও তাঁরা করবেন।’প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র মতে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ‘জাতীয় কৃতী অভীক্ষা পরীক্ষা’য় অংশগ্রহণের জন্য সারা দেশের ৭২৩টি প্রাথমিক ও রেজিস্টার্ড (নিবন্ধিত) বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেছে নেয়। এ হিসেবে তৃতীয় শ্রেণী থেকে ২৫ ও পঞ্চম শ্রেণী থেকে ২০ জন করে শিক্ষার্থী বাছাই করা হয়। প্রতিটি বিদ্যালয়কে একটি পরীক্ষাকেন্দ্র হিসেবে ধরা হয়। এবার দ্বিতীয়বারের মতো মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হলো। প্রথমবার পরীক্ষা হয়েছে গত ২০০৮ সালে পিডিইপি-২-এর (প্রাইমারি ডেভেলপমেন্ট এডুকেশন প্রোগ্রাম) আওতায়। এ বছর জাতীয় কৃতী অভীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পিডিইপি-৩-এর আওতায়।জানা গেছে, পরীক্ষা শেষে বাছাই করা পাঁচজন অভিভাবকের সাক্ষাৎকার নিয়ে তাঁদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে জানা হয়। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিতিতে এই সাক্ষাৎকার নেওয়া হয়। উল্লেখ্য, পরীক্ষার আগেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা নিয়ে গেছে। পরে সেখান থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের নামের তালিকা নির্ধারণ করা হয়। মার্চ মাসে জাতীয় পর্যায়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার কথা রয়েছে।