অন্য পথে নাসা
মহাকাশ অভিযানে উচ্চাভিলাষী এক পরিকল্পনা নিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তা হচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পক্ষ থেকে নতুন করে চাঁদে অভিযান। ২০০৪ সালে তাঁর শাসনামলে তিনি ঘোষণা করেন, ২০২০ সাল নাগাদ নাসার নভোযান চাঁদের জমিতে অবতরণ করবে। নতুন নতুন তথ্যের সন্ধানে নভোচারীরা চষে বেড়াবেন চাঁদের পিঠ। পরবর্তী সময়ে চাঁদ হবে মঙ্গল গ্রহে অভিযান চালানোর ঘাঁটি। বিজ্ঞানের জগতে উদ্দীপনা সৃষ্টি করার মতো যথেষ্ট খোরাক আছে এই পরিকল্পনায়। কিন্তু এটি বাস্তবায়নে যে অর্থের প্রয়োজন হবে, তা জোগাড় হবে কোত্থেকে—তা সুস্পষ্ট ছিল না। এই অনিশ্চয়তার মধ্যে পরিকল্পনা বাস্তবায়নে যখন কাজ শুরু হয়, ব্যয়ের বহর ধাই ধাই করে চড়তে থাকে। সে গতি রকেটের গতিকেও যেন হার মানায়। একপর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে কর্তৃপক্ষের কাছে এ পরিকল্পনা বিজ্ঞানের বাস্তব জগতের চেয়ে কল্পবিজ্ঞানের অনুষঙ্গ বলে মনে হতে থাকে।পরিকল্পনা যত সুন্দরই হোক না কেন, বাস্তবের সঙ্গে তাল মেলাতে না পারলে তা মাঠে মারা যায়। বুশের চন্দ্রাভিযানের পরিকল্পনার বেলায়ও এর ব্যত্যয় ঘটেনি। চাঁদে ফের অভিযান চালানোর কর্মসূচি তো বটেই, মহাকাশবিষয়ক অন্যান্য কর্মসূচিও প্রেসিডেন্ট বারাক ওবামার তহবিল কাটছাঁটের কাঁচিতে পড়ে গেছে। সরকারি অর্থ বরাদ্দ বাতিল হওয়ায় মহাকাশ অভিযানে নাসাকে এখন নির্ভর করতে হবে বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানের ওপর, যারা পৃষ্ঠপোষক হতে রাজি। সে ক্ষেত্রে কী ঘটবে, তা এখন দেখার বিষয়। মহাকাশ অভিযানের বেলায় নাসাকে এখন চারটি ক্ষেত্রে নতুন করে ভাবতে হবে। একটি হচ্ছে মহাকাশে অভিযান চালানোর ব্যাপারে নতুন পথ বাতলানো; দ্বিতীয়টি হচ্ছে মহাকাশ কেন্দ্রের স্থায়িত্ব ও ব্যবহার বাড়ানো; তৃতীয়টি বেসরকারি খাতের সঙ্গে সংস্থার সম্পর্ক এবং সর্বশেষ ক্ষেত্রটি হচ্ছে মহাকাশে সংস্থার বৈজ্ঞানিক মিশন।পরিকল্পনার প্রথম অংশ, যা ‘ট্রান্সফরম্যাটিভ টেকনোলজি ইনিশিয়েটিভ’ নামে পরিচিত, তা বাস্তবায়নে পাঁচ বছরে নাসার ব্যয় হবে ৭৮০ কোটি ডলার। নভোযানের জ্বালানি ও প্রযুক্তিগত উন্নয়নেই মূলত এ অর্থ ব্যয় হবে। ভবিষ্যত্ মহাকাশ অভিযানে নভোযানে আরও উন্নত যন্ত্র সংযোজনের চিন্তা করছে নাসা। ব্যয়ের ধাক্কা সামলানোর পর নাসাকে নজর দিতে হবে মহাকাশ কেন্দ্রের আয়ুর ওপর। ভবিষ্যতে মহাকাশ কেন্দ্রভিত্তিক বিভিন্ন গবেষণা জোরদার হবে। কানাডা, জাপান ও ইউরোপীয় দেশগুলো বরাবরই মহাকাশ কেন্দ্রভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় এগিয়ে এসেছে। বিনিময়ে অবশ্য সামান্যই ফল পেয়েছে তারা। এর পরও সৌরজগতের আরও গভীরে গবেষণামূলক কাজে যৌথ মিশনে তারা পিছপা হবে না বলে আশা করা যায়। নাসার নভোযান পাঠানোর পুরো বিষয়টি এখন বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করছে। এর মধ্যে স্পেসেক্স ও অরবিটাল সায়েন্সেস নামে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নাসার বোঝাপড়া হয়েছে। পরে আরও দুটি কোম্পানি যোগ হবে এ তালিকায়। তারা হচ্ছে বোয়িং ও সিয়েরা নেভাদা করপোরেশন। নাসার পৃথিবী পর্যবেক্ষণ কর্মসূচিতে তাদের প্রায় ২০০ কোটি ডলার ব্যয় হবে। জলবায়ু পরিবর্তন, কার্বনচক্র ও বরফের স্তর পর্যবেক্ষণ আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে এ টাকা ব্যয় হবে। নাসা ইদানীং মহাকাশ অভিযানে মানুষ না পাঠিয়ে রোবট পাঠানোর বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। এতে ব্যয় অনেক কম। নাসার প্রশাসক চার্লি বোল্ডেন জানান, ভবিষ্যতে চাঁদে রোবট পাঠানো হবে। এমনকি সৌর হাওয়া পর্যবেক্ষণে সূর্যেও রোবট পাঠানোর পরিকল্পনা রয়েছে।