অন্য বর্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রাবণ মাসও প্রায় যাই যাই করছে। কিন্তু আকাশে মেঘের নেই কোনো আনাগোনা। বৃষ্টি তো দূরের কথা, প্রকৃতি যেন জ্বলেপুড়ে ছাই হয়ে গেছে। মাঠঘাট ফেটে চৌচির। কৃষকের মাথায় হাত। নেই মুখে হাসি। চারদিকে শুধু পানির জন্য হাহাকার।আমরা গ্রামের কয়েকজন ছেলেমেয়ে মিলে ঠিক করলাম, ব্যাঙের বিয়ে দেব। গ্রামে সবার বাড়ি বাড়ি গিয়ে চাল, টাকা ও প্রয়োজনীয় জিনিস তুললাম। গ্রামের মানুষকে আমাদের ব্যাপারটা বললাম। তারা সম্মতি দিল। শুভ দিনক্ষণ দেখে বিয়ের তারিখ ঠিক করা হলো। বিয়ের জন্য একটা খেলার মাঠ সাজানো হয়েছিল রংবেরঙের কাগজ ও ফুল দিয়ে। আমরা মাঠ থেকে দুটো ব্যাঙ ধরে এনেছিলাম বিয়ের আগের দিন বিকেলবেলায়। সন্ধ্যায় বাদ্য বাজিয়ে বর ও কনে ব্যাঙকে হলুদ মাখিয়েছিলাম।বিয়ের দিন সকাল থেকে চলছে আয়োজন। আয়োজন শেষে চলছিল খাওয়াদাওয়া। মানুষ আসছিল, বর ও কনেকে আশীর্বাদ করে যাচ্ছিল। সন্ধ্যায় বিয়ে পড়ানোর জন্য কাজি ডেকে আনা হয়েছিল। বিয়ের মঞ্চে বিয়ের কাজ সমাপ্ত করা হয়েছিল। তারপর আমরা বর ও কনে ব্যাঙদের পুকুরে ছেড়ে দিয়েছিলাম। যে যার মতো সবাই বাড়ি ফিরেছিলাম। সেই রাতে শুরু হলো মুষলধারে বৃষ্টি। চলল দুই সপ্তাহ ধরে। আমাদের গ্রামে এল বন্যা। ভাসিয়ে নিয়ে গেল গ্রামের মানুষের ঘরবাড়ি। শত শত মানুষ হয়ে পড়ল গৃহহীন। আশ্রয় নিলাম বড় বাঁধে, স্কুল-কলেজে। দেখা দিল খাদ্যাভাব। ছড়িয়ে পড়ল কলেরা, টাইফয়েড ও ডায়রিয়া। অনেক মানুষ মারা গেল। সরকারি-বেসরকারি সাহায্যে আমরা সেসব দিন কাটিয়েছিলাম। মাস খানেক পর আমরা গ্রামে ফিরেছিলাম। আজও বর্ষা এলে গ্রামের মানুষ শিউরে ওঠে ও আতঙ্কিত হয়।নয়ন রানীগঞ্জ সদর, দিনাজপুর।