অন্য বিশ্বকাপ
২০০৬ বিশ্বকাপের আসর বসেছিল জার্মানিতে। আগেই ঠিক করে রেখেছিলাম, দুটি কোয়ার্টার ফাইনাল আর একটি সেমিফাইনাল দেখব। জুনের একদম শেষের দিকে ছিল ফ্লাইট। উঠেছিলাম ফ্রাঙ্কফুর্টে, আমার এক বন্ধুর বাসায়। স্বভাবতই আতিথেয়তার কমতি ছিল না। কিন্তু আমার মন তো কেবল একদিকেই পড়ে থাকে! কখন যাব ফুটবলমাঠে, শৈল্পিক ফুটবল দেখার ক্ষুধাটা চেপে রাখতে পারছিলাম না একেবারেই।অবশেষে ৩০ জুন ২০০৬! আর্জেন্টিনা বনাম জার্মানি! ট্রেনে চেপে বার্লিনে ছুটলাম। মাঠের খানিক দূর থেকেই আঁচ করতে পারলাম, হ্যাঁ, বিশ্বকাপেই এসেছি। একে তো দুনিয়ার সবচেয়ে বড় খেলার আসর, তার ওপর খোদ স্বাগতিক জার্মানির খেলা সেদিন। আর আর্জেন্টিনার কথা না হয় তোলাই রইল। কত রঙের, কত ঢঙের আর কত যে বিচিত্র ধরনের মানুষের ঢল সেখানে! হাজারো রকমের শব্দে কানে তালা না লেগে, উল্টো অন্য রকমের ভালোলাগায় পেয়ে বসে। মাঠে ঢুকে তো চমকে চমক। এত চমত্কার মাঠ। এত চমত্কার সব সুযোগ-সুবিধা, তাজ্জব ব্যাপার-স্যাপারই বলা যায়। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই মাঠে আকাশি-সাদা আর সাদা-কালোদের আগমন। শিহরণ খেলে যায় শরীরে আর মনে। তুমুল উত্তেজনাময় সেই ম্যাচ শেষে স্বাগতিকদের মুখেই হাসি। হাসি আমাদের মুখেও, জার্মানির পক্ষেই গলা ফাটিয়ে চেঁচিয়েছিলাম যে!দ্বিতীয় কোয়ার্টার ফাইনালটি হয়েছিল জুলাইয়ের পয়লা দিনেই। ফ্রাঙ্কফুর্টেই ছিল ম্যাচটি। ব্রাজিল বনাম ফ্রান্স। এমনিতেই তো উত্তেজনা, তার ওপর ব্রাজিল। ম্যাচ শুরুর আগে আমার উত্তেজনার পারদ আকাশমুখী। যেন নিজেই মাঠে নামছি! এতদিন শুধু ওদের টেলিভিশনের পর্দায় দেখেছি, আজ দেখব চর্মচক্ষে! বিশ্বাসই হতে চায় না। বিশ্বাস হলো মাঠে সাম্বা নাচের বহর দেখে, ব্রাজিল-সমর্থকদের পাগলামো দেখে। তবে মনের ফ্রেমে যে ব্রাজিল ছিল, ঠিক তার উল্টোটাকেই আবিষ্কার করলাম সেদিন! রোনালদো, রোনালদিনহো, কাফু, কার্লোস—সব মহাতারকা যেন নিজেদের ফুটবল খেলাটাই ভুলে গেলেন বেমালুম! কোথায় ব্রাজিলের সেই ছন্দময় শৈল্পিক ফুটবল। আশার বেলুনটা চুপসে গেল ফ্রান্সের উল্লাস দেখে। তবে এটা ঠিক, জিদানকে এককথায় জাদুকরের সঙ্গেই মানানসই লেগেছিল সেই ম্যাচে।এরপর ৪ জুলাই ডর্টমুন্টের উদ্দেশে ট্রেপে চেপে বসি। সেমিফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে স্বাগতিক জার্মানির। ডর্টমুন্টে পৌঁছাতে পৌঁছাতে দুপুর, খেলা শুরুর খানিক আগেই। জার্মানি জিতে গেল, পরিষ্কার জয়। বেশ উপভোগ্য ছিল ম্যাচটি। জার্মানদের উল্লাসের সীমা নেই! হইচই হুল্লোড়। তারপর এল সেই মহারণের ক্ষণ। মাঠে বসে দেখার সৌভাগ্য হয়নি ঠিকই, তবে অদ্ভুত এক অভিজ্ঞতা হয়েছিল শেষতক। ফ্রাঙ্কফুর্টের পাশে একটা নদী আছে, নামটা ঠিক মনে পড়ছে না। তো ফাইনালের দিন সেই নদীর মাঝখানে দুই পাশে দুটি ঢাউস স্ক্রিন বসানো হলো। ম্যাচ শুরুর আগে আগে প্রথমে গুটি গুটি পায়ে, পরে দুদ্দার দৌড়ে আসতে লাগল সবাই। নদীর ধারেই তৈরি হলো আরেক স্টেডিয়াম! আমিও গিয়ে বসলাম। তিরতির করে কাঁপছে নদীর জল। তার ঠিক মাঝে স্ক্রিন! চারপাশে হইচই। এটা-সেটা বিক্রি চলছে দেদার। কেউ নদীর তীরে গা এলিয়ে দিয়েছে, কেউ বা চেয়ারে বসেছে জুত করে। পায়চারিও করছে কেউ কেউ, টেনশন বলে কথা! মনেই হলো না স্টেডিয়ামের বাইরে আছি! ফ্রাঙ্কফুর্টে ইতালির নাগরিকের সংখ্যাটা নেহাত মন্দ নয়। তাই ফাইনালের শেষ বাঁশি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জার্মানদের অবস্থা হাঁড়িমুখো, আর ইতালিয়ানদের কথা? আনন্দ-উল্লাসের এভারেস্টে। তবে মজার ব্যাপার হলো, ঠিক পরদিন ইতালির লোকজনের মুখে প্রয়োজনীয় গাম্ভীর্য! যেন কিছুই হয়নি!অনুলিখন: মাহফুজ রহমান