অন্য ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পের ব্যাকরণ বলে যদি কিছু থাকে তবে তার উৎস শিল্পকর্ম। শিল্পী শিল্প সৃষ্টি করেন, ব্যাকরণ তৈরি হয় তার ওপর ভিত্তি করে। শিল্পের ব্যাকরণ তাই প্রথানির্ভর, আর নিয়ত পরিবর্তনই এর বৈশিষ্ট্য। তবে প্রচলিত ব্যাকরণ অনুসরণই শিল্পের সাধারণ প্রবণতা, নতুন ব্যাকরণ সৃষ্টি করতে পারে খুব কম শিল্পই। নতুন কিছু করে নতুন শিল্পভাষা সৃষ্টি বা নিজের কাজকে শিল্পের ব্যাকরণের অংশে পরিণত করার চাওয়াটি সেদিক থেকে অনেক বড় চাওয়া। শিল্পী রনি আহম্মেদ কাজ করেন তেমন বড় কিছু করার আকাঙ্ক্ষা থেকে। বৈশ্বিক বিবেচনায় না হলেও অন্তত দেশীয় প্রেক্ষাপটে। রনি আহম্মেদের আলাদা কিছু করার তাড়না আছে। তিনি সেভাবেই এগোচ্ছেন, এর কিছু ছাপও রেখেছেন । অন্যদের চেয়ে নিজেকে কোন দিক থেকে আলাদা মনে করেন? ‘দর্শনের দিক থেকে। আধ্যাত্মিকতা ও অধিবিদ্যার সমন্বয় আমার ছবি বা শিল্পের বৈশিষ্ট্য।’ এটা তাঁর ছবির চেতনাগত দিক। শিল্পীর নিজস্ব ব্যাখ্যা। তবে বাহ্যিক অনেক বিশিষ্টতার কারণেই তাঁকে আলাদা করে চেনা যায়। আঙ্গিক, রঙের ব্যবহার, কম্পোজিশন, অচেনা প্রাণিজ অবয়ব, ও আমাদের অভিজ্ঞতার বাইরের অপরিচিত ভৌগোলিক বাস্তবতার উপস্থাপন—এই সবকিছু মিলিয়ে রনি আহম্মেদ আলাদা। আমাদের প্রচলিত আধুনিক শিল্পের বাইরের কিছু। তাঁর ছবিতে প্রাণীর যে অবয়ব দেখি তা আমাদের চেনা কোনো প্রাণী নয়। এই অবয়ব কখনো মানুষের, কখনো ভিন্ন কোনো প্রাণীর প্রতিনিধিত্ব করে। এই প্রাণীকুল যেন এক বিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আছে। যে ল্যান্ডস্কেপ আমরা তাঁর ছবিতে দেখি তা এই দুনিয়ায় আমাদের দেখা কোনো স্থানকে প্রতিনিধিত্ব করে না। রনি আহম্মেদ তাঁর ছবিতে যেন আমাদের পৃথিবীর বাইরে এক সমান্তরাল পৃথিবী তৈরি করতে চান। আলাদা এক সভ্যতা ও জগৎ গড়তে চান। যাকে আবার এই বাস্তব জগতের সঙ্গে একেবারে সম্পর্কহীন বলা যাবে না। প্রচলিত ‘অঙ্কনদক্ষতা’ বলতে যা বোঝায় তাকে সচেতনভাবেই এড়িয়ে চলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বিএফএ ডিগ্রি নেওয়া রনি আহম্মেদ। তাঁর ছবির মানুষ বা প্রাণীর অবয়বগুলোকে যে কেউ আনাড়ি হাতে আঁকা অবয়ব হিসেবে বিবেচনা করতে পারেন। ‘আমি প্রচলিত স্কিলকে (দক্ষতাকে) উপেক্ষা করতে চাই। আমি ছবি আঁকি আমার ইনার স্পিরিট দিয়ে। আমার ছবি পুরোটাই স্পিরিটনির্ভর।’ রনি তাঁর ছবির আঙ্গিক, রং, কম্পোজিশন, উদ্ভট অবয়ব ও অপরিচিত ল্যান্ডস্কেপ দিয়ে যেমন দর্শকদের ধাক্কা দিতে চান তেমনি ছবির শিরোনাম দিয়েও। ছবির বিচিত্র শিরোনাম তাঁর ভাষায় ‘লিঙ্গুয়িস্টিক আর্ট’। মৃত্যু এগিয়ে আসছে, নিশ্চুপ থেকো না (ডেথ ইজ কামিং, ডোন্ট মেক সাইলেন্স), আমরা চিৎকার দেওয়ার আগ পর্যন্ত গল্পটা ওখানেই ছিল (স্টোরি ওয়াজ দেয়ার বিফোর উই স্টার্ট স্ক্রিমিং), দীর্ঘ সাম্রাজ্যবাদ উপভোগ করার পর আমরা জনাব বেকেটের অপেক্ষায় রইলাম(আফটার হ্যাভিং এ গ্রেট ডিল অব ইমপেরিয়ালিজম উই আর ওয়েটিং ফর মিস্টার বেকেট)—এই শিরোনামগুলো রনির লিঙ্গুয়িস্টিক আর্টের কয়েকটি উদাহরণ মাত্র। এ ধরনের একটি শিরোনাম পড়ে দর্শকের মনে ছবির যে ধরনের চিত্রকল্প ভেসে উঠতে পারে তার সঙ্গে কার্যত ছবির কোনো সম্পর্ক নেই। ‘দৃশ্যশিল্পের’ সঙ্গে ‘ভাষাশিল্পের’ সংঘাত ঘটিয়ে রনি যেন দর্শকদের মনে বিভ্রম সৃষ্টি করতেই আগ্রহী। দর্শককে সর্বভাবে ধাক্কা দিতেই সম্ভবত তিনি পছন্দ করেন। রনি আহম্মেদের ছবির ক্যানভাস বড়, বিষয়বস্তু ও আকার দুই দিক দিয়েই। ২০০৫ সালে বিশাল একক ক্যানভাসে আঁকা একটি ছবির প্রদর্শনী করেছেন তিনি। নুহের নৌকার প্রত্নতত্ত্ব শিরোনামে ১০ ফুট বাই ১০০ ফুটের ক্যানভাসে আঁকা ছবিটি এশিয়ায় কোনো একক শিল্পীর সবচেয়ে বড় চিত্রকর্ম হিসেবে বিবেচিত। আর বিষয়বস্তুর দিক দিয়ে এর ক্যানভাস কতটা বড়? ‘এ ছবির বিষয়বস্তুর কেন্দ্র বাইবেলীয় উপাখ্যান নুহের প্লাবন। তবে এ যে কেবল উপলক্ষ সেটা নামেই স্পষ্ট। পুরাণের প্রত্নতাত্ত্বিক উদ্ঘাটনের মাধ্যমে মানবজাতির ভাগ্যকে বর্তমান সময়ের পটভূমিতে বুঝে নেওয়ার প্রয়াস এ ছবিতে লক্ষণীয়। ...চরিত্র এসেছে গ্রিক ও ভারতীয় পুরাণ থেকে। এসেছেন আদম ও ইভ। বাদ যায়নি ইশপের দুই চরিত্র সিংহ ও ইঁদুর। ইতিহাসের বখতিয়ার খিলজি থেকে সাহিত্যের দেবদাস বা ঠাকুরমার ঝুলি, দেশীয় রিকশা পেইন্টিংয়ের পাশে বহির্দেশীয় স্পাইডারম্যান ব ড্রাকুলা—বাদ যায়নি কিছুই।’ ছবিটি সম্পর্কে এই মন্তব্য শিল্পী ঢালী আল মামুনের। আধুনিক শিল্পকলায় সব মাধ্যম যেন একাকার হয়ে আসছে। শিল্পীরাও নিজেদের কোনো বিশেষ মাধ্যমে আটকে রাখতে চান না। দ্বিমাত্রিক ক্যানভাসের চিত্রকলার সঙ্গে এখন দৃশ্যশিল্পের যত মাধ্যম রয়েছে তার সবগুলোর যেমন মিলন ঘটেছে তেমনি শ্রুতিশিল্প বা ভাষাশিল্প—তারও সংযোগ ঘটেছে। শিল্পের সব মাধ্যমের মিলনের মধ্যেই শিল্পের ভবিষ্যৎ দেখেন রনি আহম্মেদ। দ্বিমাত্রিক ক্যানভাসে ছবি আঁকার পাশাপাশি ভাস্কর্য, স্থাপনা শিল্প, ভিডিও আর্ট, গল্প লেখা (এখন একই সঙ্গে লিখছেন এবং আঁকছেন ‘গ্রাফিক্স গল্প’), ডিজাইন করা (এমনকি পোশাক ডিজাইন), বইয়ের প্রচ্ছদ, পারফরমেন্স, গান লেখা, গাওয়া এবং সংগীতায়োজন (লুব্রিকেটেড গোট বা বাংলায় তৈলাক্ত ছাগল নামে একটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দলও আছে তাঁর)—সবকিছুতেই আছেন তিনি। শিল্পই রনি আহম্মেদের জীবন, জীবিকাও শিল্প থেকে। চাকরি করে বা অন্যের জন্য চিন্তা করে নিজের চিন্তাকে ক্ষতিগ্রস্ত করতে চান না তিনি। এ পর্যন্ত চারটি একক প্রদর্শনী হয়েছে রনি আহম্মেদের, অংশ নিয়েছেন ২৮টির মতো গ্রুপ প্রদর্শনীতে। এখন ব্যস্ত আছেন নতুন এক প্রদর্শনীর পরিকল্পনা নিয়ে। ‘বড় পরিকল্পনা, কাজটি হবে মহাভারত নিয়ে।’ শুধু এটুকুই। চমক রাখতে চান দর্শকদের জন্য। ভাস্কর্য নিয়েও বড় কিছু করার পরিকল্পনা রয়েছে তাঁর। এগুলো তো নির্দিষ্ট কিছু ধারণা ধরে পরিকল্পনা—সামগ্রিকভাবে শিল্প নিয়ে ভবিষ্যতের ভাবনাটা কী?‘শিল্পের ক্ষেত্রে আলাদা এক বিশ্ব তৈরি করা। নতুন শিল্পভাষা তৈরি করা, অন্তত বাংলাদেশের বাস্তবতায়।’রনি আহম্মেদ, আপনি এগিয়ে যান।