অন্য মানুষ
টাকা বাঁচানোর খাতিরে আমি সাধারণত লোকাল বাসে ভেঙে ভেঙে যাই। সেদিন বাসা থেকে আসার সময় কেন যেন সরাসরি কোনো বাসে যেতে ইচ্ছা হলো, তাই পঞ্চগড় টু খুলনাগামী সকালের বিআরটিসি বাসে উঠে পড়লাম। সুখের ব্যাপার হলো, সিটটা সেদিন পেয়েছিলাম মনমতো। ঠিক বাসের মাঝখানে। সবই যখন ঠিকঠাক, ভাবলাম দীর্ঘ রাস্তা, গত রাতে ঘুমটাও কেমন যেন এলোমেলো হয়েছে, এখন একটা লম্বা ঘুম দেওয়া যাক। যেই কথা সেই কাজ—লম্বা ঘুম। ঘুম ভাঙল বগুড়া ষাটপালায় একটা পথসভার মাইকের তীব্র শব্দে। এপাশ-ওপাশ দেখে আবার চোখ বন্ধ করলাম। ঘুমটা গাঢ় হয়ে আসতেই একটা সুন্দর ভরাট কণ্ঠ কানে এল, ‘প্রিয় যাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম, আপনারা যারা নিয়মিত এই রুটে যাওয়া-আসা করেন, তাঁরা অনেকেই আমাকে চিনে থাকবেন। আমি হাত পাতলেই আপনারা দু-এক টাকা করে দেবেন, তা আমি জানি। কারণ আমি একজন অন্ধ। তবে আমি ভিক্ষাবৃত্তি করি না। ছোট একটা ব্যবসা করি। হ্যাঁ, আপনারা আমার কাছে পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন ছবি, ছড়া, গল্পের বইসহ শিক্ষিতজনের পছন্দের বস্তু, সুন্দর সুন্দর জেল পেন ও বল পেন। আপনারা ইচ্ছা করলেই এগুলো কিনতে পারেন। প্রতিটি বই ১৫ আর প্রতিটি জেল পেন ও বল পেন পাচ্ছেন যথাক্রমে ১৫ ও ১২ টাকায়।’ চোখের পাতাকে জাপটে ধরে থাকা ঘুমটাকে সরিয়ে লোকটির দিকে তাকাতেই চোখ দুটো আপনাআপনি বড় হয়ে গেল।এক হাতে বাসের রেলিং অন্য হাতে বই, কলম আর সানগ্লাস ধরে মলিন মুখে ছাদের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন তিনি। শুকনো চোখ দুটি হঠাৎ জলে ভরে গেল এই দৃশ্য দেখে। সসম্মানে দাঁড়িয়ে গেলাম। আর গর্বে বুকটা ভরে গেল এই ভেবে যে বিবেককে জোড়াতালি দেওয়ার মতো লোক এখনো এ দেশে আছে। হাত বাড়িয়ে একটা বই আর একটা কলম নিয়ে ৩০ টাকা হাতে দিলাম লোকটার। সামনের এক স্ট্যান্ডে নেমে গেল লোকটা। পরে বগুড়া থেকে কুষ্টিয়া আসা অবধি শুধু চোখে ভাসছিল লোকটার মুখ।মো. আবু বকর সিদ্দিকইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।