অন্য মেধাবী
২০০২ সালের কথা। সেই সময় প্রথম আলোয় যশোর বোর্ডের একজন মেধাবী ছেলের জীবনকাহিনি পড়ে তার পড়ালেখা অব্যাহত রাখার দায়িত্ব নেন ম্যাডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান। সেদিনের সেই শিক্ষার্থী আজ বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা। একটু সহযোগিতা যে সুপ্ত প্রতিভা বিকাশে কত সাহায্য করে, এটি তার একটি প্রমাণ। আখতারুজ্জামান আজও তাঁর সাহায্য অব্যাহত রেখেছেন।২৩ জুন রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের মিলনমেলাই তার প্রমাণ। হ্যাঁ, মিলনমেলাই তো! সারা দেশ থেকে আসা ১৮০ জন শিক্ষার্থী সেদিন জড়ো হয়েছিল সেখানে। যারা এসএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫। এদিন তাদের ম্যাডোনা গ্রুপের পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা। আয়োজনে যোগ দিতে আশা খাতুন এসেছিল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে। আশা জানায়, ‘প্রাক-নির্বাচনী পরীক্ষার সময় আমার বাবা মারা যান। তার পরও আমি পড়াশোনা চালিয়ে গেছি। আমার স্বপ্ন, আমি ডাক্তার হয়ে দেশের সেবা করব।’ইব্রাহীম আলী পড়েছে লালমনিরহাটের সাপ্টিবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ে। তার সঙ্গেই এসেছে আরেক শিক্ষার্থী বিপ্লব আলী—দুজনই দৃষ্টি প্রতিবন্ধী। দুজনই এখন স্বপ্ন আঁকে, ‘আমরা ভালো শিক্ষক হতে চাই।’ ভোলার চরফ্যাশন থেকে এসেছিল মুশফিকুর রহমান। সারা দেশে মাদ্রাসা বোর্ডে সে হয়েছে দ্বিতীয়।ম্যাডোনা গ্রুপের পক্ষ থেকে কলেজে ভর্তি হওয়া এবং বই কেনা বাবদ প্রত্যেকের হাতে আট হাজার টাকা করে তুলে দেন ম্যাডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে মেধাবীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সাবেক সচিব মহিউদ্দীন আহম্মেদ, বাসসের সাবেক সম্পাদক আমিনুল ইসলাম, কলামিস্ট সৈয়দ মাহবুব রশিদ, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, তিতুমীর কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ প্রমুখ।