অন্য রকম অফিস

অফিসে খুব জরুরি দুটো মিটিং পড়েছে। কিন্তু মিটিংরুম মোটে একটা। এদিকে গ্রাহকের দেওয়া সময় দুটোও ভীষণ কাছাকাছি। অগত্যা বদলে দিতে হলো যেকোনো একজনকে দেওয়া সময়। পুরোনো সময় বদলে নতুন সময় পাওয়া নিয়ে পড়তে হলো সমস্যায়।

এ দেশে ঘরে বসে ব্যবসা করা মানুষের সংখ্যা একদিকে যেমন কম নয়, অন্যদিকে তা দিন দিন বেড়েই চলেছে। এ ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেমধ্যেই প্রয়োজন হয় এমন কোনো জায়গার, যেখানে বসে সেরে নেওয়া যাবে ব্যবসায়িক আলোচনা। জায়গার খোঁজে ছুটতে হয় হোটেল বা রেস্টুরেন্টে। চারপাশে যখন খাওয়া, আড্ডা আর হইচই করার মতো পরিবেশ, তখন অফিসের কথা নিতান্তই বেমানান! প্রয়োজনটা যেহেতু প্রতিদিনের না, তাই অফিস ভাড়া করার প্রশ্নই ওঠে না।
এ ধরনের সমস্যায় যাঁদের হরহামেশা পড়তে হচ্ছে, তাঁদের জন্য বনানীর ৩২ কামাল আতাতুর্কের এফআর টাওয়ারের লেভেল ১৯-এ তৈরি হয়েছে ওয়েভ। ওয়েভ এমন এক অফিস, যেখানে অফিসের বাইরে থেকেও ব্যবসায়িক বা অফিসসংক্রান্ত মিটিং আপনি সেরে নিতে পারবেন অফিসের সুবিধা ও পরিবেশে। ঝকঝকে এই অফিসটিতে চাইলে এখানে ৪০-৫০ জনের একটা ওয়ার্কশপও করা যাবে সহজেই।
ওয়েভের সহপ্রতিষ্ঠাতা এবং বিনিয়োগকারী মুস্তাফিজুর রহমান বলছিলেন, ‘ওয়েভকে আমরা একটি কো-অফিস বা সহ-অফিস বলতে পারি। ওয়েভ সম্পর্কে একটা শব্দে বলতে হলে বলা যায়, একসঙ্গে কাজ করার জায়গা। এটি একটি নতুন ধারণা। বিদেশে ভীষণ জনপ্রিয় হলেও এ দেশে এ সুবিধাটি একেবারে নেই বললেই চলে।’
নিজেদের কাজের সময়ে পড়া নানা দুর্ভোগের স্মৃতি থেকেই ওয়েভ তৈরির ভাবনার শুরু বলেও জানালেন তিনি। ওয়েভে চমৎকার লাইটিং আর ডেকোরেশনের সঙ্গে আছে একটি টেলিফোন বুথ। টকটকে লাল রঙে ঘেরা সেই ছোট্ট জায়গাটিতে সেরে নিতে পারেন স্কাইপি, গুগল আর ব্যক্তিগত ফোনালাপের কাজটি।
ওয়েভের একটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে পরিচ্ছন্নতার দায়িত্বটি তারা দিয়ে দিয়েছে সি-বট নামের এক রোবটকে। রোবটের উদ্ভাবকেরাও এ দেশেরই। টিম ফোর নামের দলের তৈরি রোবটটি অফিসকে পরিষ্কার রাখবে। টিম ফোর এখন করছে প্রতিষ্ঠানটির হার্ডওয়ার উন্নয়নের কাজ। এ বিষয়ে ওয়েভের আরেক উদ্যোক্তা ও বিনিয়োগকারী ফায়াজ তাহের জানালেন আরও কিছু তথ্য। অনেক সময় দেখা যায় উদ্যোক্তাদের অফিস বা ট্রেড লাইসেন্সের জন্য ঠিকানা দেওয়ার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে কেউ চাইলে ওয়েভের ঠিকানা দিতে পারবেন। এ ছাড়া অ্যান্টিভেনচারাস নামের এক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সহায়তায় চারটি আলাদা প্রতিষ্ঠান কাজ করছে এখানে।
ওয়েভে এক ঘণ্টার জন্য ডেস্ক ভাড়া করতে লাগছে ৩০০ টাকা। এক দিনের জন্য অফিস ভাড়া নিলে দিতে হবে ৫০০ টাকা। তিন দিনের জন্য এক হাজার টাকা আর সাত দিনের জন্য এক হাজার ৫০০ টাকা দিয়ে ভাড়া নিতে পারেন প্রয়োজনীয় ডেস্কটি। এ ছাড়া মাস বা বছরব্যাপী ভাড়া নিতে চাইলে সে সুযোগও থাকছে। অফিস সম্পর্কে জানতে আর কাজের পরিবেশ দেখতে ৫ মার্চ থেকে ওয়েভ দিয়েছে ১৫ দিনের জন্য বিনা মূল্যে অফিস ব্যবহারের সুবিধা। তার জন্য করতে হবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার লিংক- http://bit.ly/wavebdsignup