অন্য রকম আতিথেয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদিবাগ সিডিএ আবাসিক কলোনি মাঠে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অপটিমিস্ট বাংলাদেশ ক্লাবের সদস্যরা । সৌরভ দাশ
মেহেদিবাগ সিডিএ আবাসিক কলোনি মাঠে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অপটিমিস্ট বাংলাদেশ ক্লাবের সদস্যরা । সৌরভ দাশ

সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে নগরের মেহেদীবাগ সিডিএ আবাসিক কলোনি মাঠে এসে জড়ো হতে থাকে বেশ কয়েকজন শিশু কিশোর। সবাই আমন্ত্রিত। কয়েকজন তরুণীর হাত ধরে এসেছে তারা। বেশির ভাগেরই বয়স পাঁচ থেকে দশের মধ্যে। সবার চোখেমুখে অজানা কৌতুহল। কেন এখানে জড়ো হওয়া স্পষ্ট নয় তাদের কাছে।

শিশুরা একটি দিন ইচ্ছেমতো ছবি এঁকে, খেলাধুলা করে কাটিয়েছে। পেয়েছে মমতা আর স্নেহের পরশও
শিশুরা একটি দিন ইচ্ছেমতো ছবি এঁকে, খেলাধুলা করে কাটিয়েছে। পেয়েছে মমতা আর স্নেহের পরশও

কিন্তু শিশুদের সঙ্গে আসা তরুণীদের কাছে সেটা পরিষ্কার। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী তাঁরা। কয়েকজন সহপাঠী মিলে তৈরি করেছেন অপটিমিস্ট বাংলাদেশ ক্লাব নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনটির উদ্যোগে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই আনন্দ আয়োজন। উদ্দেশ্য একটি সকাল কাটানো সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে, আনন্দে ভরিয়ে তোলা কচি মুখগুলো।
দামপাড়ার একটি বস্তি এবং মেহেদীবাগ ও জিইসি মোড়ের আশপাশের সড়ক থেকে অপটিমিস্ট বাংলাদেশের সদস্যরা খুঁজে এনেছিলেন ২২ শিশুকে। দরিদ্র এসব শিশুর মধ্যে কেউ কেউ একেবারে অনাথ। বাবা-মা নেই। পথই ওদের ঠিকানা। ফুট ফরমায়েস খেটে জীবন চলে কারও। কেউ পত্রিকা ফেরি করে।
অপটিমিস্ট বাংলাদেশ ক্লাবের সভাপতি তাসনিয়া তাসনিম বলেন, ‘সমাজের সুবিধাভোগী শিশুদের নিয়েই সাধারণত আমাদের বেশির ভাগ অনুষ্ঠান হয়। কিন্তু আমরা চেয়েছি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কিছু করার। ওদের সঙ্গে সময় কাটাব বলে ডেকে এনেছি। পাশাপাশি ওদের মধ্যে নিজেদের যোগ্যতা ও ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাস গড়ে তোলার চেষ্টাও ছিল আমাদের।’
সবাইকে নিয়ে সকালের নাশতা সারা হয় প্রথমে। এরপর তাদের নিয়ে চলে বিভিন্ন প্রতিযোগিতা, মজার মজার খেলা। আয়োজন করা হয় ছবি আঁকা প্রতিযোগিতা। সবার হাতে হাতে তুলে দেওয়া হয় সাদা কাগজ আর রঙ-পেনসিল। মাটিতে বসে আঁকতে শুরু করে যে যার মতো করে।
এ সময় পাশে বসে ছিলেন সংগঠনের সদস্যরা। কেউ আবার ছোটদের কোলে তুলে নেন।
মজার ব্যাপার হলো, মাত্র দুজন ছাড়া এসব খুদে অতিথিদের কারও বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ নেই। অথচ তারা বেশ মুনশিয়ানাই দেখায় আঁকা-আঁকিতে। নিজেদের ভাবনায় যা কিছু ধরা দিয়েছে তা-ই তারা সাদা কাগজে মেলে ধরে। আবার ভুলটুকু শুধরে দেন সদস্যরা। এরপর একে একে আয়োজন করা হয় গান, কবিতা আবৃত্তি, বেলুন ও ফুটবল খেলার। তাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় চকলেট, রবার, পেনসিল, বেলুন ইত্যাদি।
কিন্তু এগুলো নিতেও কেউ কেউ রাজি হচ্ছিল না। তাদের প্রশ্ন ছিল, ‘আমরা কেন এসব নেব? আমরা তো ফকির না।’ তাসকিয়া তাসনিম বলেন, অনেক বুঝিয়ে তাদের হাতে উপহার তুলে দিতে হয়েছে। কোনো কাজ না করে এসব কিছু নিতে সায় দিচ্ছিল না তাদের মন। ছোট বাচ্চাদের মধ্যে এ ধরনের আত্মমর্যাদাবোধ দেখে ভালো লেগেছে। কারণ তারা নিজেদের পরিশ্রম ছাড়া কোনো কিছু পাওয়াকে ন্যায্য মনে করেনি।