অন্য রকম আরিফিন শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী আরিফিন শুভ। চলনে, বলনে, পরনে আছে নিজস্ব স্টাইল। সাধারণ ছিমছাম থাকতে পছন্দ করেন। ইউরোপের ফ্যাশন তাঁর পছন্দ। টি-শার্ট তাঁর প্রিয় পোশাক। কেনাকাটা বেশির ভাগ সময় দেশের বাইরেই করেন। যা চোখে ভালো লাগে, তা-ই কেনেন। কিন্তু অর্থের অপচয় পছন্দ করেন না। পোশাকে জোর দেন ফিটিংসের ওপর। এই হলো অভিনয়শিল্পী আরিফিন শুভ।বাড়িতে একেবারে সাদামাটা থাকেন। তখন টি-শার্ট আর থ্রি-কোয়ার্টার প্যান্টই পরেন আরিফিন শুভ। একরঙা টি-শার্ট তাঁর প্রিয়। সবসময় টি-শার্টে লেখা, আঁকিবুঁকি বা কোনো ছাপাই ছবি পছন্দ নয়। তবে শুটিংয়ের প্রয়োজনে কখনো কখনো আঁকিবুঁকি টি-শার্ট পরতে হয়। সাদা, নীল ও কালো রঙের টি-শার্টের সঙ্গে জিনস তো থাকেই; আজকাল অবশ্য লাল, সবুজ, কমলা ও নীল রঙের বর্ণিল প্যান্টও পরছেন।আরিফিন শুভ বলেন, ‘সব সময় ভিন্ন ধরনের জিনিস কেনার চেষ্টা করি। পোশাক ও জুতায় আরামই আসল কথা। আর আমাকে মানিয়েছে কি না, সেটা খুব গুরুত্ব দিই। ব্র্যান্ড, নন-ব্র্যান্ড কোনো বিষয় নয়।’মাথার হ্যাট ও জুতা সংগ্রহের প্রতি ঝোঁক আরিফিন শুভর অনেক দিনের। দেশের বাইরে যেখানেই যান, হ্যাট ও জুতা কিনতে ভোলেন না। এ ছাড়া বিভিন্ন স্থানের স্মারক (স্যুভেনির) কেনার শখ আছে এই অভিনয়শিল্পীর। জুতার মধ্যে বোট জুতা ও কর্নভার্স বেছে নেন। আবার চামড়ার বুটও পছন্দ করেন। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে পরিবেশ বুঝে পোশাক নির্বাচন করেন। খুব ফরমাল অনুষ্ঠান হলে জিনস ও টি-শার্টের ওপর চাপিয়ে নেন ব্লেজার। আর পাঞ্জাবি তো তাঁর সব সময়ের পছন্দ। যেকোনো অনুষ্ঠানে নিজের নকশা করা পাঞ্জাবি পরেন।‘নিজস্ব দরজি আছে আমার। আমার ডিজাইন মতো তিনি তৈরি করে দেন। তবে কলকাতা থেকেও অনেক পাঞ্জাবি কেনা হয়। আবার থান কাপড় কিনে এনেও এখানে বানিয়ে নিই।’ বলেন আরিফিন শুভ।ডান হাতে টারকোয়েজ ও রুবি পাথরের আংটি সব সময় পরেন। চোখে নানা ধরনের সানগ্লাস ও চশমা ব্যবহার করেন। পছন্দের সুগন্ধির মধ্যে রয়েছে ক্রিশ্চিয়ান ডিওর, ডানহিল ও ইসে মিয়াকে। শেভ করেন না। দাড়ি ছেঁটে (ট্রিম) নেন। হাতে মাঝেমধ্যে নানা ধরনের ব্রেসলেট ও ব্যান্ড পরেন। গলায়ও নানা ধরনের লকেট দিয়ে মালা পরেন; যদিও এখন খুব একটা পরা হচ্ছে না বলে জানান তিনি।ভালোবাসেন হালকা সুরের গান। আরিফিন শুভ মনে করেন, গান মনকে সতেজ করে। একটা সময় নিজেও গিটার বাজিয়ে গান গাইতেন; বাড়িতে থাকা গিটার দেখে তা বোঝা গেল। নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করেন। নিজে রান্না করতে পছন্দ করলেও তৈলাক্ত খাবার খান না। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে খুব ভালোবাসেন। তাঁর চিলেকোঠার বাসায় সময় পেলেই বন্ধুদের রান্না করে খাওয়ান। আর ছাদে বাগান করেছেন। জানা গেল, বাগান করা তাঁর অন্যতম শখ। বাকি সময়টা ডোরা নামের পোষা কুকুরের সঙ্গে কাটে তাঁর।