অন্য রকম এক পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিস্টিন চ্যাপেলের রুদ্ধদ্বার বৈঠক শেষ। গোটা বিশ্ব থেকে আসা শীর্ষ যাজকরা রোমান ক্যাথলিক চার্চের নতুন প্রধান বেছে নিয়েছেন আর্জেন্টিনার হোর্হে মারিও বেরগোগলিওকে। ভ্যাটিকানের একজন কর্মকর্তা পোপের ঐতিহ্যবাহী পরিধেয় লাল রঙের ‘কেপ’ পরিয়ে দিতে গেলেন তাঁকে। ‘ধন্যবাদ, কিন্তু আমি এটা চাই না। চাইলে আপনি এটা পরতে পারেন। ফুর্তির দিন শেষ’—বিনয়ের সঙ্গে বললেন নতুন পোপ।ব্যক্তি ও যাজকজীবনের পুরোটাই যার আড়ম্বরহীন, সেই বেরগোগলিওর জন্য এ আচরণ খুব অস্বাভাবিক ছিল না নিশ্চয়ই। তবে ফ্রান্সিস নাম ধারণ করা নতুন পোপের এ ধরনের কার্যকলাপ খবরের শিরোনাম হয়েছে বিশ্বজুড়ে। অসময়ে পদ ছেড়ে দেওয়া পোপ বেনেডিক্টের উত্তরসূরি হিসেবে হোর্হে মারিও বেরগোগলিওর মনোনয়ন অনেক দিক থেকেই ছিল অপ্রত্যাশিত। পাক্কা তেরো শ বছর পর ইউরোপের বাইরে থেকে কাউকে পোপ করলেন ক্যাথলিক খ্রিষ্টান যাজকেরা। লাতিন আমেরিকা থেকে হওয়া প্রথম পোপ বেরগোগলিও, যদিও বিশ্বের রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ৪০ শতাংশই এ অঞ্চলের অধিবাসী। ক্ষুদ্র জেসুইট সম্প্রদায় থেকে হওয়া প্রথম পোপও তিনিই।বলা হচ্ছে, রোমান ক্যাথলিক চার্চের চেহারা বদলে দেবেন পোপ ফ্রান্সিস। নির্বাচিত হয়ে পোপ নিজেও বলেছেন, ভ্যাটিকানকে তিনি দেখতে চান ‘গরিবের জন্য গরিবের চার্চ’ হিসেবে। কাজের মধ্য দিয়ে তার প্রমাণও দিচ্ছেন। জমকালো সেন্ট পিটার্স ব্যাসিলিকার বদলে প্রথম রোববারের প্রার্থনা পরিচালনা করেন ভ্যাটিকানের ছোট ও সাদামাটা প্যারিশ চার্চে। প্রার্থনা শেষে যেভাবে প্রার্থনাকারীদের কাছে এগিয়ে গিয়ে হাত মেলান তার সঙ্গে নিভৃত পল্লির নিরিবিলি চার্চের যাজকেরই মিল বেশি। সব মিলিয়ে এটা ইতিমধ্যেই স্পষ্ট যে, পূর্বসূরি পোপ বেনেডিক্টের চেয়ে তাঁর কায়দা অনেকটাই আলাদা। ফ্রান্সিসের কেতা গড়পড়তা যাজকের, শাস্ত্র থেকে ভারি ভারি উদ্ধৃতির বদলে তিনি শিক্ষা দেন নানা বাস্তব ঘটনার নজির তুলে ধরে। কথাবার্তা ঘরোয়া মেজাজের। লিখিত ভাষণ পড়া তাঁর খুব পছন্দের কাজ নয়। যুগের হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমেও উপস্থিতি আছে ফ্রান্সিসের। গত রোববার রোমে ভাষণ দেওয়ার পর প্রথম ‘টুইট’ করেন পোপ। তাতে তিনি ভক্তদের ‘বন্ধু’ সম্বোধন করে তাঁদের ধন্যবাদ দেন। তাঁর জন্য প্রার্থনা করতেও বলেন। নতুন পোপ তাঁর দেশ আর্জেন্টিনার একটি অন্ধকার রাজনৈতিক সময় নিয়ে সে দেশে সৃষ্ট বিভক্তিও দূর করতে সচেষ্ট হয়েছেন। ১৯৭৬ থেকে ১৯৮৩ পর্যন্ত সময়কালের নিন্দিত সেনাশাসনের সময় স্বৈরশাসকের নির্যাতন মুখ বুজে সহ্য করার অভিযোগ আছে দেশটির চার্চের বিরুদ্ধে। তবে ফ্রান্সিস দাবি করেছেন, নেপথ্যে থেকে তিনি সামরিক সরকারের নির্যাতনের শিকার অনেকের পরিবারকে সাহায্য করেছেন। আর এ বিষয়ে পরে দুঃখ প্রকাশ করতে চার্চ নেতাদের রাজি করানোর ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল তাঁর। ভ্যাটিকান সাধারণ ক্যাথলিকদের হূদয়ের স্পন্দন বুঝতে পারছে না আর আমলাতন্ত্রে হাবুডুবু খাচ্ছে—এমন অভিযোগের মধ্যে পোপ ফ্রান্সিসের আবির্ভাব তাই এক পশলা সুবাতাস বলেই মনে হতে পারে। দাউদ ইসলাম