অন্য রকম ক্রিকেট

ছোটবেলা থেকেই ক্রিকেট খেলাটার প্রতি আমার মারাত্মক নেশা। আমার এখনো মনে আছে, যখন স্কুলে ভর্তি হই, তখন আমার প্লাস্টিকের বড় একটা খেলনা রুই মাছ ছিল, যেটার সাইজ প্রায় এক থেকে দেড় হাত। সেটাকে ব্যাট বানিয়ে আর কাগজ মুঠো করে দড়ি দিয়ে বেঁধে বল বানিয়ে ক্রিকেট খেলতাম। এর কিছুদিন পর পুরোনো ফার্নিচারের ভাঙা অংশ দিয়ে ব্যাট বানিয়ে ক্রিকেট খেলতাম।
যখন আরও একটু বড় হলাম, তখন পাড়ার সমবয়সী বন্ধুদের সঙ্গে সত্যিকারের ব্যাট আর টেপ টেনিস বল দিয়েই খেলতাম। খেলায় এতটাই মিশে যেতাম যে সন্ধ্যার পর বাসা থেকে ডাকলেও খবর হতো না। খেলতে গিয়ে কত কিছুই যে ভাঙতাম। শখের হাতঘড়ি তার মধ্যে অন্যতম। একবার তো ফিল্ডিং করতে গিয়ে ব্যাটসম্যানের দুর্দান্ত কাভার ড্রাইভ করা ব্যাট এসে লাগে সোজা আমার মুখে। মুখে ছিল চশমা, মুহূর্তে সেটা ভেঙে চুরমার। চশমাটা নিজের জীবন দিয়ে আমার মুখটা বাঁচিয়েছিল।
কখনো-বা আবার আমিই আরেকজনের জিনিস ভাঙার মহান দায়িত্ব নিজের কাঁধে নিতাম। এ ক্ষেত্রে প্রতিবেশীর বাসার জানালার কাচ আমার প্রথম পছন্দ ছিল। এরপর মানুষের শখের বাগানের গাছ, টব—কিছুই বাদ যেত না। ছোটবেলায় আমি ও আমার বন্ধুরা ছিলাম এমনই দুর্ধর্ষ ক্রিকেটার!
তৌহিদুল ইসলাম চৌধুরী
পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।