অন্য রকম জন্মদিন

ঘড়িতে সময় তখন সকাল সাড়ে ১০টা। ষোলোশহর স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে ট্রেন ছেড়ে যাচ্ছে। হুইসেল বাজিয়ে দুলতে দুলতে ছুটে চলছে শাটল।
প্রতিদিন মজার সব গল্পের আবির্ভাব হচ্ছে এই ক্যাম্পাসকে ঘিরেই। কেউ ক্লাসের পেছনে ছুটছে, কেউ ব্যস্ত ল্যাব বা পরীক্ষা নিয়ে। এত সব ব্যস্ততার ভিড়ে জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোর কথা অনেক সময় মনেও থাকে না। আমিও আমার জন্মদিনের কথা বেমালুম ভুলে বসে ছিলাম।
ক্লাস থেকে বের হয়ে মুক্তমঞ্চের ফাঁকা জায়গাটায় পা রেখেই বুঝলাম, আমি ভুলে গেলেও বন্ধুরা ভোলেনি। সবাই হাজির সেখানে। কেক নিয়ে প্রস্তুত বন্ধুরা। কিন্তু বাপ্পা আর মুকুল তখনো এসে পৌঁছায়নি। বন্ধুদের তো চিনি, জানতাম আরও কিছু চমক অপেক্ষা করছে। হলোও তাই। একটু পর দুজন হাজির হলো ফিডারভর্তি দুধ নিয়ে। তখনো ওদের মতলবটা বুঝতে পারিনি। ভেবেছিলাম এটা হয়তো উপহার হিসেবে থাকবে। উপহার হিসেবেই ছিল, তবে শর্ত ছিল একটা। ফিডারভর্তি দুধ বাচ্চারা যেভাবে খায়, ঠিক সেভাবে খেতে হবে আমাকেও। অভিজিত তো বলেই বসল, ‘চুকচুক করে আওয়াজ করে খেতে হবে।’ সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ল।
উপায় না দেখে আমিও বীরদর্পে ফিডার থেকে দুধ পান করতে শুরু করলাম। আবারও অট্টহাসিতে ফেটে পড়ল সবাই। বাকি অংশের সমাপ্তি ঘটে কেক খেয়ে আর মাখামাখি করে। তবে খাওয়ার চেয়ে মাখামাখিটাই হলো বেশি! দিন শেষে খুশি মনে ঘরে ফেরা। আর এভাবেই ক্যাম্পাস-জীবনের দিনগুলো রঙের পসরা সাজিয়ে ঠাঁই নেয় অমলিন স্মৃতিতে।
লেখক: চতুর্থ বর্ষ, ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়