
এখন সিক্স প্যাক অ্যাবস কিংবা বাইসেপ, ট্রাইসেপ পেশি গঠন শুধু তারকাদের মধ্যে সীমাবদ্ধ নেই। ফ্যাশন ও সৌন্দর্যসচেতন অনেকেই খানিকটা সময় বরাদ্দ রাখছেন ব্যায়ামের জন্য। কিছু ব্যায়াম শরীরকে ফিট রাখে। আর কিছু ব্যায়াম ফিট রাখার পাশাপাশি শরীরকে আকর্ষণীয় করে তোলে। ঢাকার অ্যাডোনাইজ ফিটনেস সেন্টারের প্রশিক্ষক মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, শরীরের প্রতিটি পেশি গঠনের জন্য আছে আলাদা ব্যায়াম। এসব ব্যায়ামের জন্য খাবারের দিকেও নজর দিতে হবে। ব্যায়াম আর খাবারে সামঞ্জস্য থাকলে শারীরিক গঠন সুন্দর হতে বাধ্য। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন আয়োজিত ৮০+ কেজি বিভাগে প্রথম হয়েছেন সুমন চৌধুরী। তিনি ২০১৪ সালের ‘মিস্টার বাংলাদেশ’ হয়েছিলেন। বললেন, ‘নিয়মিত খেলাধুলা করলে শরীর ভালো থাকে, সেই সঙ্গে শরীরের গঠনও ভালো হয়। এখন তো খেলার জায়গার খুব অভাব। তাই জিমই ভরসা। শরীরের গঠনকাঠামোতে পরিবর্তন আনতে চাইলে প্রশিক্ষকের সাহায্য নিয়ে নিচের ব্যায়ামগুলো করতে পারেন।
বুকের গঠন
ছেলেদের বুকের পেশিগুলোকে সুগঠিত করতে নির্দিষ্ট কিছু ব্যায়াম করতে হয়। এ ব্যায়ামে পেশি প্রসারিত হয়।
ফ্লোর পুশআপ: শক্ত মেঝেতে লম্বা হয়ে বুকডন দিতে হবে। মোট চার সেট। প্রতি সেটে ১২ থেকে ১৫টা করে বুকডন হবে।
বার্বেল বেঞ্চ প্রেস: বেঞ্চে চিৎ হয়ে শুতে হবে। বার্বেলের দুই পাশের ওয়েট প্লেট শারীরিক সামর্থ্য অনুযায়ী নিতে হবে। তারপর বার্বেলটি বুকবরাবর দুই হাত দিয়ে ওঠাতে হবে। মোট চার সেট করতে হবে। প্রতি সেটে ১০ থেকে ১২ বার।
ইনক্লাইন বার্বেল বেঞ্চ প্রেস: এই ব্যায়ামটি বার্বেল বেঞ্চ প্রেসের মতোই। এ ক্ষেত্রে পার্থক্য শুধু বেঞ্চে। বাঁকা বেঞ্চে পেছনে হেলে বার্বেলটি ওঠাতে হবে। ৪ সেট করতে হবে। প্রতি সেট ১০ থেকে ১২ বার।
বাটারফ্লাই প্রেস: এটি জিমের যন্ত্রের সাহায্যে করতে হবে। দুই হাত দিয়ে স্প্রিং লাগানো দুটি হাতল টেনে বুকবরাবর আনতে হয়। তিন সেট দিতে হবে। প্রতি সেট ১২ থেকে ১৫ বার।
প্যারালাল বার ডিপস : বুকের মাংসপেশি প্রসারিত করতে এটি খুব কার্যকর। সমান্তরাল দুটি বারে হাত রেখে, শরীরের উপরের দিকটা একটু ঝুঁকে নিয়ে আবার তুলে ফেলতে হয়। তিন সেট দিতে হবে। প্রতি সেট ১০ থেকে ১২ বার।

বাইসেপ বা ঊর্ধ্ববাহুর সামনের পেশি গঠন
স্ট্যানডিং বার্বেল কার্ল: সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত দিয়ে বার্বেলে রড ধরে, ওয়েট লিফটিংয়ের মতো বুকের ওপর টেনে আনতে হবে। এভাবে তিন সেট। প্রতি সেট ১০ থেকে ১২।
সিটেট ইনক্লাইন ডাম্বেল কার্ল: হেলানো বেঞ্চে বসে দুই হাতে ডাম্বল নিয়ে, হাত ভাঁজ করে ডাম্বল কাঁধ পর্যন্ত আনতে হবে।
এ ছাড়া করতে পারেন সিটেড ডাম্বেল হ্যামার কার্লসহ আরও কিছু ব্যায়াম।
ট্রাইসেপ বা ঊর্ধ্ববাহুর পেছনের পেশি গঠন
লাইং ওভারহেড বার্বেল এক্সটেনশন: বেঞ্চে শুয়ে বার্বেল ধরে চোখবরাবর ওপরে ওঠাতে হবে, আর নামাতে হবে। তিন সেট হবে। ১২ থেকে ১৫ বার করে।
ট্রাইসেপ ক্যাবল প্রেস ডাউন: এই ব্যায়াম করতে হয় বিশেষ একটি যন্ত্রে। এতে ভারবাহী দড়ি লাগানো থাকে। দুই হাত দিয়ে দড়ি টেনে নিচে নামাতে হয়। এটি করতে হবে তিন সেট। প্রতিটিতে ১২ থেকে ১৫ বার। ট্রাইসেপের জন্য আরও করতে হবে ফ্লাট ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেসসহ আরও কিছু।
কাঁধের গঠন
সিটেড ডাম্বেল ল্যাটারাল রাইজেস: দাঁড়িয়ে ডাম্বল নিয়ে, দুই হাত দুই দিকে প্রসারিত করে ডাম্বলসহ হাত ওঠাতে হবে, আর নামাতে হবে। এভাবে ৪ সেট হবে। প্রতি সেটে ১৫ বার।
স্ট্যান্ডিং ডাম্বেল ফ্রন্ট রাইজেস: বেঞ্চে বসে ডাম্বল হাতে নিয়ে হাত প্রসারিত করতে হবে, আবার হাত বাঁকা করে ডাম্বল কাছে আনতে হবে। এ ছাড়া করতে পারেন স্ট্যান্ডিং ডাম্বল শ্রাগমতো কাঁধ গঠনের জন্য আরও কিছু প্রয়োজনীয় ব্যায়াম।
পেটের ঊর্ধ্বভাগের পেশি গঠন
ফ্লোর ক্রাঞ্চ: মেঝেতে শুয়ে দুই পা ভাঁজ করতে হবে। এবার মাথার পেছনে দুই হাত রেখে দেহ মেঝে থেকে তুলতে হবে। প্রতি সেটে ২০ থেকে ৩০ বার করে ৪ সেট করতে হবে।
অবলিগ ক্রাঞ্চ: এই ব্যায়ামটি ফ্লোর ক্রাঞ্জের মতোই, এখানে মাথার পেছনে এক হাত রেখে, শরীর বাঁকিয়ে ওপরে তুলতে হবে।
পেটের নিম্নভাগের পেশি গঠন
হ্যাঙ্গিং লেগ রাইজ: লোহার রডে দুই হাতে ঝুলে থেকে পা আস্তে করে ওপরে তুলে ফেলতে হবে। চার সেট করতে হবে। প্রতি সেটে ১৫ থেকে ২০ বার।
ফ্লোর রোপ ক্রাঞ্চ: হাঁটু গেড়ে বসে দুই হাতে দড়িতে ঝোলানো রড টেনে নিচে নামাতে হয়। এটিও করতে হবে চার সেট। ১৫ থেকে ২০ বার।
পায়ের গঠন
পায়ের গঠন ঠিক রাখতে করতে পারেন ফ্রি স্কোয়াট, লেগ প্রেস, স্ট্যান্ডিং বার্বেল স্কোয়াটের মতো ব্যায়ামগুলো।
