অন্য রকম প্রযুক্তি শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লির অপেক্ষাকৃত কোলাহলমুক্ত মতি নগর এলাকা। সুরম্য একটি ভবন। ভেতরে অনেকগুলো শ্রেণীকক্ষ।একেকটি কক্ষে শিক্ষার্থী মাত্র একজন। আর শিক্ষক? শিক্ষকও একজন। প্রথমে মনে হলো এখানে বুঝি তাঁরা প্রাইভেট পড়ছেন। কিন্তু শিক্ষার্থীদের দেখে ভুল ভাঙল। কারণ, কেউ এসেছেন অস্ট্রেলিয়া-ফিজি থেকে, কেউ সুদূর আফ্রিকার ঘানা, অ্যাঙ্গোলা বা সৌদি আরব থেকে। একেকটি শ্রেণীকক্ষে আলাদা পাঠদান। চলে সকাল থেকে রাত পর্যন্ত। এটা ভারতের একটি তথ্যপ্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান। নাম কোয়েনিগ সলিউশনস। স্বল্পমূল্যে তথ্যপ্রযুক্তি বিষয়ে পাঠদান করিয়ে প্রতিষ্ঠানটির খ্যাতি ছড়িয়েছে দুনিয়াজুড়ে। এই প্রতিষ্ঠানের আমন্ত্রণে কয়েকটি দেশের সাংবাদিকেরা সম্প্রতি গিয়েছিলাম পাঠদান দেখতে।আতিথেয়তার শুরু নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ট্যাক্সি হাজির। শুধু কি অতিথিদের জন্য? প্রতিটি শিক্ষার্থীর জন্যই এ ব্যবস্থা থাকে। সেখান থেকে তাদের নিজস্ব আবাসন করোলবাগের কোয়েনিগ ইনে রাত যাপন। সকালের নাশতা। তারপর গাড়িতে মতিনগর শিক্ষাপ্রতিষ্ঠানে। প্রতিদিন একই রুটিন। দুপুরের খাবার, আবার গাড়িতে কোয়েনিগ ইন।পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসছেন তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিতে। তাঁরা এখানে কী শেখেন? মূলত মাইক্রোসফট, সিসকো, ওরাকল, লিনাক্স, জাভা, রেড হ্যাট, সিআইএসএসপি, সিকিউরিটি+, সিইএইচ, পিএমপিসহ নানা বিষয়ে সার্টিফিকেশন কোর্স করিয়ে থাকে কোয়েনিগ। পাশাপাশি আছে হার্ডওয়্যার কোর্স সার্টিফিকেশন। তাঁরা মাইক্রোসফট, সিসকো, ওরাকল, ভিএমওয়্যার, রেড হাট, এডোবি, চেকপয়েন্ট, নভেল, কম্পটিআইএ, ইসি-কাউন্সিল, এলপিআই এবং সিডব্লিউএনপির অনুমোদিত প্রশিক্ষণ অংশীদার।কোয়েনিগের সফলতার মূল রহস্য কোথায়—জানতে চেয়েছিলাম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রুহিত আগরওয়ালের কাছে। জানালেন, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ওয়ান-অন-ওয়ান ট্রেনিং। অর্থাৎ একজন শিক্ষার্থী, একজন শিক্ষক। আর খরচটা বিশ্বের অন্যান্য স্থান থেকে একেবারে অর্ধেক। স্বল্প খরচে কীভাবে ভালো প্রশিক্ষণ সম্ভব? জানালেন, ভারতের সবচেয়ে বড় সুবিধা এখানে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানুষের সংখ্যা প্রচুর। ভারতীয়রা সাধারণত গণিত ও বিজ্ঞানে ভালো হয়ে থাকে। স্কুল থেকেই এ দুটি বিষয়ে তাদের জোর দেওয়া হয়। এর সুবাদে এখানে স্বল্প খরচে প্রশিক্ষক পাওয়া যায়। আর এক শিক্ষক, এক শিক্ষার্থী পদ্ধতিতে ছাত্রছাত্রীরা দ্রুত এবং সহজে দক্ষতা অর্জন করতে পারে। এ জন্য তাদের রয়েছে নিয়মিত, দ্রুত এবং অতিদ্রুত পদ্ধতির প্রশিক্ষণ।রুহিত আগরওয়াল জানালেন, ইউরোপে তথ্যপ্রযুক্তি শিক্ষার হাব বলা যায় জার্মানিকে; মধ্যপ্রাচ্যে আবুধাবি, আমেরিকায় যুক্তরাষ্ট্র, আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা আর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হলো অস্ট্রেলিয়া। এসব এলাকা থেকে কোয়েনিগে মাসে অন্তত ২০০ জন প্রশিক্ষণ নিতে আসছেন। এর কারণ হলো ওই সব দেশের চেয়ে শুধু কোর্স ফি ৫০ শতাংশ কম। এরপর ভিসা প্রক্রিয়ায় সহযোগিতা, বিমান টিকিট কাটা থেকে আবাসন, প্রতিদিনের যাতায়াতের গাড়ি, তাৎক্ষণিক এক হাজার রুপি সরবরাহ, বিদেশেকল করার সুবিধাসহ মুঠোফোন সংযোগ, সঙ্গে এক হাজার রুপির টক টাইম ইত্যাদি সুবিধা দেওয়া হয। কোর্স শেষে আবার বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ প্রশিক্ষণের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ সমাধান। জানা গেল, কোয়েনিগের মোট চারটি প্রশিক্ষণকেন্দ্র। এগুলো হলো নয়াদিল্লি, গোয়া, হিমাচল প্রদেশের সিমলা ও উত্তরখণ্ড রাজ্যের দেরাদুনে। সবগুলোতে একই ধরনের প্রশিক্ষণ, একই সুযোগ-সুবিধা। তাদের পূর্ণকালীন শিক্ষকের সংখ্যাও ১০০।উগান্ডা থেকে পড়তে এসেছেন মিয়া মিয়া। করছেন সিসকোর সিসিএনএ কোর্স।নয় দিনের কোর্স। কেমন শিখছেন জানতে চাইলে বললেন, চমৎকার। আফ্রিকা থেকে এখানে এসেছেন কেন? জানালেন খরচ অনেক কম। পুরোটাই নিজেকে বহন করতে হচ্ছে। তিনি শিক্ষকের একমাত্র ছাত্র হওয়ায় পুরো সময়ই কাজে লাগাতে পারছেন। কোয়েনিগের খারাপ দিকটি কী? অনেকক্ষণ ভেবে—‘তেমন কিছু পাইনি’।একে একে কথা হলো অ্যাঙ্গোলার মাস, যুক্তরাজ্যের বব মিলস, ফিজির দম্পতি অ্যাপোলসি ও ভিজা এবং সৌদি আরবের মোহাম্মদ আমানসহ ১৫-২০ জন শিক্ষার্থীর সঙ্গে। কারও কোর্স সবে শুরু, কেউ মাঝপথে, কারও একেবারে শেষ পর্যায়ে। কথা বলে মনে হলো, প্রশিক্ষণ নিয়ে সবাই সন্তুষ্ট। যুক্তরাজ্য থেকে চার হাজার মাইল উড়ে এসেছেন বব মিলস। তাঁর বক্তব্য, আরও ভালো পেশাজীবনের জন্যই তাঁর প্রশিক্ষণ নিতে আসা। তাঁর বড় ভাইও কয়েক বছর আগে এখানে কোর্স করেছেন। তিনিই ববকে এখানে আসার পরামর্শ দিয়েছেন। শুধু ভালো প্রশিক্ষণ দিয়েই কি দায়িত্ব শেষ? কোয়েনিগের জবাব, ‘না।’ সামাজিক দায়বদ্ধতা থেকে তারা দিল্লির সুবিধাবঞ্চিত কয়েক শ শিশুর শিক্ষার দায়িত্ব নিয়েছে। শিক্ষা উপকরণসহ দরিদ্র এসব শিশুকে আলোকিত করতে এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ফলে কারও পেশাজীবন আবার কারও জীবনটাকেই গড়ে দেওয়ার চেষ্টা করছে কোয়েনিগ।