অন্য রকম পয়লা বৈশাখ

কক্সবাজারের কলাতলী সড়কের রোদেলা রেস্তোরাঁয় ঢুকেই ভিরমি খেতে হলো। সবগুলো আসন পূর্ণ। পয়লা বৈশাখের দিন যখন পান্তা-ইলিশ নিয়ে ব্যস্ত সবাই, তখন আসন পূর্ণ করে বসে থাকা একদল শিশু গপাগপ বিরিয়ানি খাচ্ছে। থালার এক পাশে মুরগি আর ডিম। যে ছেলেমেয়েগুলো আয়েশ করে খেতে বসেছে, একটু আগেও তারা ছিল রাস্তার পাশে। হয়তো ভাবছিল, আর দশটা দিনের মতো অন্যের সামনে হাত পেতে কিংবা বোতল কুড়িয়েই কাটবে তাদের নববর্ষের ‘উৎসব’।
সুবিধাবঞ্চিত এই শিশুদের জন্য কারা করল এই আয়োজন? জানা গেল ‘হেল্প’ নামের সংগঠনের তরুণেরাই আয়োজনের অনুঘটক। তবে এই ‘হেল্প’-এর আক্ষরিক অর্থ সহযোগিতা নয়। পুরো নাম ‘হেয়ার ইজ দ্য এনজয়মেন্ট অব লাভিং িপপল’। পয়লা বৈশাখে এই সংগঠনটির উদ্যোগে তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
কথা হলো সংগঠনের সদস্য, কক্সবাজার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রহিম উল্লাহর সঙ্গে। বললেন, ‘আমাদের সংগঠনের বয়স গত মাসে এক বছর হয়েছে। আমরা নানা ধরনের সামাজিক কাজ করার চেষ্টা করি। সেই চেষ্টার একটি আজ সুবিধাবঞ্চিত শিশুদের বিরিয়ানি খাওয়ানো।’

বিরিয়ানি খাওয়ানোর রহস্যও উন্মোচন করলেন তিনি, ‘পান্তা তো ওদের অনেকেরই নিয়মিত খাবার। আজকের দিনেও কি ওই সব খাওয়ানো যায়?’ রহিম উল্লাহর পাশে দাঁড়ানো আবদুল্লাহ আল ফয়সাল শোনালেন এই আয়োজনের স্লোগান। ‘কত বোশেখ কাটল আমার পান্তা-ইলিশ মুখে, এই বোশেখে বঞ্চিতদের জড়িয়ে নেব বুকে।’
ততক্ষণে খাওয়াদাওয়া মাঝপথে এসে পৌঁছেছে। এমন সময় হাজির হলেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯-এর রানারআপ কক্সবাজারের ছেলে কমরউদ্দিন আরমান। কিছু সময় কাটালেন শিশুদের সঙ্গে। বললেন, ‘এই শিশুরা এখানকার চেনামুখ। কেউ মাথা মালিশ করে, কেউ পানি বিক্রি করে, কেউ বোতল কুড়ায়। এদের একসঙ্গে খাওয়ানোর উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।’
রহিম উল্লাহ জানালেন, ‘হেল্প’-এর বেশির ভাগ সদস্য উচ্চমাধ্যমিক পড়ুয়া। কেউ এ বছর পরীক্ষায় বসবে, কেউ প্রথম বর্ষের শিক্ষার্থী। স্কুলপড়ুয়ারাও আছে। জান্নাতুল আরফিন নামের এক সদস্য বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তিনিই একমাত্র ‘সিনিয়র আপু’।
সংগঠনটির সদস্যদের অধিকাংশই কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ ও কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তবে সব কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত আছে এই সংগঠন। এখন পর্যন্ত ৪০ জনের বেশি সদস্য রয়েছে। হেল্পের নিয়মিত কাজ প্রসঙ্গে রহিম উল্লাহ বললেন, ‘আমিসহ আর কয়েকজন বন্ধু বছরখানেক আগে উদ্যোগ নিয়ে কাজ শুরু করি। তারপর থেকে কম্বল বিতরণ, ঈদের আগে শিশুদের নতুন জামা বিতরণসহ নানা ধরনের কাজ করে আসছি।’ জানা গেল, ফেসবুকে ইভেন্ট খুলে সংগঠনের জন্য সহযোগিতা চাওয়া হয়। সেখান থেকে যা পাওয়া যায়, তার সঙ্গে সদস্যদের দেওয়া চাঁদা যোগ করেই করা হয় একেকটা আয়োজন।