এক.বুড়ো হাড়ের ইমান আলী একসময় দাপিয়ে বেড়িয়েছেন কৃষিজমি। চষেছেন হাল, মাথায় টেনেছেন ফসলের ভারী বোঝা। ৭০ বছর বয়সে চার প্রজন্মের পূর্বসূরি হয়েছেন, সম্পত্তি ভাগাভাগির টানাপোড়েনে হয়েছেন বর্গাচাষিও। দুঃখ নেই তাতে—যেখানে আনন্দ, ছুটে যান সেখানেই। গ্রামে বয়স ভারী হলে মানে অনেকেই, সে সঙ্গে ভারী হয় অবজ্ঞার পাল্লাও। তাতে কিছু যায়-আসে না। যখনই খবর পেলেন ‘ক্রিকেট’ খেলা আসছে তাঁর চরপুলিয়ামারী গ্রামে, তাঁকে আর থামায় কে? লাফ দিয়ে এক পায়ে খাড়া। খেলবেন ক্রিকেট। ভালো করে ‘ক্রিকেট’ কথাটিও বলতে পারেন না তিনি। তাঁর ভাষায় ‘টিকিট বল’ খেলা। এলাকার যুবক কামরুলের সহাস্য জিজ্ঞাসা, ‘চাচা, অস্ট্রেলিয়ারে হারাইবার পারবাইন?’ তিনি বললেন, ‘পারবাম।’আত্মবিশ্বাসের বীজ রোপিত হয়েছে এভাবেই। কৃষকের চাষাবাদের খোঁজখবরের পাশাপাশি মৌসুম বুঝে তাঁদের বহুদিন ধরেই আনন্দে মাতিয়ে আসছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বিশ্বকাপ ক্রিকেট ২০১১-কে সামনে রেখে তিনিই চরপুলিয়ামারী গ্রামের উদ্যোগী কৃষকদের শুনিয়ে আসেন তাঁদের এলাকায় অন্য রকম এক বিশ্বকাপ আয়োজনের খবর। তার পর থেকে ঘুম হারাম ওই গ্রামের হাজারো কৃষকের। শত কৃষক প্রস্তুত, বিশ্বকাপে খেলবেন তাঁরা। শর্ত ছিল—বয়স একটু ভারী, বর্গা কিংবা প্রান্তিক চাষি, যাঁরা কোনো দিন ক্রিকেট দেখেননি তাঁরাই সুযোগ পাবেন ওই খেলায় অংশ নিতে।তখন কেবলই আমন উঠেছে কামরুল হকের তিন বিঘা জমিতে। তিনি বললেন, বিশ্বকাপ আয়োজনে তিনি দেবেন মাঠ, জোগাড় করবেন শর্তমাফিক কৃষক—সবকিছু। শুরু হলো প্রস্তুতি। রোলার এনে সমান করা হলো মাঠ। চারদিকে মোটা বাঁশ দিয়ে তৈরি হলো গ্যালারি। নাম দেওয়া হলো ‘রবিলা স্টেডিয়াম’। সেখানেই হবে অন্য রকম বিশ্বকাপ। কৃষকদের একটি দলের নাম ‘বাংলাদেশ’, আরেক দলের নাম ‘অস্ট্রেলিয়া’। বাছাইয়ের দিনে কৃষকদের প্রশ্ন করা হলো, ‘অস্ট্রেলিয়া চেনেন?’কৃষকেরা বললেন, ‘চিনি।’এটা কী?তাঁরা বললেন, ‘একটা গেরাম।’কোথায়?‘ওই শম্ভুগঞ্জের ওই পারে, নেত্তকুনা রোডে।’দুই.২ জানুয়ারি ছিল সেই মাহেন্দ্রক্ষণ। সন্ধ্যা নামতে না নামতেই চরপুলিয়ামারীর সেই তিন বিঘার মাঠটি পরিণত হলো আলো ঝলমলে এক কোলাহলে। মাথার ওপর চারদিকে জ্বলছে ফ্লাডলাইট। জ্বলজ্বল করছে সাদা বর্ডার দেওয়া ক্রিকেট পিচটি। এক পাশে মিডিয়া বক্স। সেখানে রয়টার্স, বিবিসিসহ দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা। তাঁদের পাশে ধারাভাষ্যের জায়গা। সেখানে বসা নামকরা ধারাভাষ্যকার আবদুল হামিদ ও মনজুর হাসান মিন্টু। তার পাশে মহিলা গ্যালারি। সামনে আলোকসজ্জায় ঘেরা ফার্মারস ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সোনারঙা ট্রফি। মিডিয়াবক্সের পাশে একটি প্ল্যাটফর্মের ওপর তিনটি বানর। তারা মূলত চিয়ার গার্লসের ভূমিকায়। বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক মানের যেকোনো স্পোর্টস ইভেন্টের মতোই মাঠের চারদিকে বিজ্ঞাপন। বিজ্ঞাপনগুলো সবই প্রতীকী। রেডিও পার্টনার ‘রেডিও কেওয়াজ এফ এম ফোরটুয়েন্টি পয়েন্ট সিক্স’, অফিশিয়াল ড্রিঙ্কস ‘তালুকদারের ডাবের পানি’, মিডিয়া পার্টনার ‘এলটিভি’, সারা দিন লাইভসহ বিভিন্ন কৃষিপণ্যের উপকরণের সঙ্গে প্রতীকী ভাষায় লেখা বিজ্ঞাপন বোর্ড।তিন.ফুটে উঠল আতশবাজি। মাঠের এক প্রান্তে সারিবদ্ধ দাঁড়ানো লুঙ্গি-পাঞ্জাবি-শার্ট কিংবা মাফলারের ওপর দিয়ে লাল-সবুজের পতাকা আদলের জার্সি পরা বাংলাদেশ ও অস্ট্রেলীয় ক্রিকেটের হলুদাভ জার্সির রঙে মেলানো অস্ট্রেলিয়া দল। সব মিলিয়ে ২২ জন। তাঁদের সঙ্গে পরিচিত হতে মাঠে ঢুকলেন প্রতীকী ফার্মারস ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট কামরুল হক এবং শম্ভুগঞ্জের প্রতীকী স্পোর্টস মিনিস্টার শেখ মহিউদ্দিন। তারপর শুরু হলো খেলা। টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের ফাটানো পারফরম্যান্স। দর্শকভর্তি মাঠে উত্তেজনা। হাজারো দর্শকের হাতে ছক্কা আর চারের প্ল্যাকার্ড, সে সঙ্গে ভুভুজেলার মতো বাঁশির শব্দ। দর্শকদের উল্লাস, উচ্ছ্বাস কিংবা তাণ্ডব—যা-ই বলি, তা যেন আর শেষ হয় না। ব্যাটে ব্যাটে করতালি, বলে বলে শোর চিৎকার। ১০ ওভারের খেলায় বাংলাদেশ ১২২ রান। বাংলাদেশ দলের কৃষক নূরুল আমীন আরেকটু হলেই ছুঁয়ে ফেলেছিলেন সেঞ্চুরি। তিনি ৮০ রানে ক্ষান্ত দিলেন। এরই মধ্যে ড্রিঙ্কস বিরতিতে মাঠে ঢুকে পড়েছে অফিশিয়াল ড্রিঙ্কস তালুকদারের ডাবের পানি, সঙ্গে মাঠা। হাড়কাঁপানি ঠান্ডার মধ্যে বুড়ো হাড়ের ২২ তরুণ, কাটা ডাব মুখে তুলে চুমুকেই নিঃশেষ করে দিচ্ছিলেন। দ্বিতীয়ার্ধে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দল ১০ ওভারে তুলল ৭৫। চারদিকে উচ্ছ্বাস, শোর, আতশবাজি জিতে গেছে বাংলাদেশ। ইমান আলীরা কথা রেখেছেন। ওই যে ছোট্ট শব্দে বলেছিলেন ‘পারবাম’, তা পরিণত হলো ‘দেহাইয়া দিছি’তে।চার.ফার্মার অব দ্য ম্যাচ বাংলাদেশ দলের নূরুল আমীনকে পুরস্কার হিসেবে দেওয়া হলো একটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। তাঁর হাতে প্রথমে ঠিক ছাগলের মতো রেপ্লিকা, তারপর জীবন্ত ছাগল। ছাগলটাকে কোলে তুলে নিয়ে নেচে উঠলেন নূরুল। বললেন, ‘জীবনে খেলি নাই, একবারে এত্ত রান করছি। ছাগল পাইছি। আর কী লাগে?’ সোনারঙা ফার্মারস বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফি হাতে পাকা দাড়ির হাড় জিরজিরে বৃদ্ধগুলো তখন পুরোদস্তুর তরুণ। কত দিন যে এই কৃষকেরা এভাবে আনন্দিত হতে পারেননি..., এভাবে প্রাণখুলে একজন আরেকজনের গায়ে হুমড়ি খেয়ে পড়েননি...!পুরো আয়োজনটি ছিল বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে চ্যানেল আইয়ের হূদয়ে মাটি ও মানুষের প্রতীকী আয়োজন ‘কৃষকের বিশ্বকাপ ২০১১’ অনুষ্ঠানের ধারণপর্ব।