অন্য রকম বৌদ্ধবিহার
মহেশখালীর বৌদ্ধ নিদর্শনের মধ্যে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বড় রাখাইনপাড়া বৌদ্ধবিহার। প্রতি বছর অন্তত আট লাখ পর্যটক এই মন্দির পরিদর্শন করেন কক্সবাজার শহর থেকে সাগরদ্বীপ মহেশখালীর দূরত্ব প্রায় সাত কিলোমিটার। স্পিডবোটে গেলে সময় লাগে মাত্র ১১ মিনিট। সমুদ্র পাড়ি দেওয়ার সময় নজরে পড়ে দ্বীপের ২৬৮ ফুট উঁচু মৈনাক পাহাড়ের চূড়ায় স্থাপিত অপরূপ আদিনাথ মন্দির। মৈনাক পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে রাখাইনপল্লি। এর অল্প দূরে গোরকঘাটায় গেলে চোখে পড়বে গোরকঘাটা বড় রাখাইনপাড়া। এই দুই পল্লিতে প্রায় পাঁচ হাজার রাখাইনের বসবাস। বড় রাখাইনপাড়ায় গেলে দেখা যাবে উপকূলীয় রাখাইন আদিবাসী সম্প্রদায়ের ছন্দময় জীবন। কোমর তাঁতে বোনা ঝলমলে রঙিন পোশাকের রাখাইন তরুণ-তরুণী। স্বাদ নেওয়া যাবে আম, কুল, তেঁতুল ও জলপাই দিয়ে তৈরি রাখাইনদের ঐতিহ্যবাহী আচারের। তবে পর্যটকদের কাছে এ পাড়ার প্রধান আকর্ষণ ১১০ বছরের পুরোনো বড় রাখাইনপাড়া বৌদ্ধবিহার। প্রতি বছর অন্তত আট লাখ পর্যটক এই মন্দির পরিদর্শন করেন বলে জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি মং রি প্রু। গত বছরের ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধমন্দিরগুলোতে যে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছিল তাতে ধ্বংস হয়েছে বহু প্রাচীন বুদ্ধমূর্তি ও পুরাকীর্তি। সেই হামলার ধকল কাটিয়ে রামুর বৌদ্ধমন্দিরগুলো এখনো পূর্ণাঙ্গ চেহারা ফিরে পায়নি। এ কারণে আগের মতো পর্যটকের ঢলও নেই রামুতে। বৌদ্ধ-নিদর্শন দেখতে আসা পর্যটকদের ঢল এখন মহেশখালীর দিকে। আর মহেশখালীর বৌদ্ধ নিদর্শনের মধ্যে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বড় রাখাইনপাড়া বৌদ্ধবিহার।এই বিহারের প্রধান ফটক পেরিয়ে আঙিনায় ঢুকতেই নজরে পড়ে বিশাল একটি বুদ্ধমূর্তি। উত্তর পাশে কারুকার্যখচিত একটি ঘরে স্থাপন করা হয়েছে বিশাল গৌতম বুদ্ধের মূর্তি। মাঝখানে শত বছরের পুরোনো মূল মন্দিরে সাজানো রয়েছে কয়েক শ ছোট-বড় মূর্তি।সীমাঘর: বিহারের একটু দূরে একতলা পাকা ভবনে আছে ‘সীমাঘর’। শ্রমণ থেকে ভান্তে (ভিক্ষু) হওয়ার আগে এখানে দীক্ষা নেওয়া বাধ্যতামূলক। সব মন্দিরে সীমাঘর থাকে না। তাই কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের শ্রমণদের দীক্ষা নিতে এই সীমাঘরে আসতে হয়। কাঠের বুদ্ধমূর্তি: সীমাঘরে স্থাপন করা হয়েছে কাঠের তৈরি অন্য রকম বিশাল একটি বুদ্ধমূর্তি। মূর্তির উচ্চতা ১২ ফুট ও প্রস্থ চার ফুট। শত বছর আগে মিয়ানমারের রেঙ্গুনের কারিগর দিয়ে এটি তৈরি করা হয়। কাঠের ওপর সোনালি রং লাগানোর ফলে এটিকে নিখুঁত স্বর্ণের মূর্তির মতো দেখায়। জন্মরাশিচক্র প্যাগোডা: সীমাঘরের উত্তর পাশে খোলা মাঠে প্রায় ৬০ বছর আগে তৈরি হয় সোনালি প্যাগোডা বা জন্মরাশিচক্র প্যাগোডা। ২০ ফুট উঁচু এই প্যাগোডা সাজানো হয়েছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশিগুলোর ছবি দিয়ে। পর্যটকেরা এখানে এসে একবার ভাগ্যটা জেনে নিতে পছন্দ করেন। রাখাইনদের নববর্ষ উৎসব উপলক্ষে (সাংগ্রাং) তিন দিন এখানে ভাগ্য গণনার ধুম পড়ে। এ সময় অন্তত পাঁচ লাখ মানুষ ভাগ্য গণনা করেন। মুনজালিদা পুকুর: বিহারে আছে ‘পিস প্যাগোডা’ বা শান্তি প্যাগোডা নামের আরও একটি মন্দির। মন্দিরের সামনে আছে বড় একটি সিংহের মূর্তি। ১৯৪৩ সালে দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই অঞ্চলে মহামারি দেখা দিয়েছিল। মহামারি থেকে রক্ষার জন্য সিংহটি স্থাপন করা হয়েছিল বলে জানা যায়। সিংহের পশ্চিম পাশে মুনজালিদা পুকুর। গৌতম বুদ্ধ বৌদ্ধত্ব লাভের ছয় সপ্তাহ পরে ভারতের বুদ্ধ গয়ায় অবস্থিত মুনজালিদা পুকুরের পাড়ে ধ্যানে বসেছিলেন। সেই পবিত্র জলাধারের অনুকরণে ২০০৯ সালে এখানে খনন করা হয় মুনজালিদা পুকুর। বিহার কমিটির সাধারণ সম্পাদক মং বা ছেন বলেন, ‘মহেশখালীর এই মন্দিরের ওপর নির্ভর করছে অনেকের জীবনজীবিকা। তাই মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখেন সব সম্প্রদায় ও ধর্মের মানুষজন। আমরা চাই মহেশখালীর ঐতিহ্য হিসেবে এই মন্দির হাজার বছর টিকে থাক।’