প্রত্যন্ত এলাকা থেকে এসেছিলেন রাঁধুনিরা। রান্নার উপকরণ ছিল কচুশাক, ডাঁটাশাক, ঢেকিশাক, কলারথোড়, থানকুচি পাতা, কাঁকড়া, মাশরুম, নাপ্পি (এক ধরনের আদিবাসী খাবার) , বাঁশ কড়ুল, কচুর লতি ও ফুল। নিয়ম ছিল তেল, মরিচ, লবণ, হলুদ এবং হালকা মশলা ছাড়া আর কোনো মসলা ব্যবহার করা যাবে না।ব্যতিক্রমী এই রান্না প্রতিযোগিতার অনুষ্ঠিত হয় রাঙামাটির কাপ্তাই উপজেলায়। ১১ মার্চ বেসরকারি সংস্থা আদিবাসী উন্নয়নকেন্দ্র (সিআইপিডি) আয়োজন করে কৃষি ও খাদ্য উৎসবের। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত এই উৎসবের প্রধান আকর্ষণ ছিল রান্না প্রতিযোগিতা। উপজেলার চন্দ্রঘোনা, রাইখালী, চিৎমরম, কাপ্তাই এবং ওয়াগ্গা ইউনিয়নের কয়েক শ কৃষাণ-কৃষাণি উৎসবে যোগ দেন।বিভিন্ন এলাকা থেকে আসা রাঁধুনীদের মধ্যে বাছাইকরা সেরা ১০ জন অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। বিচারকদের রায়ে রাঁধুনি প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হন বিজলী চাকমা, দ্বিতীয় হন উসাচিং মারমা ও তৃতীয় হন সুলেখা তঞ্চ্যঙ্গা। সেরা রাঁধুনি বিজলী চাকমা প্রথম আলোকে বলেন, ‘প্রতিযোগিতাটা ছিল একেবারেই অন্যরকম। বেশি মশলা মিশানো যায়নি রান্নায়। তাই রান্নাকে সুস্বাদু করা ছিল কঠিন।’ব্যতিক্রমী এই রান্না প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন মারমা। সভাপতিত্ব করেন সিআইপিডি রাঙামাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা। ‘খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চাই-সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রস্তুত হও এখনই।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবের আয়োজন করেছে সিআইপিডি। কৃষি পণ্য উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় অনুষ্ঠানে পাঁচজন কৃষককে পুরস্কৃত করা হয়। এঁদের মধ্যে তামাকের জমিতে সবজি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করায় কৃষক কামাল উদ্দিনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।