অন্য রকম স্টুডিও ‘পোড়াপাড়া’
চট্টগ্রাম শহরের প্রান্তে পতেঙ্গা। সেখান থেকেও ১২ কিলোমিটার দূরে কর্ণফুলী নদী ও বিমানবন্দরের মাঝামাঝি বিজয়নগর। এই এলাকার বেশির ভাগ মানুষ শিক্ষাদীক্ষার প্রতি উদাসীন। জাহাজ থেকে চোরাই পণ্য খালাস এবং তা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়াকে এলাকায় বলা হয় ‘ব্যবসা’। কোনো পরিবারের ছেলে ‘সমর্থবান’ হলে ব্যবসায় নামবে—এটাই এলাকার রেওয়াজ। সে এলাকায় বড় হওয়া আবু নাসের (শিল্পাঙ্গনে ‘রবি’ হিসেবে অধিক পরিচিত) ব্যবসা করবেন—এমনটাই ভেবেছিলেন এলাকাবাসী। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে পাস করে তিনি হয়েছেন শিল্পী। তবে শিল্পী হওয়ার বাসনায় রাজধানীতে ছুটলেন না। অভিজাতপাড়ার গ্যালারিগুলোর মধ্যে নিজের বিচরণ সীমাবদ্ধও রাখলেন না। থেকে গেলেন নিজ এলাকার পিছিয়ে পড়া সহজ-সরল মানুষের মধ্যে। সেখানেই প্রতিষ্ঠিত করলেন ভিন্ন ধরনের একটি চারুকলা চর্চাকেন্দ্র—পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট। স্কুলশিক্ষক বাবার ২০ কাঠা জায়গার ওপর ২০০৪ সালে রবি গড়ে তুলেছেন এই ব্যতিক্রমী স্টুডিও। সমমনা কয়েকজন শিল্পী ছিলেন সহযাত্রী। চারুকলাচর্চার প্রথাগত পথে যেতে চাননি তাঁরা। ইচ্ছে ছিল শিল্পের সঙ্গে গণমানুষের যোগাযোগ ঘটানো। সমকালীন বিশ্বের শিল্পচিন্তা সম্পর্কেও আগ্রহী তাঁরা। তাই নতুন একটা শিল্প আন্দোলন শুরু করার চেষ্টা থেকেই জন্ম পোড়াপাড়া আর্ট স্পেসের। পোড়াপাড়া নামটা কেন? রবি বললেন, এখন যেখানে নতুন বিমানবন্দর গড়ে উঠেছে, সেই এলাকাটির নাম ছিল পোড়াপাড়া। বর্তমান বিজয়নগরের বাসিন্দারা ওই এলাকায় থাকতেন। বিমানবন্দরের মধ্যে হারিয়ে যাওয়া বিস্মৃত সেই জনপদের নামেই গড়ে উঠেছে স্টুডিওটি। পোড়াপাড়ার সদস্যরা কাজ করেন শিল্পের নতুন নতুন শাখায়। রবির মতে, শিল্পবোদ্ধা বিশেষ কোনো গোষ্ঠী বা অভিজাত শ্রেণীর প্রতি তাঁদের কোনো দায়বদ্ধতা নেই। যদিও এ দেশে শিল্পের প্রধান পৃষ্ঠপোষক এই শ্রেণীটিই। পোড়াপাড়ার শিল্পীদের লক্ষ্য সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন। এ জন্য স্থাপনাশিল্প, ভিডিও আর্ট ও পারফরম্যান্স আর্টকে গুরুত্ব দিয়েছেন তাঁরা। বিশ্বের বিভিন্ন দেশের সমকালীন শিল্প-আন্দোলনের সঙ্গে যুক্ত শিল্পীদের সঙ্গেও যোগাযোগ হয়েছে তাঁদের। জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ভারত, দক্ষিণ আমেরিকা, মেক্সিকোসহ বিভিন্ন দেশের ৩৫ জন শিল্পী পোড়াপাড়ায় এসেছেন। তাঁদের মধ্যে মেক্সিকোর ফার্নান্দো পালমা, জাপানের সেইজি শিমুজা ও ওসামা কুরুদা সাম্প্রতিক সময়ের খ্যাতিমান শিল্পী। এ পর্যন্ত পাঁচটি আর্ট ক্যাম্প, ৩৫টি কর্মশালা ও ১০টির মতো প্রদর্শনী হয়েছে এখানে। পোড়াপাড়ার শিল্পচর্চা নিয়ে দেশ ও বিদেশের একাধিক পত্রিকায় প্রবন্ধও প্রকাশিত হয়েছে। সম্প্রতি পোড়াপাড়ার আয়োজনে চট্টগ্রাম এবং ঢাকায় হয়ে গেল আন্তর্জাতিক পারফরম্যান্স আর্ট ফেস্টিভাল। জাপান, ভারত ও বাংলাদেশের ৪৫ জন শিল্পী এতে অংশ নেন। ৬ জুন পোড়াপাড়া ঘুরে দেখতে দেখতে কথা হলো শিল্পী আবু নাসের রবির সঙ্গে। দেখা গেল, ক্যানভাস ইজেলের পাশাপাশি পোড়াপাড়ায় রয়েছে মাটি ও সিরামিকের কাজ করার জন্য চুল্লি এবং ছাপচিত্রের কাজ করার জন্য প্রিন্ট মেশিন। এ ছাড়া আছে প্রয়োজনীয় সব উপকরণ। দেশের বা দেশের বাইরের শিল্পীরা যাতে এখানে এসে থাকতে পারেন, রয়েছে সেই ব্যবস্থাও। অতিথি শিল্পীরা এখানে এসে নিজেরাই খাবার রান্না করেন। সমুদ্র থেকে উড়ে আসা মাতাল বাতাসে নিমগ্ন হয়ে কাজ করছিলেন দক্ষিণ কোরিয়ার শিল্পী জিয়ন পার্ক। ৫০ দিনের সফরে পোড়াপাড়ার আমন্ত্রণে তিনি ১ জুন চট্টগ্রামে এসেছেন। এখানে কাজ করছেন চট্টগ্রাম শহরের ওপর। পার্ক বললেন, ‘পোড়াপাড়ায় এসে খুব ভালো লাগছে। এখানকার মানুষ খুবই অন্য রকম।’ এ দেশে এসে রিকশার প্রেমে পড়েছেন তিনি। জানালেন, ফেরার সময় একটা রিকশা কিনবেন। সিউলে কাজের ফাঁকে রিকশা চালানোর ইচ্ছে আছে তাঁর। বিজয়নগর এলাকার সাধারণ মানুষও পোড়াপাড়ার বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন। আমন্ত্রিত বিদেশি শিল্পীরা তাঁদের কাজ শেষে স্টুডিও ছেড়ে যাওয়ার আগে এলাকাবাসীর সঙ্গে কিছু সময় কাটান। এ জন্য আয়োজন করা হয় বনভোজনের। রবি জানান, এমন বনভোজনের ব্যবস্থা করা হয় মূলত এলাকাবাসীর সঙ্গে শিল্পীদের মতবিনিময়ের সুযোগ করে দিতে। আসলে এক ধরনের আর্ট ক্যাম্পই হয় তাঁদের নিয়ে। দেখা গেছে, এমন আর্ট ক্যাম্পে এলাকাবাসী ও প্রতিষ্ঠিত শিল্পীরা সম্মিলিত স্বতঃস্ফূর্তভাবে শিল্পকর্ম সৃষ্টি করেছেন।