অন্যরকম এক মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মা এমন এক রক্ষণশীল পরিবেশে বড় হয়েছেন, যেখানে মেয়েদের পড়ালেখা করানোর কথা কেউ চিন্তাই করত না। তিনি নিজেও লিখতে-পড়তে জানতেন না। তবে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সন্তানদের তিনি স্কুলে পাঠাবেনই। তা তিনি করেও ছাড়েন। আমি ছিলাম মা-বাবার একমাত্র সন্তান, যে কিনা একজন মেয়ে।’কথাগুলো সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রী জয়নাব বাঙ্গুরার। সম্প্রতি সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে বিবিসির সংবাদদাতাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জয়নাব সিয়েরা লিওনে দ্বিতীয় নারী, যিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।কঠিন প্রতিকূলতা ঠেলে এ অবস্থানে এসেছেন জয়নাব। মন্ত্রী হওয়া দূরে থাক, স্কুলের গণ্ডি পেরোনোরই কথা ছিল না তাঁর। ব্যাপারটা সম্ভব হয়েছে মূলত তাঁর মায়ের কারণেই। মেয়েকে লেখাপড়া শেখাতে অনেক ত্যাগ স্বীকার করেছেন এই নারী। এমনকি নিজের সংসার ভেঙে যেতে দিয়েছেন।‘মায়ের কারণেই আজ আমি এ অবস্থানে। তাঁর শোক কখনোই কাটিয়ে উঠতে পারিনি। মনে হয় না কোনো দিনই পারব। তাঁর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই।’ বলেন জয়নাব। জয়নাবের বাবা ছিলেন গ্রামের মসজিদের ইমাম। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়ালেখার কথা তিনি চিন্তা করতে পারতেন না। বাবা চেয়েছিলেন জয়নাবকে তাড়াতাড়ি বিয়ে দিতে। কিন্তু বেঁকে বসলেন মা। কারণ মেয়েকে অনেক লেখাপড়া করানো ছিল তাঁর স্বপ্ন। এ নিয়ে স্বামীর সঙ্গে বিরোধের কারণে শেষ পর্যন্ত তাঁর সংসারই ভেঙে যায়। জয়নাব বাঙ্গুরার জন্ম দেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত গ্রাম ইয়োনিবানায়। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখায় হাতেখড়ি। ওই স্কুল শেষে বিশেষ বৃত্তি পেয়ে জয়নাব ভর্তি হন কাছেরই মাথোরা শহরের মাথোরা গার্লস সেকেন্ডারি স্কুলে। সিয়েরা লিওনের অন্যতম ভালো স্কুল হিসেবে পরিচিত এটি। এর পরের লেখাপড়া রাজধানী ফ্রিটাউনে। শিক্ষা শেষে চাকরি নেন দেশের বৃহত্তম ইনস্যুরেন্স কোম্পানিতে। ক্রমে উঠে যান ভাইস প্রেসিডেন্ট পদ পর্যন্ত। ১৯৯১ সালে মায়ের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে গ্রামে ছুটে গেলেন জয়নাব। এদিকে তখন দেশে শুরু হয়েছে গৃহযুদ্ধ। যুদ্ধের প্রভাবে গ্রামের শোচনীয় দশা দেখে জয়নাবের মনোজগতে এল বড় পরিবর্তন। মোটা বেতন ও সম্মানের চাকরি ছেড়ে দিয়ে দেশে শান্তি আর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নামলেন। প্রতিষ্ঠা করলেন ‘ক্যাম্পেইন ফর গুড গভর্নেন্স’ নামের একটি সংগঠন। সেটা ১৯৯৫ সালের কথা। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে মুখোমুখি হলেন জয়নাব। তাদের রোষানলেও পড়ে গেলেন অচিরেই।জয়নাব জানান, সেই দিনগুলোর কথা মনে করলে এখনো শিউরে ওঠেন তিনি। বিদ্রোহীরা সবাইকে বলে বেড়াত, ‘আমরা তাঁকে ধর্ষণ করতে যাচ্ছি। তাঁকে হত্যা করতে যাচ্ছি।’ একদিন বিদ্রোহীরা জয়নাবের ফ্রিটাউনের বাড়ি ঘিরে ফেলে এবং গুলি বর্ষণ করতে থাকে। মৃত্যুকে তখন খুব কাছে মনে হয়েছিল তাঁর। কিন্তু সেই যাত্রা প্রাণে বেঁচে যান জয়নাব।রেভ্যুলশনারি ইউনাইটেড ফ্রন্ট (আরইউএফ) নামে একটি বিদ্রোহী গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। তাদের লক্ষ্য ছিল, দেশের হীরার খনিগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।দীর্ঘ ১১ বছর পর ২০০২ সালের ১৮ জানুয়ারি তখনকার প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বা গৃহযুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন। গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। বাস্তুচ্যুত হয় ২০ লাখ।যুদ্ধ শেষে জয়নাব ঠিক করলেন, তিনি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করবেন। জয়নাবের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ব্যাপক প্রচার পেলেও নির্বাচনে এক শতাংশেরও কম ভোট পান। তাঁর দল মুভমেন্ট ফর প্রগ্রেস (এমওপি) পার্লামেন্টে একটি আসন পেতেও ব্যর্থ হয়। ২০০৬ সালে জাতিসংঘের কাজ নিয়ে প্রতিবেশী আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ লাইবেরিয়ার পুনর্গঠন করতে যান জয়নাব। সেখানে তিনি হন জাতিসংঘ মিশনের সিভিল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক।২০০৭ সালে আর্নেস্ট বাই কোরোমা সিয়েরা লিওনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জয়নাব সিয়েরা লিওনে ফেরেন। প্রেসিডেন্টের আগ্রহেই তাঁর দেশে ফেরা। কিশোরী বয়স থেকেই কোরোমাকে চিনতেন জয়নাব। তাঁরা পাশাপাশি স্কুলে পড়াশোনা করেছেন। জয়নাবকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট। জয়নাব বলেন, ‘আমি তখন অনুভব করছিলাম, এবার দেশকে আমার কিছু দেওয়ার সময় হয়েছে।’এখন বছরে কয়েক মাস পর্যন্ত দেশে দেশে ঘুরে কাটে জয়নাবের। উদ্দেশ্য, দেশের জন্য সাহায্য-সহযোগিতা আদায়। সহকর্মীদের অনেকে মজা করে বলেন, জয়নাবের মন্ত্রণালয়ের নাম বদলে রাখা উচিত ভিক্ষা মন্ত্রণালয়। বিদেশ সফরের বিমানভাড়া বাবদ গরিব দেশটির মোটা অঙ্কের টাকা খরচ হয় বলে এ নিয়ে সমালোচনা আছে। অনেকে বলেন, এ অর্থ দেশের উন্নয়নে কাজে লাগানো যেত। তবে জয়নাবের জবাবও তৈরিই, ‘ধরুন, বিমানভাড়া পড়ে পাঁচ হাজার ডলার। কিন্তু বিদেশ থেকে যে আমি কয়েক মিলিয়ন ডলার এনে দিচ্ছি, সে কথাটাও বিবেচনায় নেওয়া উচিত।’আফ্রিকায় মানবাধিকার ও গণতন্ত্রের উন্নয়নে ভূমিকা রাখার জন্য কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন জয়নাব। এর মধ্যে রয়েছে আফ্রিকান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অব মেরিট ফর লিডারশিপ। ১৯৯৯ সালে নাইজেরিয়া তাঁকে এই পুরস্কার দিয়েছে। সূত্র: বিবিসি