
চার বছরের ছেলে অন্তু, খানিকটা চঞ্চল। মা-বাবা তাকে নিয়ে বেড়াতে গেলেন পারিবারিক এক বন্ধুর বাড়িতে। সেখানে অন্তু খুবই চঞ্চলতা শুরু করল। বসার ঘরে সাজানো জিনিসগুলো টেনে নামিয়ে খেলা শুরু করল। দু-একটি ভেঙেই ফেলল! মা-বাবা খানিকটা বিব্রত। কিন্তু আবার অন্তুকে সামলাতেও পারছেন না। পারিবারিক বন্ধুটি সৌজন্যের খাতিরে নীরব থাকলেন।
এমন চঞ্চলতা অনেক শিশু করতে পারে। নিজের বাড়িতে মা-বাবা সেই চঞ্চলতা সহ্য করে থাকেন। কিন্তু অপরের বাড়িতে বেড়াতে গিয়ে এ ধরনের চঞ্চলতা, জিনিসপত্র ধরাধরি এবং অনেক সময় শিশুর অযাচিত কথাবার্তা আপ্যায়নকারী পরিবারের সদস্যদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এ সময় মা-বাবা দায়িত্বশীল আচরণ করলে শিশুকে নিবৃত্ত করা সম্ভব। দেখা যায়, বাবা-মায়েরা এ সময় খানিকটা নির্লিপ্ত থাকেন অথবা অপরের সঙ্গে গল্পে মশগুল থাকেন। এতে করে শিশুর আচরণ দিন দিন অনিয়ন্ত্রিত হতে থাকে। যে পরিবারে এমন শিশু রয়েছে, সে পরিবারকে বাসায় দাওয়াত দিতে অনেকে আগ্রহী হন না। আবার সে শিশুটি কোনো দাওয়াতে এলে সবাই তটস্থ থাকে। এ ধরনের পরিস্থিতি এড়াতে সবার, বিশেষ করে মা-বাবাকে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন—
* শিশুকে নিজের বাসায় শৃঙ্খলাবোধের শিক্ষা দিন এবং এর চর্চা করতে উৎসাহিত করুন। তাকে বোঝান যে সব সময় ধরাধরি বা ছোটাছুটি করা ঠিক নয়।
* অপরের বাসায় বেড়াতে যাওয়ার আগে শিশুকে বুঝিয়ে বলুন যে সে যেন ওখানে কোনো চঞ্চলতা না করে, অন্যথায় তাকে বেড়াতে নিয়ে যাবেন না।
* শিশুকে কিছু বিহেভিয়র থেরাপি দিতে পারেন—যেমন সে যদি কারও বাসায় গিয়ে জিনিসপত্র ধরাধরি করে, অতিরিক্ত চঞ্চলতা করে, তবে তাকে তার প্রাপ্য পুরস্কার (যেমন বাইরে খাওয়ানো, পরবর্তী সময়ে বেড়াতে নিয়ে যাওয়া) প্রত্যাহার করুন। আর যদি সে শান্ত থাকে, তবে তাকে পুরস্কৃত করুন।
* অপরের বাসায় গিয়ে নিজেদের নিয়ে ব্যস্ত না থেকে শিশুটি কী করছে, তার দিকে নজর দিন। প্রয়োজনে তাকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। দৃঢ়ভাবে তাকে নির্দেশনা প্রদান করুন। প্রয়োজনে বেশি সময় না কাটিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসুন।
* বাসায় শিশুর আচরণকে নিয়ন্ত্রণে রাখতে একটি রুটিন তৈরি করুন। পরিবারের সব সদস্য সেই রুটিন মেনে চলুন।
* অনেক সময় অনাকাঙ্ক্ষিত আচরণকে দেখেও না দেখার ভান করলে শিশুর সেসব আচরণ কমতে থাকে। তবে এই চর্চাটি নিজের বাসায় করুন, অতিথি হিসেবে অপরের বাড়িতে গিয়ে নির্লিপ্ত থাকবেন না।
* বেড়াতে গিয়ে শিশুকে তার সমবয়সীদের সঙ্গে খেলার সুযোগ করে দিন, তবে অবশ্যই তা বড়দের নজরদারির মধ্যে থাকতে হবে।
* শিশুটি যদি অন্যের বাড়িতে গিয়ে জিনিসপত্র ধরাধরি-ভাঙার চেষ্টা করে, তবে শিশুকে ধরে রাখুন, আপনার আপ্যায়নকারী বন্ধুটি যতই সৌজন্য দেখাক না কেন, আপনি আপনার শিশুর আচরণ সংযত রাখতে সচেষ্ট হন।
* টেনশন ডিফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার জাতীয় সমস্যা থাকলে শিশুরা এ ধরনের আচরণ করে থাকে। সে ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে হবে।
দায়িত্ব আছে আপ্যায়নকারীরও
* মনে রাখবেন, আপনার বাসার বসার ঘরটিতে আপ্যায়িত হওয়ার জন্য আসবে শিশুরাও। তাই শিশুরা নষ্ট করকে পারে, এমন জিনিস তাদের নাগালের মধ্যে না রাখাই ভালো।
* সৌজন্য তো দেখাবেন বটেই, কিন্তু পাশাপাশি যত দূর সম্ভব অমায়িকভাবে আগত শিশুটিকে তার নিজের খেলার প্রতি আগ্রহী করে তুলুন।
* বাসায় শিশু অতিথি আসার সম্ভাবনা থাকলে আগে থেকেই সতর্ক হন।
আহমেদ হেলাল : মনোরোগ চিকিৎসক, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট