
অন্যের মুঠোফোন সামনে থাকলে অনেকেই সেটা নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। অনেক সময় প্রয়োজনেই বন্ধু বা কাছের মানুষের মুঠোফোনটা নেওয়া হয়। আবার গেম খেলার জন্যও অন্যজনের ফোন হাতে চলে আসে। দরকারি কাজের শেষে শুরু হয় ঘাঁটাঘাঁটি। যেমন কখনো খুদেবার্তার অপশনে গিয়ে খুদেবার্তা পড়া বা গ্যালারিতে গিয়ে ছবি দেখা।
অন্যের মুঠোফোন হাতে নিয়ে ঘাঁটাঘাঁটি করা কতটা শোভন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ এহসান হাবিব বলেন, ‘সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে এ বিষয়টি নির্ভর করছে দুজন মানুষের সম্পর্কের ওপর। তাঁদের মধ্যে সম্পর্ক কেমন, ফরমাল নাকি ইনফরমাল। যদি আনুষ্ঠানিক হয় সে ক্ষেত্রে তাঁর মুঠোফোন নিয়ে এ ধরনের কাজ করা সম্পূর্ণ অনৈতিক। আর আপনজন হলেও ব্যক্তিগত বিষয় দেখতে চাইলে অনুমতি নিয়েই তা দেখা উচিত।’
কেন অনুমতি নেওয়া প্রয়োজন? সে বিষয়ে এহসান হাবিব বলেন, মুঠোফোন মানে বর্তমানে শুধুই কথা বলার একটি যন্ত্র নয়, তথ্য রাখারও একটি বড় মাধ্যম। ব্যক্তিগত ছবি থেকে শুরু করে ব্যাংক হিসাবসংক্রান্ত নানা তথ্যও সংরক্ষণ করা থাকে এই ছোট যন্ত্রটায়। অনেকটা কম্পিউটারের মতোই ব্যবহৃত হচ্ছে স্মার্টফোন। এ ছাড়া ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও জড়িয়ে আছে মুঠোফোনের সঙ্গে। কারণ, আপনার মুঠোফোনটি হাতে নিয়ে কেউ স্পর্শকাতর কোনো বিষয়ে অন্য কারও কথা বলতে বা বার্তা পাঠাতে পারেন। সে ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত গোপনীয়তা অর্থাৎ প্রাইভেসি মেনে চলা উচিত।
মুঠোফোন খুঁটিয়ে দেখার বিষয়টি বন্ধুত্বে দূরত্ব তৈরি করতে পারে। অনেক সময় মা-বাবা সন্দেহের বশে সন্তানের মুঠোফোন ঘাঁটেন। সন্তানকে চোখে চোখে রাখার এই প্রবণতা হিতেবিপরীত হয়ে যেতে পারে। কারণ, সন্তান প্রাপ্তবয়স্ক হলে বিষয়টি খুবই নেতিবাচকভাবে নেবেন এটাই স্বাভাবিক। তেমন সন্তানের ক্ষেত্রে সতর্ক হতে হবে মা-বাবার মুঠোফোন ব্যবহারে। উচ্চমাধ্যমিক পড়ুয়া ইউসুফ মুন্না বলেন, ‘আমি প্রায় সময় মা-বাবার ফোন ব্যবাহার করি। তবে কখনো তাঁদের কললিস্ট, মেসেঞ্জার বা ব্যক্তিগত তথ্য আছে এমন অ্যাপ ঘাঁটাঘাঁটি করি না। আমার মনে হয় এটা উচিত নয়।’
শুধু বন্ধু বা পারিবারিক জীবনে নয়, সংসারজীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে এ ধরনে অভ্যাস। কারণ, সঙ্গীর ফোনটি হাতে নিয়ে তার সামাজিক মাধ্যমে কথোপকথন বা খুদে বার্তা পড়ার জন্য তৈরি হতে পারে সন্দেহ। এতে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে, তৈরি হয় আস্থার সংকট। বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ফারজানা রহমান বলেন, ‘নারী হিসেবে আমরা স্বামী বা একান্ত ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে বন্ধুদের সঙ্গে কথা বলি। অনেক সময় হয়ত অতীতের কোনো বিষয় নিয়েই। যে বিষয়গুলো স্বামীর সঙ্গেও ভাগাভাগি করা যায় না। এমন অনেক বিষয় রয়েছে, যা হয়তো আমার স্বামীও তাঁর বন্ধুদের সঙ্গে আলাপ করেন। সে ক্ষেত্রে একজন অন্যজনের মুঠোফোন ঘেঁটে বিষয়গুলো সন্দেহের চোখে জানার চেষ্টা করা উচিত নয়। এতে দূরত্ব তৈরি হয়।’