
আমিও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। ১৯৬৪ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার যোগাযোগ। আমি বাল্টিমোরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখানকার বিজনেস স্কুলে ভর্তি হই। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো, কীভাবে হার্ভার্ডের বিজনেস স্কুলে ভর্তি হয়েছিলাম? আমার আসলে এই প্রশ্নের উত্তর জানা নেই। এটা আমার কাছেও একটা বিস্ময়। আর আমার চেয়ে বিস্মিত যাঁরা হয়েছিলেন, তাঁরা আমার বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক! ভালো লাগছে, আজ আবারও এখানে ফিরে আসতে পেরেছি।
মানুষের ব্যক্তিস্বাধীনতার গুরুত্ব নিয়ে আমি আজ কথা বলতে চাই। বড় বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ও সমাজের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ এক আদর্শের জায়গা তৈরি করে। যেখানে জাতি-বর্ণনির্বিশেষে সব ধরনের মতামত গ্রহণ করে বিভিন্ন প্রশ্ন নিয়ে গবেষণা করা হয়। স্বাধীন আর মুক্ত তর্ক-বিতর্কের মধ্য দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজা হয়। মানুষের ব্যক্তিস্বাধীনতা ও নৈতিকতা বিকাশে এই চর্চার অনেক বেশি গুরুত্ব আছে বলে আমি মনে করি। আমার মতামতকে যে সমর্থন করেই যেতে হবে, তা আমি ভাবি না। আমরা একে অন্যের মতামত আর দৃষ্টিভঙ্গিকে মেনে না-ও নিতে পারি। বিরোধ থাকতেই পারে, কিন্তু সেই বিরোধ যুক্তি-তর্ক আর জ্ঞানের আলোকে ব্যাখ্যা করা শিখতে হবে আমাদের।
শিক্ষার্থীদের মধ্যে অন্যের মতামতকে সহ্য করা, নিজের ধারণা-মতামত প্রকাশ করার স্বাধীনতার মূল্য আর ভিত্তি তৈরি করাই আদর্শ বিশ্ববিদ্যালয়গুলোর কাজ। এই আদর্শগুলোই তো গণতান্ত্রিক সমাজকে বিকশিত করে। অত্যাচারী প্রশাসকেরা, একনায়কতন্ত্র আর উগ্রপন্থা এই নৈতিক আদর্শগুলোর বিরুদ্ধে সব সময় কাজ করে। সমাজ আর পৃথিবীর জন্য এটা ভীষণ ক্ষতিকর। আমাদের সমাজ আর উন্নয়নের জন্য বড় বাধা হিসেবে কাজ করে এই নেতিবাচক উপাদানগুলো।
তুমি যেভাবে ইচ্ছা জীবন যাপন করতে চাইলে, যা ইচ্ছা বলতে চাইলে, যাকে ইচ্ছা বিয়ে করতে চাইলে অন্যের স্বাধীনতাকেও তোমার সম্মান দিতে হবে। একে অন্যের স্বাধীনতাকে সম্মান করলে আদর্শ সমাজ বিকশিত হয়। আমরা ভুলে যাই যে চিন্তা-মতামত-বিশ্বাস কিন্তু ভয়ানক হতে পারে। ইতিহাস আর সমাজই বদলে দিতে পারে অনেক ধারণা। প্রচলিত ধারণা যে সব সময় টিকে থাকবে, তার কোনো স্থির নিয়ম নেই, যেকোনো সময় যেকোনো রীতিনীতি বদলে যেতেই পারে। নতুন কোনো বিপ্লবের জন্মও দিতে পারে। আজকের সমাবর্তনে আমার বক্তৃতা প্রথাগত বক্তৃতাগুলোর চেয়ে আলাদা। কথাগুলো শুনতে কঠিন শোনালেও আমাদের এখনই সময় মুক্ত মতামত আর চিন্তাশীল সমাজ গঠনে কাজ শুরু করা। আজকের শিক্ষার্থীদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যা বিশ্বাস করো, যা সত্য আর ঠিক বলে ভাবো, তা বলতে কখনোই ভয় পাবে না। তোমার জনপ্রিয়তা কমলেও তুমি ভয় পাবে না। অন্যের মতামতের বিপক্ষে তোমার মত থাকতেই পারে, তা প্রকাশ করার সাহস আর শক্তি আজীবন নিজের মধ্যে ধারণ করো। নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যেমন জরুরি, তেমনি অন্যের মতামত আর বিশ্বাসকে সম্মান দেওয়াও তোমার দায়িত্ব আর নৈতিকতা। অন্যের অধিকার রক্ষা করা নিজের অধিকার রক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ। অন্যরা যখন স্বাধীনতা আর মুক্তির কথা বলে, তখন তোমার চুপ করে থাকা উচিত নয়। তুমি যদি তখন নিজেকে দূরে রাখো, পালিয়ে বেড়াও, তাহলে সেই অন্যায় একদিন তোমার সঙ্গেই করা হবে। তুমিও তখন নির্যাতিত হবে।
কখনো অন্যায় পথে যেয়ো না আর কাউকে অন্ধ অনুকরণ কোরো না। কণ্ঠে শক্তি আনো, সত্যের জন্য লড়ো। নিজের বিশ্বাসের কথা প্রকাশ করলে, পথে নামলে তুমি অনেক বন্ধুকে হারাবে। অনেক নতুন প্রতিপক্ষও তৈরি হবে তোমার। ইতিহাসের শক্তি কিন্তু তোমার পক্ষেই আসবে, তোমার বিজয় হবেই। মুক্ত আদর্শ আর মুক্তচিন্তা নিয়ে তোমার এই এগিয়ে চলাই সমাজ আর জাতিকে আরও উন্নত ও সৃজনশীল করে তুলবে। তোমাদের জন্য আমার সবশেষ কথা, আজকের পর থেকে যা কিছু করো না কেন, তা থেকে যেন তোমার দেশের মঙ্গল হয়। আজকের দিনের চেয়ে যেন কালকের পৃথিবী আরও মুক্ত হয়, তার জন্য কাজ করা শুরু করো। সবার জন্য কিছু করো।
(সংক্ষেপিত)
ইংরেজি থেকে অনুবাদ: জাহিদ হোসাইন খান
সূত্র: মাইকব্লুমবার্গ ডট কম