
রাঙামাটি পৌরসভায় বিদ্রোহী মেয়র প্রার্থীদের বাগে আনতে পারেনি আওয়ামী লীগ ও বিএনপি। বহিষ্কারের হুমকি, আলোচনা কোনো কিছুই কাজ দিল না। অনড় বিদ্রোহীরা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে রয়েই গেলেন। তবে দুই দলের নেতারা দাবি করেন, স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রভাব ফেলতে পারবেন না। ভোটাররা প্রতীক দেখে ভোট দেবেন।
ইতিমধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম এবং আওয়ামী লীগের হাবিবুর রহমান ও অমর কুমার দে–কে বহিষ্কার করার ঘোষণা দিয়ে দুই দলের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পৃথক বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। অবশ্য তাঁদের মধ্যে অমর কুমার দে নিজেকে বিদ্রোহী বলতে নারাজ। তিনি বলেন, ‘আমি দলীয় মনোনয়ন চাইনি। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি।’
রবিউল আলম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক। হাবিবুর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য ও অমর কুমার দে শহর শাখার উপপ্রচার সম্পাদক।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার পর বিদ্রোহীদের নানাভাবে বোঝানো হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বরের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি হাবিবুর রহমান ও অমর কুমার দের সঙ্গে কয়েক দফা বৈঠক করে। কিন্তু দুজনই নিজেদের অবস্থানে অনড় ছিলেন।
এ প্রসঙ্গে মো. মুছা মাতব্বর বলেন, ‘আমরা দলের স্বার্থে তাঁদের বুঝিয়েছি। কিন্তু তাঁরা দলের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছেন। সে কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’ হাবিবুর রহমান ও অমর কুমার দের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও ভোটারদের কাছে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি।
জানতে চাইলে মো. হাবিবুর রহমান বলেন, ‘আমি দুই মেয়াদে পৌরসভার চেয়ারম্যান ছিলাম। তারপরও গত নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। এবার ভোটের ফলাফল বলে দেবে কার সিদ্ধান্ত সঠিক।’ অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন চেয়েছিলেন সাতজন। ওই সময় বর্তমান পৌর মেয়র ও বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম চৌধুরী মনোনয়ন চাননি। শেষে নেতা-কর্মীদের অনুরোধ এবং কেন্দ্রের সিদ্ধান্তে তিনি (সাইফুল ইসলাম চৌধুরী) মেয়র পদে নির্বাচন করছেন। অপরদিকে রবিউল আলম দীর্ঘদিন ধরে মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নেন। ওয়ার্ড কাউন্সিলর হওয়া সত্ত্বেও তিনি পৌরসভার সব ওয়ার্ডে জনসংযোগ করেন। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি দলীয় মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘আমি নিজে ও দলের অনেকে রবিউল আলমের সঙ্গে কথা বলেছি। কিন্তু তিনি দলীয় স্বার্থ না দেখে নিজের স্বার্থ দেখছেন। অবশ্য তাঁর নির্বাচন করার কারণে দলে কোনো প্রভাব পড়বে না। ভোটাররা ধানের শীষ প্রতীকেই ভোট দেবেন।’
রবিউল আলম বলেন, ‘সাইফুল ইসলাম চৌধুরী মেয়র পদে নির্বাচন না করার ব্যাপারে সব সময় বলে আসছিলেন। কিন্তু কার স্বার্থে, কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তা দেখার বিষয়। দলের চাপ থাকা সত্ত্বেও অনেক নেতা-কর্মী আমার পক্ষে কাজ করছেন।’