কক্সবাজারের উখিয়া সদর বাস স্টেশনে ‘জান্নাত প্যাথোলজি সেন্টার’ নামে পরিচিতিফলক (সাইনবোর্ড) তুলে একটি কক্ষের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসা লোকজনের চিকিৎসা দেন স্থানীয় রহিম উল্লাহ। গত মঙ্গলবার বিকেলে ওই কক্ষে পাঁচ নারী-শিশুকে তিনি ম্যালেরিয়ার রক্ত পরীক্ষাসহ সর্দি, জ্বর ও কাশির ওষুধ দেন। তাঁর নিজের কোনো চিকিৎসক সনদ নেই এবং ওষুধ বিক্রির অনুমতিপত্রও (লাইসেন্স) নেই। অবৈধ হলেও দুর্গম এলাকার রোগীদের সেবার জন্য সেন্টারটি চালু রাখা হয়েছে। এতে কেউ বাধাও দিচ্ছেন না। এসএসসি পাস রহিম উল্লাহ জানান, সাত বছর আগে তিনি স্থানীয় রাবেতা হাসপাতাল থেকে পল্লিচিকিৎসকের প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর প্রতিষ্ঠানকে অনুমতিপত্র দেওয়ার জন্য সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করেছেন তবে তা দেওয়া হয়নি। অনুসন্ধানে জানা গেছে, একই এলাকায় অনুমতিপত্রবিহীন দোকান খুলে প্রকাশ্যে চিকিৎসা-বাণিজ্য চালাচ্ছে আরও ১০টির বেশি রোগ নিরূপণকেন্দ্র (প্যাথোলজি সেন্টার)। অদক্ষ ও আনাড়ি লোকজনের অনুমানের ওপর দেওয়া বিভিন্ন ওষুধ-পথ্য খেয়ে গ্রামগঞ্জের অসহায় বহু মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এর সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, এসব অবৈধ সেন্টারে নানা রোগের চিকিৎসার নামে প্রতিদিন শত শত সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় লোকজন জানান, অসাধু প্রতারকচক্র অবৈধভাবে প্যাথোলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিকের প্রতি গ্রামগঞ্জের মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য স্থানীয় দৈনিকগুলোতে রংচটা বিজ্ঞাপন দেওয়া হয়। যৌনসংক্রান্ত নানা রোগের চিকিৎসা দেওয়ার কথাও থাকে এসব বিজ্ঞাপনে। জেলার সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, ‘অবৈধ ৩৬টি সেন্টারের তালিকা তৈরি করেছি। কিন্তু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না থাকায় জরিমানা কিংবা জড়িত লোকজনকে আটক করতে পারছি না। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতিমধ্যে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। এরপরও বন্ধ করা না হলে যৌথ অভিযান পরিচালনা করা হবে।’ সিভিল সার্জন জানান, অবৈধ এসব প্যাথলজি সেন্টারে অদক্ষদের হাতে অপচিকিৎসার শিকার হয়েছেন অনেক অসহায় গরিব রোগী। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার বিভিন্ন স্থানে বর্তমানে ১৪৪টি রোগ নিরূপণকেন্দ্রের মধ্যে ৩৬টির অনুমতিপত্র নেই। এর মধ্যে প্রাথমিকভাবে ৩৩টি কেন্দ্র বন্ধের জন্য বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সূত্র মতে, অনুমতিপত্রবিহীন অবৈধভাবে চিকিৎসা-বাণিজ্য চালাচ্ছে সদর উপজেলার বাংলাবাজারের জনসেবা প্যাথলজি, সদর হাসপাতাল সড়কসংলগ্ন ডিজিটাল মেডিকেল সেন্টার অ্যান্ড প্যাথলজি, ঈদগাঁও বাজারে জয় প্যাথলজি সেন্টার, লতিফা প্যাথলজি সেন্টার, সী-হার্ট মেডিকেল সেন্টার, হাসপাতাল সড়কের ফেমাস ডেন্টাল কেয়ার, ঈদগাঁও ডিসি সড়কের ডেন্টাল কেয়ার, চকরিয়া উপজেলার খুটাখালীর সেবা ল্যাব, মা-মণি প্যাথলজি, খুটাখালী প্যাথলজি সেন্টার, ডুলাহাজারা বাজারে নিউরন ল্যাব, এসএম প্যাথলজি, সাজেদা ড্রাগ হাউস ল্যাব, ডুলাহাজারা ল্যাব হাউস, খুটাখালী গ্রামীণ ল্যাব, মালুমঘাট মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার, ডুলাহাজারা প্যাথলজি সেন্টার এবং রামু উপজেলার চৌমুহনীর জননী প্যাথলজি সেন্টার, হাসান দন্ত চিকিৎসালয়, হাসপাতাল গেটসংলগ্ন এম রাজা দন্ত চিকিৎসালয় ডেন্টাল সেন্টার। অবৈধ হিসেবে এসব প্রতিষ্ঠান তালিকাভুক্ত করা হলেও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে বন্ধ করা যাচ্ছে না। উখিয়ার মডার্ন প্যাথলজি সেন্টার, চকরিয়ার ডুলাহাজারা ল্যাব হাউস ও সদর উপজেলার বাংলাবাজারের জনসেবা প্যাথলজির পরিচালক যথাক্রমে আমিনুল ইসলাম, আবদুল আমিন ও সিরাজ মিয়া জানান, ‘অবৈধ হিসেবে চিহ্নিত করে আমাদের এসব প্রতিষ্ঠান বন্ধ করা হলে দুর্গম এলাকার গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। কারণ দুর্গম পাহাড়ি এলাকার গরিব রোগীরা সরকারি হাসপাতাল বা শহরের বেসরকারি ক্লিনিকে গিয়ে সেবা নিতে পারেন না। এ ক্ষেত্রে এসব সেন্টার বড় ভূমিকা পালন করে আসছে। কিন্তু রহস্যজনক কারণে আবেদন করার পরও এসব প্রতিষ্ঠানকে অনুমতিপত্র দেওয়া হচ্ছে না।’