অপমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন প্রায় সন্ধ্যা। সেই দুপুরবেলা থেকে মাঠের এক কোনায় বসে আছি। ছেলেরা খেলা শেষ করে ঘরবাড়ি ফিরছে এখন। আমারও এখন বাড়ি ফেরা দরকার। কিন্তু বাড়ির প্রতি কোনো আকর্ষণ বোধ করছি না। কী হবে বাড়ি ফিরে? এখানেই তো বেশ আছি, বাড়ি ফিরলেই তো সেই চিরচেনা ঝগড়া-মারামারির দৃশ্য। এ যেন রোজকার একটা রুটিন কাজ হয়ে গছে। বাবা কোনো কাজ করেন না। অনেক দিন ধরে। অনেক কাজ পেয়েছিলেন। কিন্তু তিনি করেননি। তাঁর এককথা, তিনি বনেদি ঘরের ছেলে, ওসব কাজ করলে তাঁর বংশের নাম ডুববে। আর এদিকে যে সংসারটা ডুবতে বসেছে, সেদিকে তাঁর খেয়াল নেই। আম্মা একটা ছোটখাটো মেসে বুয়ার কাজ কনে বটে, তবে তাতে এ সংসার চলে না। এ নিয়ে নিত্য দুজনের মধ্যে খিটিমিটি লেগেই আছে। আরও একটা ব্যাপার আছে। আব্বা প্রায়ই ঘরের এটাওটা জিনিস চুরি করে বেচে দেন। এ নিয়ে ঝগড়াঝাঁটি এমনকি দুজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। বাড়ি গেলেই এ রকম দৃশ্য দেখতে হবে বলে বাড়ি ফিরতেও আর ইচ্ছা করে না। অন্ধকার গ্রাস করছে মাঠটাকে। আর বসে থাকা যায় না। বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির কাছে এসে থমকে গেলাম। বাড়ি থেকে আম্মার কান্নার আওয়াজ ভেসে আসছে। দুরুদুরু বুকে বাড়ির ভেতর ঢুকলাম। আম্মা বারান্দায় এক কোনায় দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। আর আব্বা ঘরের দরজার পাশে নির্বিকার মুখে দাঁড়িয়ে আছেন। তাঁর ডান হাত দিয়ে অঝোরে রক্ত ঝরছে। সেদিকে তাঁর কোনো খেয়াল নেই। আমি কোনো কথা না বলে ঘরের ভেতর ঢুকে পড়লাম। ঘর অন্ধকার। বাতি জ্বালানো হয়নি। অন্ধকার ঘরে ছোট বোন ঝুমুর কান্নার আওয়াজ পাচ্ছি। অন্ধকারে হাতড়ে ওর কাছে এগিয়ে গেলাম। ‘কী হয়েছেরে ঝুমু?’ আমার গলার আওয়াজ আমাকে সব বলল। আব্বা ছেঁড়া-তালি দেওয়া লুঙ্গি পরে বেড়ায় দেখে আম্মা কষ্ট করে কিছু টাকা জোগাড় করে একটা লুঙ্গি কিনে দিয়েছিলেন। কয়েক দিন আগে। আজ নাকি আব্বা সেটা কোনো লোকের কাছে বিক্রি করে দিয়েছেন। তাই আম্মা সহ্য করতে না পেরে আব্বাকে গালিগালাজ করেন। ঝগড়ার একপর্যায়ে প্রচণ্ড রেগে গিয়ে আব্বা আম্মাকে থাপড় মারেন। আম্মা তাল সামলাতে না পেরে পড়ে যান। হাতের কাছে বঁটি পেয়ে তা ছুড়ে মারেন আব্বার দিকে। আব্বার হাতে বটি লেপে হাত কেটে গেছে। আমার কথা না হয় বাদই দিলাম। এতটুকু একটা ছোট মেয়ে ঝুমু। এতে অল্প বয়সে এসব দেখে ওকি মানসিক সুস্থতা নিয়ে বেড়ে উঠতে পারবে? ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আব্বা এর মধ্যে ক্ষতস্থানে একটা নোংরা কাপড় বেঁধেছেন। কাপড়টা রক্তে ভিজে চুপসে গেছে। আম্মা যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন। আব্বা আমাকে দেখে বললেন, আমার সঙ্গে বাজারে চল, চাল আর তরকারি নিয়ে আসবি। আমি বিনা বাক্যব্যয়ে আব্বার পিছু নিলাম। বাজার যাওয়ার পথে একটা কথাও হলো না। আব্বা সোবহান চাচার দোকান থেকে আগে বাজার করতেন। বেশ কিছুদিন ধরে দেখছি আব্বা সোবহান চাচার দোকানের ধার ঘেঁষেও যান না। আজও সোবহান চাচার দোকানটাকে সযত্নে এড়িয়ে গেলেন। বাজার শেষে ফিরব এমন সময় সোবহান চাচার দেখা। সোবহান চাচা আব্বার সামনে এসে দাঁড়ালেন। ‘তোমাকেই খুঁজছি রহমান মিয়া।’ আব্বাকে বললেন তিনি। তারপর হঠাৎ রুদ্রমূর্তি ধারণ করে বলতে লাগলেন, ‘হারামজাদা আমার দোকানে এতোগুলোন টাকা বাকি রাইখ্যা পরের দোকানে নগদ খরচ করছিস। আমার পাওনা টাকা দে।’ আব্বা সোবহান চাচাকে আমার কাছ থেকে কিছু দূর নিয়ে গিয়ে অনুনয় করতে লাগলেন। ইতিমধ্যে আব্বা ও সোবহান চাচার চারপাশে বেশ লোক জমে গেছে। বাজার করা বাদ দিয়ে তারা তামাশা দেখছে। কারণ, অন্যের অপমান দেখার মজাই আলাদা। আমাদের দেশের লোকেরা এই মজাটা বেশ উপভোগ করে। ভিড়ের মধ্য থেকে কিছুক্ষণ সোবহান চাচার উত্তপ্ত বাক্য শুনতে পেলাম। তারও কিছুক্ষণ পর আব্বা মাথা নত করে ভিড়ের মধ্য থেকে বের হয়ে হয়ে এলেন। আমার দিকে তাকিয়ে ম্লান প্রাণহীন একটা হাসি দিলেন। লজ্জায় আমার মাথা কাটা গেল। তার বাঁ দিকের গালে একটা জুতার দাগ। আব্বা আমার দিকে তাকিয়ে কী যেন খুঁজলেন। তারপর বললেন, ‘তোর আম্মাকে বলিস না।’  মো. মিরান শাহ কারমাইকেল কলেজ, রংপুর।