বিশ্বজুড়ে চে গুয়েভারাকে যখন টি-শার্ট ও কফি-মগের মডেল বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে, তখন আহমদ রফিক লিখেছেন চে গুয়েভারার জীবন, সংগ্রাম ও স্বপ্ন নিয়ে এক অনন্য বই মৃত্যুহীন বিপ্লবী চে গুয়েভারা। গৎবাঁধা জীবনী লেখেননি তিনি। বরং চের সূত্রে এই বইয়ে তিনি লাতিন আমেরিকার নানা দেশের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক চিত্রের রেখাঙ্কন করেছেন। পাশাপাশি লাতিন দুনিয়াসহ বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্রতিক্রিয়াশীল তৎপরতার মুখোশ উন্মোচন করেছেন। দূর ইতিহাস এবং চলমান সময় এখানে একাকার হয়ে গেছে; তবে নেপথ্যে ক্রিয়াশীল এক চিরায়ত দর্শন। সাধারণ মানুষের মুক্তির মধ্যে যে দর্শনের সারবত্তা নিহিত, রাশি রাশি তথ্য সরবরাহ নয় বরং পাঠকের সঙ্গে যেন গল্প করছেন লেখক। গল্পের ছলে জানান দেন বিপ্লবী চে গুয়েভারার কথা।‘বিপ্লবী চে গুয়েভারা, গেরিলাযোদ্ধা চে গুয়েভারা। বিপ্লবের নেশায় ঘরের আরাম-আয়েশ ছেড়ে ঘুরে বেড়ানো চে গুয়েভারার পক্ষে খুব স্বাভাবিক ছিল বিপ্লবের বাঁশি বাজাতে বাজাতে নিজের সর্বনাশ ডেকে আনা, জীবনটাকে অবহেলায় ছুড়ে ফেলে দেওয়া, বিনা আফসোসে। এমন এক বিশ্ববিপ্লবীর জন্যই খাঁটে রবীন্দ্রনাথের “ঝড়ের খেয়া’ কবিতার কয়েকটি পংক্তি। খুব মেলে চে গুয়েভারার ঘরের আরাম ছেড়ে বিপ্লব ঘটানোর লক্ষ্যে ছুটে যাওয়ার সঙ্গে। ‘নূতন সমুদ্রতীরে তরী নিয়ে দিতে হবে পাড়ি। ...... শূন্য হল আরামের শয্যাতল, ...বাঁচি আর মরিবাহিয়া চলিতে হবে তরি। ...অজানা সমুদ্রতীর, অজানা সে দেশ —সেথাকার লাগিউঠিয়াছে জাগিঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচন্ড আহ্বান।মরণের গান’ ... (পৃষ্ঠা- ৯)যথাযথ এ তুলনা। রবীন্দ্র-কবিতার সেই মরণের গানের সার্থক সুরবাদক তো চে গুয়েভারা। যার কোন নির্দিষ্ট ঘর বাড়ি নেই। বিপ্লবই যাঁর প্রকৃত নিবাস। রক্ত-সম্পর্কিত স্বজনের চেয়ে যার কাছে অনেক বড় বিপ্লবের স্বপ্ন। আহমদ রফিক গুয়েভারার ছাত্র-জীবনের যে বর্ণনা দেন তাতে দেখতে পাই ডাক্তারি পড়ার সময়ই সাহিত্য ও রাজনৈতিক বইয়ের পাঠও চলছিল সমান তালে। জ্যাক লন্ডন, রাসেল, এমিল জোলার সাথে সাথে মার্কসের ডাস ক্যাপিটাল এবং কমিউনিস্ট মেনিফেস্টো’র নিবিষ্ট পাঠক ছিলেন ছাত্রাবস্থাতেই। লেনিন পড়তে গিয়ে যখন তার স্কেচও আঁকেন তখন বোঝা যায় চে’র ভবিষ্যৎ গতিবিধি। মাত্র ঊনিশ বছর বয়সেই গুয়েভারার লেখা যে কবিতার সন্ধান দেন লেখক তার প্রেক্ষাপট যদিও পিতামহীর মৃত্যুজনিত শোক কিন্তু তার ভেতরই যেন প্রতিভাসিত মৃত্যুকে তুচ্ছজ্ঞানের প্রবণতা— I know It! I know it!If I get out of here the river swallows me...It is my destiny : Today I must die!But no, willpower can overcome everything...The bullets, what can the bullets do to me ifMy destiny is to die by drowning. But I amgoing to overcome destiny. ...Die, yes, but riddled withbullets, destroyed by the bayonets, if not, no. ...সঙ্গী আলবার্তো গ্রানাদোর সঙ্গে ‘লা পেদেরোজা’ নামের মোটর সাইকেলে চড়ে আন্দিজ পর্বতমালা পার হয়ে চিলি, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া, পানামা, গুয়াতেমালা, মেক্সিকো ঘুরে বেড়িয়েছেন যুবক চে গুয়েভারা। লাতিন আমেরিকার দেশে দেশে স্থানীয় ও আন্তর্জাতিক গণবিরোধী শাসকদের শোষণ-নির্যাতন-লুণ্ঠন দেখে ক্ষোভে তপ্ত গুয়েভারা চূড়ান্ত বিস্ফোরণ ঘটালেন কিউবায়। এ বই পড়তে পড়তে পাঠকের সামনে যেন মঞ্চায়িত হতে থাকবে ষাটের দশকে কিউবায় সংঘঠিত সেই মহানাটক। অত্যাচারী বাতিস্তা বাহিনী বনাম বিপ্লবী ফিদেল-রাউল ক্যাস্ত্রো, চে গুয়েভারার দল, বিপ্লবীদের পদচারণাধন্য সিয়েরা মায়েস্ত্রা পার্বত্য এলাকা, গেরিলা যুদ্ধ, নারীযোদ্ধা অ্যালেইদা মার্চ আর বিজয়ের বছর ১৯৫৯। বিপ্লবী কিউবায় চে যে সংস্কারের পরিকল্পনা হাতে নেন তার ভেতর অন্যতম ছিল সেনাসদস্যসহ সবার মাঝে নতুন সমাজ গঠনোপযোগী সাংস্কৃতিক জাগরণের তৎপরতা। আহমদ রফিক খুব সঙ্গত একটি আক্ষেপ করেছেন এই বলে যে, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে এই তৎপরতা চালানো হয়নি। ফলে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পর খুব দ্রুতই দক্ষিণপন্থার দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। চে গুয়েভারা কিউবান বিপ্লবের পর সেখানকার যুদ্ধাপরাধীদের বিচারের যে ব্যবস্থা করেছিলেন তার উল্লেখ করেই লেখক আমাদের মনে করিয়ে দিয়েছেন এক্ষেত্রে বাংলাদেশের ব্যর্থতার কথা। চে চেয়েছিলেন বিশ্ববিপ্লব। তাই কিউবা ছেড়ে বেরিয়ে পড়লেন আবার, লাতিনের অন্যান্য দেশে। মাত্র ৩৯ বছর বয়সে ১৯৬৭’র ৯ অক্টোবর বলিভিয়ার জঙ্গলে সাম্রাজ্যবাদী খুনিচক্রের হাতে প্রাণ দিতে হয় তাঁকে। মৃত্যুমুহূর্তেও ঘাতককে বলে গিয়েছিলেন তিনি—ব্যক্তিকে খুন করা গেলেও বিপ্লব মৃত্যুহীন। বিশ্ববিপ্লবের স্বপ্নচারী আর্নেস্তো চে গুয়েভারার বিচিত্র জীবনকে কোন বইয়ের ধরাবাধাঁ কাঠামোয় আবদ্ধ করা অসম্ভব। কিন্তু আহমদ রফিকের মৃত্যুহীন বিপ্লবী চে গুয়েভারা বইটি পাঠকের মনে চে’র মৃত্যুঞ্জয়ী স্বপ্নের কিছুটা হলেও সংক্রমণ ঘটাবে নিঃসন্দেহে।