অপরাধ
ক্লাস সেভেনে পড়া অবস্থায় আমাদের সঙ্গে পড়ত ইখলাস নামের এক বন্ধু। ওকে আমরা সবাই ডাকতাম ‘সাইকেল’।একমাত্র ইখলাসই বন্ধুদের মধ্যে বাইসাইকেল নিয়ে বিশেষ জ্ঞান রাখত। সাইকেলের কোন অংশ নষ্ট হয়ে গেলে কী করতে হবে, প্যাডেল কীভাবে চাপলে ক্ষয় কম হয়—এসব বিষয়ে ওর পাণ্ডিত্যের শেষ ছিল না। ইখলাস স্কুলে আসত পাঁচ-সাত দিন পর পর। আসত সাইকেলে চেপে। আর এলেই আমরা সবাই মিলে বলে উঠতাম, ‘এই যে, আমাদের সাইকেল এসেছে, ওকে জায়গা করে দে।’ মাঝেমধ্যে আমরা ওর সাইকেলের চাকার বাতাস বের করে দিতাম লুকিয়ে লুকিয়ে। তারপর জিজ্ঞেস করতাম, ‘এই ইখলাস, বল তো চাকা ঠিক করতে হয় কীভাবে?’ বেচারা হাঁ হয়ে যেত। ইখলাস বেচারা মন খারাপ করে সাইকেল বাড়িতে নিয়ে যেত ঠেলতে ঠেলতে। ‘সাইকেল’ নামে আমিই ওকে সবচেয়ে বেশি ডাকতাম। একদিন ঘটল আরেক কাণ্ড! আমি সাইকেল বলায় ও আমার ওপর হঠাৎ চটে যায় এবং আমার দিকে মারমুখো হয়ে তেড়ে আসে। আমিও ওর নাকে-মুখে কিল-ঘুষি মারা শুরু করলাম। শুরু হলো তুমুল মারপিট। শেষ পর্যন্ত আমার এক ঘুষিতে ওর একটি দাঁত দুর্বল হয়ে গিয়ে রক্ত ঝরতে থাকে। দেখে আমি ভয় পেয়ে গেলাম। ইখলাস এই স্কুলে আর কোনো দিন আসবে না বলে হুমকি দিতে থাকে এবং ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। শেষে মাহিম স্যার আমাদের দুজনকে পরস্পরের কান ধরে উঠবস করালেন।এর পর থেকে ইখলাসকে আর কোনো দিন স্কুলে আসতে দেখিনি। শুনেছি, পরে ও কোনো এক সাইকেল মিস্তিরির দোকানে কাজ করে। আমিও ক্লাস নাইনে উঠে মফস্বলে এসে ভর্তি হই। এরপর ঢাকায় চলে আসি। এখনো মাঝেমধ্যে আমার সেই হারিয়ে যাওয়া বন্ধুটিকে খুঁজি মফস্বলের অনেক সাইকেলের স্টোরে। কোথাও ওর দেখা মেলেনি। আজ কেন জানি ওকে আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর নামটি ধরে ডাকতে ইচ্ছা করছে আর কাছে পেলে বুকে জড়িয়ে ধরতাম। ইখলাস, তুই আমাকে মাফ করে দিস, দোস্ত!জাবির আল্-ফাতাহ্ওয়ারী, ঢাকা।