ব্যাপারটা এতই চোখে পড়ার মতো যে তা বিশ্বজুড়ে সম্প্রতি সংবাদ শিরোনাম হয়েছে। ব্যাপার কী! না, মহানগর নিউইয়র্কে প্রায় দেড় দিনেও কোনো মারাত্মক সহিংস ঘটনা ঘটেনি। গুলি বা ছুরির ঘায়ে মরেনি একজনও। প্রায় স্মরণকালের মধ্যেই এ এক ব্যতিক্রম।আকারে বিশাল, দুনিয়ার তাবৎ জাতীয়তার মানুষে ভরপুর নিউইয়র্ককে মহানগর বললেও হয়তো কমই বলা হয়। বলা হয়, এ নগর কখনো ঘুমায় না। যে নগর কখনো ঘুমায় না, সেখানে আইনশৃঙ্খলা রক্ষার কাজটি কেমন কঠিন হতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। ব্যাপারটা এমনই ঘটনাবহুল ও রোমাঞ্চকর হতে পারে যে এ নিয়ে টিভি সিরিয়াল পর্যন্ত হয়েছে।তবে সাধারণ মানুষের জন্য চমকপ্রদ খবর হলেও মার্কিন অপরাধবিজ্ঞানীরা বিস্মিত হননি নিউইয়র্কের এই অপরাধহীন দিবসে। তাঁরা বরং অবাক হয়েছেন এটা ভেবে যে আরও অনেক আগেই কেন এ ঘটনা ঘটেনি। তাঁদের এ মনোভাবের কারণ হচ্ছে, সাম্প্রতিক সময়ে নিউইয়র্কে অপরাধজনিত হতাহতের হার উল্লেখযোগ্যহারে কমেছে। তাই একটি অপরাধহীন দিন আরও আগেই হওয়া অসম্ভব ছিল না। পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলফ্রেড ব্লুমস্টাইন পরিসংখ্যান দিয়ে বলেন, গত বছর মাত্র ৪৭২টি নরহত্যার ঘটনা ঘটেছে। এ বছরের যে হার, তাতে বছর শেষে মোট সংখ্যাটি গতবারের চেয়ে কম হওয়ার কথা।ব্লুমস্টাইন বলেন, এখন গড়ে প্রায় দেড়টি করে হত্যাকাণ্ড ঘটছে। সারা শহরে একেক দিন তিন, পাঁচ এমনকি ১০টি পর্যন্ত মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে। আবার একদিন হয়তো একটিও ঘটল না।তবে বিশেষজ্ঞরা সাবধান করে দিয়ে বলেছেন, অপরাধের পরিসংখ্যান সব সময়ই ভুল হওয়ার আশঙ্কা থেকে যায়, বিশেষ করে হামলা ও জখমের ঘটনার ক্ষেত্রে।ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (বার্কলি) ফৌজদারি অপরাধবিষয়ক এক গবেষণা কর্মসূচির প্রধান ফ্র্যাংক জিমারিং বলেন, প্রাণহানি না ঘটা ও গোলাগুলি বা ছুরিকাঘাতের যে হিসাব পুলিশের খাতায় থাকে, তা সম্ভবত প্রকৃত ঘটনার চেয়ে কম। প্রতিদিন নিউইয়র্কের কোথাও না কোথাও কারও গুলিবিদ্ধ বা ছুরিকাহত হওয়া মোটেই অস্বাভাবিক ব্যাপার নয়।দ্য সিটি দ্যাট বিকেম সেফ: নিউইয়র্ক’স লেসনস ফর আরবান ক্রাইম অ্যান্ড ইটস কন্ট্রোল নামে একটি বই লিখেছেন অধ্যাপক জিমারিং।১৯৯০-এর দশক থেকেই নিউইয়র্কে অপরাধের হার কমছে। ওই সময়ে সার্বিকভাবে গোটা যুক্তরাষ্ট্রে অপরাধের হার ৪৫ শতাংশ হ্রাস পায়। আগের দশকের মাদকসংক্রান্ত সমস্যা ক্রমশ কমে আসা ছিল পরিস্থিতির উন্নতির অন্যতম কারণ। ফ্র্যাংক জিমারিং বললেন, জাতীয় পর্যায়ে অপরাধের সংখ্যা হ্রাস নিউইয়র্ককেও সহায়তা করেছে। তবে নিউইয়র্কের ক্ষেত্রে পার্থক্যটি হলো, এখানে অপরাধের সংখ্যা হ্রাস বেশিদিন স্থায়ী হয়েছে। কমার হারও জাতীয় হারের তুলনায় দ্বিগুণ।একুশ শতকের প্রথম দশকজুড়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানে অপরাধের হার বাড়েওনি, কমেওনি। অর্থাৎ, স্থিতিশীল পর্যায়ে ছিল। কিন্তু নিউইয়র্কের ক্ষেত্রে তা ক্রমশই কমছে।ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাংক জিমারিং উল্লেখ করেন, ২০০৭ সালে পর্যবেক্ষকদের অনেকেই ব্যাপক অপরাধ বাড়ার পূর্বাভাস দিচ্ছিলেন। কারণ, এ সময় একদিকে দেশের অর্থনীতির অবস্থা হয়ে ওঠে বেহাল, অন্যদিকে জেল থেকে ছাড়া পায় জেলে ঢোকার সমানসংখ্যক অপরাধী। কিন্তু বাস্তবে দেখা যায়, অপরাধ কমছে! ফ্র্যাংক জিমারিং বলেন, ‘আমি এটা বলতে পারি যে ক্রমশ এ ব্যাপার একটা সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। তবে এই প্রবণতার পেছনের কারণটা কী, তা বলতে পারব না।’দ্য সিটি দ্যাট বিকেম সেফ বইটিতে ফ্র্যাংক জিমারিং লিখেছেন, অপরাধ হারের রদবদলের সঙ্গে জনসংখ্যাগত পরিবর্তনের কোনো সম্পর্ক দেখতে পাননি তিনি। সংখ্যালঘু জনগোষ্ঠী নিউইয়র্কে সহিংস অপরাধের প্রধান শিকার। কিন্তু নগরটিতে সংখ্যালঘুদের সংখ্যা বাড়লেও এ ধরনের অপরাধ কমেছে। আবার মাদক গ্রহণের হারও যে খুব একটা কমেছে, তা নয়।সবকিছুর বিবেচনায় মনে করা হচ্ছে, পুলিশি কার্যক্রমের সংখ্যা ও গুণগত উভয় প্রকারের উন্নয়নই অপরাধ কমার পেছনের কারণ। নিউইয়র্কের পুলিশ ১৯৯০-এর দশকে অপরাধের গতি-প্রকৃতি ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো আরও ভালোভাবে চিহ্নিত করতে সক্ষম হয়। এর পেছনে ‘কমস্ট্যাট’ নামে একটি সূক্ষ্ম পরিসংখ্যান কৌশলের অবদান ছিল। সেই অভিজ্ঞতাকে পুঁজি করে পুলিশের শীর্ষ কর্মকর্তারা নিয়মিতভাবে বসে অপরাধ মোকাবিলায় অধিকতর কার্যকর ও আধুনিক কৌশল তৈরি করেছেন। আলফ্রেড ব্লুমস্টাইন মতে, এ উন্নতির মূল কারণ হচ্ছে প্রথাগত পদ্ধতির চেয়ে আধুনিক কৌশল নিয়ে এগিয়ে যাওয়া। এসব কৌশলের মধ্যে রয়েছে পুলিশের উপস্থিতি বাড়ানো, রাস্তার মাদক বিক্রেতাদের ধরপাকড় এবং ‘স্টপ অ্যান্ড ফ্রিস্ক’ জাতীয় কিছুটা বিতর্কিত পদ্ধতি। শেষের কৌশলটি হচ্ছে বেশি অপরাধপ্রবণ এলাকার পথঘাটে তরুণদের হঠাৎ হঠাৎ থামিয়ে অবৈধ অস্ত্র বা মাদক আছে কি না, তা দেখতে শরীর তল্লাশি করা।তবে এসব পদ্ধতির মধ্যে কোনটি সত্যিই কাজে আসে আর আলাদাভাবে কোনটির কার্যকারিতা কেমন, তা বলা অপরাধ-বিশেষজ্ঞদের জন্যও কঠিন। ফ্র্যাংক জিমারিং বলেন, ‘খুবই উদ্বেগের বিষয় হচ্ছে, আমরা কোনোটিই সে রকম বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি না।’ ইসরাত জাহান