খাগড়াছড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ
অপরাধ দমনে নির্ভয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার শপথ
পার্বত্য জেলা খাগড়াছড়ির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্ভয়ে সামাজিক অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার শপথ নিয়েছেন। ১ ও ২ মার্চ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর বিশেষ প্রশিক্ষণ শেষে তাঁরা এ শপথ নেন। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ করিম এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন।
চট্টগ্রামের সাবেক ম্যাজিস্ট্রেট ও বর্তমানে মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী ভ্রাম্যমাণ আদালত আইন ২০১০, ফৌজদারি কার্যবিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আচরণবিধি, বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা, খাদ্যে ভেজাল ও পরিবেশদূষণ রোধ, অবৈধ দখল উচ্ছেদ, নাগরিক জীবনে স্বস্তি, শান্তি রক্ষা ইত্যাদি বিষয়ে এ প্রশিক্ষণ দেন।
মুনীর চৌধুরী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি বহুমাত্রিক সামাজিক অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতকে শক্তিশালী হাতিয়ারে পরিণত করার আহ্বান জানান। তিনি বর্তমান পেক্ষাপটে খাদ্যে ও ওষুধে ভেজাল এবং প্রকৃতি ও পরিবেশ ধ্বংসকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে এসব অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের শৃঙ্খলে বন্দী করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, অপরাধী যত বড় শক্তিশালী, বিত্তশালী কিংবা প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগে কঠোর ও নির্ভয় থাকতে হবে। কোনো রক্তচক্ষু, হুমকি কিংবা প্রলোভনের কাছে পরাজিত হওয়া যাবে না। বিশেষ করে পার্বত্য এলাকায় ইটভাটাকে পরিবেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে অভিহিত করে তিনি ইটভাটার পরিবেশবিধ্বংসী প্রভাব থেকে পাহাড়ের নৈসর্গিক প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করে ইটভাটার পরিবর্তে দুগ্ধখামার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ১৭ জন কর্মকর্তা সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে সাহসিকতা ও সততার সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং প্রশাসনিক কর্তব্য পালনকালে নিবেদিতপ্রাণ হয়ে জনস্বার্থ রক্ষার শপথ নেন। মুনীর চৌধুরী এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।