মামলার তদন্ত ও অন্য বিষয় নিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিনের সঙ্গে কথা বলেন নিজস্ব প্রতিবেদকমৃদাত হত্যার তদন্ত নিয়ে আপনি কী সন্তুষ্ট?এ মামলার আসামি একজনই। তদন্ত কর্মকর্তা ওই আসামিকে গ্রেপ্তার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতের মাধ্যমে নথিভুক্ত করিয়েছেন। প্রত্যক্ষদর্শী লোকজনের বক্তব্যও আদালতে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করেছেন বলে আপাতত মনে হচ্ছে।‘আপাতত সঠিক’ বলছেন কেন? তাহলে তদন্তে কি কোনো গলদ আছে? আসলে আমি মামলার ডায়েরি (সিডি) পুরোপুরি পর্যালোচনা করতে পারিনি। পুঙ্খানুপুঙ্খভাবে সিডি পর্যালোচনা করলে ত্রুটিগুলো চিহ্নিত করা যায়। আরেকটু সময় পেলে গলদ আছে কি না-তা বলতে পারব। তবে আবারও বলছি, এ মামলায় আসামির ১৬৪ ধারায় জবানবন্দি অন্যতম ভিত্তি। আসামির জবানবন্দির সঙ্গে সাক্ষীদের বক্তব্য মিলে গেছে। মৃদাতকে নিয়ে তাঁর মা-বাবার অনেক স্বপ্ন ছিল। সেটি এখন স্বপ্নই থেকে যাচ্ছে। তবে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হলে মৃদাতের পরিবার হয়তো স্বস্তি পাবে। সরকারি কৌঁসুলি হিসেবে আদালতে আপনার ভূমিকার ওপর নির্ভর করছে মৃদাতের পরিবারের স্বস্তির বিষয়টি। তা কীভাবে দেখছেন? আমিও সন্তানের বাবা। একজন সন্তান অকালে চলে গেলে কিংবা খুন হলে ওর মা-বাবার মানসিক যন্ত্রণা কতটুকু তা আমি উপলব্ধি করতে পারি। সরকারি কৌঁসুলি হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে চাই—এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যাবে। তবে সরকারি কৌঁসুলি হিসেবে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।