অপরাধবৃত্তি ও ইভ টিজিং প্রতিরোধে অগ্রপথিকের মুক্ত সংলাপ
অগ্রপথিক ফাউন্ডেশনের উদ্যোগে অপরাধবৃত্তি ও ইভটিজিং প্রতিরোধে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত মুক্ত সংলাপ। এতে বক্তারা বলেছেন, গ্রাম-শহর সবখানে সমৃদ্ধ পাঠাগার, খেলাধুলার উপযুক্ত পরিবেশ ও নির্মল সংস্কৃতিচর্চার সুযোগ না থাকায় যুব সমাজের ওপর আকাশ-সংস্কৃতির নেতিবাচক প্রভাব পড়ছে। এতে তারা নিজেদের আত্মগঠন ও সুকুমারবৃত্তির প্রতি ধাবিত না হয়ে অপরাধবৃত্তিতে জড়িয়ে যাচ্ছে। এখন ইভ টিজিং একটি ভয়াবহ সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একে ঘিরে অনেক হামলা-মামলার খবরও বাড়ছে পাল্লা দিয়ে।সম্প্রতি চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন জারিয়াতুল মুস্তফা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। বিষয়ের ওপর আলোচনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সাংবাদিক এ কে এম জহুরুল ইসলাম, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ও জসিম উদ্দিন মাস্টার। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি জিকরু হাবিবিল ওয়াহিদ। আবু সুফিয়ান বলেন, ‘পারিবারিক শাসন না থাকায় আমাদের ছেলেমেয়েরা এখন নানা অপরাধে লিপ্ত হচ্ছে। এ দেশের সন্তানের বিদেশে গিয়ে স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করছে। অথচ দেশের শিক্ষাঙ্গনে হানাহানি লেগেই আছে। দেশপ্রেম ও মূলবোধ জাগ্রত করে ইভ টিজিং প্রতিরোধ করতে হবে।’নাজিমুদ্দিন শ্যামল বলেন, ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করে যুবসমাজকে সঠিক পথে ধরে রাখতে হবে।’জান্নাতুল ফেরদৌস বলেন, ‘গণমাধ্যম ও বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। নারীকে মা-বোন-আপনজন ও মানুষ হিসেবে ভাবতে হবে।’ তিনি সুস্থ দৃষ্টিভঙ্গি ও বড়দের দায়িত্বশীল উদ্যোগ ছাড়া ইভ টিজিংয়ের মতো সামাজিক সমস্যার নিষ্কৃতি সম্ভব নয় বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে অপরাধ ও সামাজিক সমস্যা নির্মূলে অবদান রাখায় মাওলানা এমদাদুল ইসলাম ও জসিম উদ্দিন মাস্টারকে সম্মাননা জানানো হয়। সংলাপে সঞ্চালক ছিলেন হোসাইন মোহাম্মদ।