গত ৮ মে। ঘটনাস্থল নগরের মুরাদপুর আল আরাফাহ ইসলামী ব্যাংকের কার্যালয়। রাতে ওই শাখার প্রহরী মোহাম্মদ ইব্রাহীমকে (৩৮) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তারা ভবনের পেছনের জানালার গ্রিল ভেঙে ব্যাংকের ভেতর ঢোকে। ভবনের পেছনে ও আশপাশের ভবনে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা না থাকায় তা ওঠে আসেনি। কিন্তু ব্যাংকের ভেতর থাকা সিসি ক্যামেরার ফুটেজ থেকে তিন যুবকের চেহারা দেখে ঘটনার পরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
এ রকম আরও দুটি ঘটনা সিসি ক্যামেরায় অপরাধী শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ফলে অপরাধ সংঘটনের আগে কিংবা পরে অপরাধীদের সহজে শনাক্ত করতে পুরো চট্টগ্রাম নগরকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে পুলিশ। গত ২৫ অক্টোবর নগর পুলিশ এ সিদ্ধান্ত নেয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, জঙ্গিসহ অপরাধীদের দ্রুত শনাক্ত করতে পুরো নগরে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে নগরের গুরুত্বপূর্ণ ২৬টি স্থানে ৯৯টি ক্যামেরা রয়েছে। নিয়ন্ত্রণকক্ষ থেকে এগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু নগরের আয়তনের তুলনায় এগুলো অপ্রতুল। যার কারণে জঙ্গিসহ অপরাধীরা অপরাধ করে পালিয়ে গেলেও তাদের শনাক্ত করতে দেরি হয়ে যায়। এ জন্য নগরের বিভিন্ন আবাসিক এলাকা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সড়কের পাশের বাসা–বাড়ি ও প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর জন্য ভবনের মালিকদের বলা হচ্ছে। খরচ বহন করবেন মালিকেরা। পুলিশ শুধু তদারক করবে।
নগরের টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, পুলিশের পক্ষ থেকে টেরিবাজার এলাকায় সিসি ক্যামেরা বসানোর জন্য বলা হলে ছয়টি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, নগরের আন্দরকিল্লা মোড়, জহুর হকার্স মার্কেট, আদালত ভবনের প্রবেশপথসহ বিভিন্ন বাসা–বাড়িতে সিসি ক্যামেরা বসাতে বলা হয়েছে। এরপর সংশ্লিষ্টদের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন নগরের পাঁচলাইশের এন এ এন্টারপ্রাইজ নামের একটি আবাসন প্রতিষ্ঠানে অভিযানে যান নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম ও তিন কনস্টেবল। তাঁরা ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সৈয়দ নসিম আহমেদকে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। কিন্তু গোয়েন্দা পুলিশের সেই ‘অভিযান’ ব্যর্থ হয়। কারণ, প্রতিষ্ঠানটিতে লাগানো ছিল সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা। পুলিশের সব কর্মকাণ্ড এতে রেকর্ড হয়। িবষয়টি বুঝতে পেরে পুলিশ সদস্যরা দ্রুত সটকে পড়েন সেখান থেকে। বিষয়টি নগর পুলিশ কমিশনারকে জানানো হলে সিসি ক্যামেরায় শনাক্ত করে পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বিভাগীয় মামলা করে তাঁদের শাস্তির আওতায় আনা হয়।
এ ছাড়া গত ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাট এলাকায় তহবিল সংগ্রহ করার জন্য ছিনতাই করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে দুই জেএমবি এবং গুলিতে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নিহত হন। এর আগে ৪ সেপ্টেম্বর নগরের আকবর টিলা এলাকায় মাজারে জোড়া খুনের ঘটনা ঘটে। দুটি ঘটনার পর রহস্য উদ্ঘাটনে অন্ধকারে ছিল পুলিশ। জোড়া খুন করে পালানো এক যুবকের চিত্র পাশের একটি ভবনের সিসি ক্যামেরায় অস্পস্টভাবে উঠে আসে। এটার সূত্র ধরে এক মাস পর ৫ অক্টোবর পুলিশ পাঁচ জেএমবিকে গ্রেপ্তারের পর নিশ্চিত হয় জেএমবির জঙ্গিরা দুটি ঘটনা ঘটিয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার জানান, পুরো নগর সিসি ক্যামেরার আওতায় আনা গেলে জঙ্গি, সন্ত্রাসী ধরার পাশাপাশি চুরি, ডাকাতিসহ নানা অপরাধ বন্ধ করা সহজ হবে। নগরের ১৬টি থানার ওসিদের মাধ্যমে নগরবাসীকে উদ্বুদ্ধ করার কাজ চলছে। প্রাথমিকভাবে নিজ নিজ থানায় নিয়ন্ত্রণকক্ষ খুলে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হতে পারে।
তদন্তে পুলিশ কি তাহলে সিসি ক্যামেরা–নির্ভর হয়ে পড়েছে? এমন প্রশ্নের জবাবে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য বলেন, একটি ঘটনা পুলিশ সরেজমিন, গুপ্তচর নিয়োগ, প্রযুক্তির সাহায্যসহ নানাভাবে তদন্ত করে। এ ক্ষেত্রে ঘটনাস্থলের চিত্র সিসি ক্যামেরায় থাকলে সহজে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যাবে। নিরপরাধ লোকজন হয়রানির শিকার হবেন না।