অপরাধীকে শনাক্ত করবে সুগন্ধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো অপরাধ করে পার পাওয়া খুব একটা সহজ হবে না। কারণ, অপরাধীর গায়ে থাকা প্রসাধনীর সুগন্ধি থেকে অপরাধের তদন্ত সম্পন্ন করা সম্ভব।
সম্প্রতি সুগন্ধি থেকে তদন্তের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা সহজ হবে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। বিশেষ করে ধর্ষণ বা এই ধরনের শারীরিক নিপীড়নের তদন্তে এ পদ্ধতি বেশ সহায়ক হতে পারে।
সায়েন্স অ্যান্ড জাস্টিস জার্নাল–এ প্রকাশিত গবেষণায় গবেষকেরা বলেন, প্রসাধনীর সুগন্ধি হতে পারে তদন্তের অন্যতম উপাত্ত। যে অপরাধগুলোতে আক্রান্ত ব্যক্তি ও আক্রমণকারীর মধ্যে শারীরিক স্পর্শ হয়েছে, সেগুলোর ক্ষেত্রে সুগন্ধি বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত করা যেতে পারে।
বিজ্ঞানীরা বলেন, শারীরিক স্পর্শ স্বল্প সময়ের জন্য হলেও প্রসাধনীর সুগন্ধি একজনের শরীর থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। অনেক দিন পর্যন্ত ওই সুগন্ধির অস্তিত্ব থাকে। যদিও ধীরে ধীরে তা হারিয়ে যায়।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক সিমোনা ঘেরগেল বলেন, ‘প্রায় ৯০ ভাগ নারী এবং ৬০ ভাগ পুরুষ প্রায় প্রতিদিনই প্রসাধনী ব্যবহার করে। ফলে আমরা মনে করলাম প্রসাধনীর সুগন্ধি তদন্তের অন্যতম সহায়ক হতে পারে। ফরেনসিক বিজ্ঞানে অপরাধ সংঘটনের সময় অপরাধী এবং আক্রান্ত ব্যক্তির শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা হলেও প্রসাধনীর সুগন্ধি ছড়িয়ে পড়া নিয়ে গবেষণা এর আগে হয়নি।’
বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে প্রসাধনী তৈরি হয়। ফলে প্রতিটি প্রসাধনীর ভিন্ন ভিন্ন সুগন্ধ হয়। গবেষকেরা একটি নির্দিষ্ট পুরুষ প্রসাধনীর ওপর গবেষণা করে দেখতে পান, এক পোশাকের সঙ্গে অন্য পোশাকের স্পর্শ মিনিট খানেক থাকলেই সুগন্ধির ৪৪টি উপাদানের মধ্যে ১৫টি উপাদান স্থানান্তর হয়। দুটি পোশাকের স্পর্শ ১০ মিনিটব্যাপী হলে ১৮টি উপাদান স্থানান্তর হয়।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফরেনসিক বিভাগের পরিচালক ড. রুথ মরগান বলেন, ‘এটা পরীক্ষামূলক গবেষণা। এর থেকে আমরা কয়েকটা বিষয় পাচ্ছি। প্রথমত, প্রসাধনীর সুগন্ধি ছড়িয়ে পড়ে বলে আমরা প্রমাণ পাচ্ছি। দ্বিতীয়ত, আমরা জানতে পারছি কখন সুগন্ধি ছড়িয়ে পড়ছে। সুগন্ধি ছড়িয়ে পড়ার সময় দুই ব্যক্তির মধ্যে কী পরিস্থিতি হয়েছিল, ভবিষ্যতে গবেষণার মাধ্যমে তা জানা সম্ভব হতে পারে।’
গবেষকেরা অবশ্য বলছেন, সুগন্ধি থেকে পাওয়া উপাত্ত অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত সংগ্রহ করতে হবে। তবে কেবল সুগন্ধির মাধ্যমেই তদন্ত সমাধান হবে, তা ভাবার অবকাশ নেই।