অপরাধীদের তথ্য সংগ্রহে গোয়েন্দা পুলিশের ১১ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক তথ্যের অভাবে অপরাধীদের ধরতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। কারা কোন অপরাধের সঙ্গে যুক্ত, কারা সদ্য জামিন পেয়েছে অথবা অপরাধ করে আটক হয়েছিল এ সম্পর্কে হালনাগাদ তথ্য নেই নগর পুলিশের কাছে। এই ঘটতি দূর করতে অপরাধীদের তথ্য হালনাগাদের উদ্যোগ নিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গি, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানব পাচারকারী, অস্ত্র ব্যবসায়ী, অপহরণকারী, চাঁদাবাজসহ অপরাধীদের সম্পর্কে তথ্য হালনাগাদ করার জন্য নগর গোয়েন্দা পুলিশের ১১টি দল কাজ করছে। তথ্য হাল নাগাদের পাশাপাশি গোয়েন্দা পুলিশের এই দলগুলো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করারও কাজ করবে।

গোয়েন্দা পুলিশের একজন পরিদর্শকের নেতৃত্বে প্রতিটি দলে সাত থেকে আটজন উপপরিদর্শক ও কনস্টেবল রয়েছে। গত ৯ মার্চ এই দলগুলো গঠনের পর চলছে তথ্য হালনাগাদের কাজ। সম্প্র্রতি যোগদান করা নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান ও অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার দলগুলোর কাজ তদারকি করছেন।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, কাজে গতি আনতে ও জবাবদিহি নিশ্চিত করতে বিষয় নির্ধারণ করে দিয়ে সাত থেকে আটজন নিয়ে একেকটি দল গঠন করা হয়েছে। এতে সব ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সহজে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ান্দা পুলিশের ১ নম্বর দল মানব পাচার, জাল টাকা, জাল পাসপোর্ট, জাল লাইসেন্স, জাল দলিল, জাল স্ট্যাম্প ও জালিয়াতির কার্যক্রম সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে। ২ নম্বর দল নগরে অপহরণ, খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের তালিকা তৈরির কাজ করছে। সক্রিয় ও নিষ্ক্রিয় জঙ্গিদের তালিকা এবং জামিনে যাওয়া জঙ্গিদের গতিবিধি সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহ এবং ককটেল ও হাতবোমা প্রস্তুতকারক এবং এ-সংক্রান্ত উপাদান সরবরাহকারীদের শনাক্ত করবে ৩ নম্বর দল। ৪ নম্বর দল কাভার্ড ভ্যান থেকে বিভিন্ন প্রকার মালামাল চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর এবং মূল হোতাদের নামের তালিকা প্রস্তুত করবে। ডাকাত দলের সদস্যদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি, ডাকাতির মালামাল উদ্ধার ও গ্রেপ্তারের ব্যবস্থা করবে ৫ নম্বর দল।

৬ নম্বর দল মাদক ব্যবসাসংক্রান্ত তথ্য সংগ্রহ, মাদক স্পট চিহ্নিত, তালিকা প্রস্তুত ও মাদকবিরোধী অভিযান করবে।

একইভাবে অবৈধ অস্ত্রধারী ও অস্ত্রের রুট শনাক্ত, সিঁদেল চোর, সাইবার ক্রাইম, গাড়ি চোর, মোটরসাইকেল চোর, মলম, গামছা, টানা পার্টি ও প্রতারণার সঙ্গে জড়িতদের তালিকা তৈরি ও অভিযান পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাকি পাঁচটি দল।