অপরাধের নিরাপদ স্থান শাটল ট্রেন আর রেললাইন
১১ ফেব্রুয়ারি। ষোলশহর রেলস্টেশন। শাটল ট্রেনে ওঠার আগে খুন হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন। এরপর ২৯ মার্চ। হত্যার পর চৌধুরীহাট এলাকায় রেললাইনে ফেলে রাখা হয় মার্কেটিং বিভাগের ছাত্র হারুন অর রশিদকে। রক্তের দাগ শুকিয়ে না যেতেই গত বৃহস্পতিবার আবারও ঘটে একই ঘটনা। ঘটনাস্থল বিশ্ববিদ্যালয় স্টেশনের অদূরে রেললাইনের ওপর। একসময়ের গৌরবময় শাটল ট্রেন কিংবা রেললাইন এখন খুনের ঘটনার ‘নিরাপদ’ স্থানে পরিণত হয়েছে। দুই মাসের ব্যবধানে এই তিন খুনের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ছে সাধারণ ছাত্র ও অভিভাবকদের মাঝে। কারণ তিন হত্যাকাণ্ডের শিকার দুইজনই সাধারণ ছাত্র হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন। আবার ষোলশহর থেকে এসব খুনের ঘটনাস্থলও এগিয়ে যাচ্ছে ক্যাম্পাসের দিকে। সর্বশেষ খবর, আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসেও। সবাই ভুগছেন নিরাপত্তাহীনতায়।অনেকে মনে করেন শাটল ট্রেন ও স্টেশনকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো দরকার।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শাটল ট্রেন কিংবা রেলস্টেশনে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা আগেও ছিল না। তবে নিরাপত্তাহীনতা থাকলেও তখন পরপর খুনের ঘটনা ঘটেনি। রাতের ট্রেনে ছিনতাইয়ের ঘটনা কিংবা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্রসংগঠনের উত্তেজনার মধ্যেই সীমাবদ্ধ ছিল শাটল ট্রেন ও রেলস্টেশন এলাকা।এভাবে খুনের ঘটনা ঘটলেও এক বিন্দু নিরাপত্তা বাড়ানো হয়নি শাটল ট্রেনের। দিন-রাতে ছয়বার আসা-যাওয়া করে একজোড়া শাটল ট্রেন। কয়েক হাজার শিক্ষার্থী এই পথে ক্যাম্পাসে আসা-যাওয়া করেন। নিরাপত্তা যে বাড়েনি সেটি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। তিনি প্রথম আলোকে বলেন, ‘শাটল ট্রেনে নিরাপত্তা বাড়ানোর জন্য রেলওয়ে পুলিশকে একাধিকবার বলা হয়েছে।’নিরাপত্তা বাড়ানোর বিষয়টিতেও অসহায় পুলিশ। সে কথা স্বীকারও করলেন রেলওয়ের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘জনবলসংকটের কারণে স্বাভাবিক সময়ে শাটল ট্রেনে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শাটল ট্রেনের ছিল সুবর্ণ অতীত। শহর থেকে ২২ কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তিন ঘণ্টা সময় চলে যায় এই শাটল ট্রেনে। তাই শাটল ট্রেনের নামও জুটে যায় ‘চলন্ত ক্যাম্পাস’। বিশ্ববিদ্যালয়ের পাঠশালার চেয়ে চলন্ত ক্যাম্পাসের পাঠশালায় চর্চা হতো সমকালীন বিষয়ে যুক্তি-তর্ক। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আন্দোলনের কর্মসূচি ঠিক হতো ট্রেনের বগিতে। সেই কবে বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ, শামসুন্নাহার হলে ছাত্রী আন্দোলন কিংবা সামপ্রদায়িকতাবিরোধী আন্দোলনের বার্তা প্রথম শাটল ট্রেনেই পেয়েছিলেন শিক্ষার্থীরা। সেসব এখন অতীত।এসব স্বর্ণময় অতীত হার মেনেছে খুনের রাজনীতির কাছে। শাটল ট্রেন বলতেই এখন ভেসে আসছে মহিউদ্দিনের থেতলানো মাথা। কায়সারের রক্তে ভেজা শার্ট। আসাদের ক্ষতবিক্ষত দেহ।