
চট্টগ্রামে একের পর এক নির্মাণ করা হচ্ছে উড়াল সড়ক। বাস্তবায়িত হতে যাচ্ছে আউটার রিং রোড। সম্প্রসারণ করা হয়েছে নগরের বিভিন্ন সড়ক। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এসব উন্নয়ন কর্মকাণ্ডকে অপরিকল্পিত বলছেন নগর পরিকল্পনাবিদেরা। অপর দিকে, সিডিএর দাবি, সবকিছু হচ্ছে পরিকল্পনামাফিক। এ নিয়ে সম্প্রতি প্রথম আলোর মুখোমুখি হয়েছেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পদক জেরিনা হোসেন।
প্রথম আলো: বন্দরনগরের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আপনি কীভাবে দেখছেন? এগুলো মানুষের কাজে আসছে কি?
জেরিনা হোসেন: অপেশাদারের মতো চট্টগ্রামের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। নেই কোনো সমন্বয়। নগরের জলাবদ্ধতার মতো বড় বড় সমস্যার সমাধান করা হচ্ছে না। কিন্তু উড়াল সড়কসহ অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প নগরবাসীর কোনো কাজে আসছে না। তাই এক কথায় বলা যায়, বিক্ষিপ্তভাবে চলছে নগরের উন্নয়ন কর্মকাণ্ড।
প্রথম আলো: এই কর্মকাণ্ড কতটুকু পরিকল্পিত? সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসাসহ নানা সংস্থা প্রকল্প বাস্তবায়ন করার সময় পরস্পরের সঙ্গে সমন্বয় করে কী?
জেরিনা হোসেন: অপরিকল্পিতভাবেই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সেবা সংস্থাগুলো নিজের মতো করে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে কোনো ধরনের সমন্বয় নেই। এতে অকার্যকর হয়ে পড়ছে নগরব্যবস্থা। একই অবস্থা দেশের অন্যান্য নগরেরও।
প্রথম আলো: অপরিকল্পিত উন্নয়ন থেকে বের হয়ে আসতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন?
জেরিনা হোসেন: চট্টগ্রামের উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা ছিল। এটি তো শুধু পরিকল্পনা নয়, উন্নয়নের একটি দর্শনও বটে। এতে নগরের সমস্যা-সম্ভাবনা যেমন তুলে ধরা হয়েছে, তেমনি নগরের উন্নয়নে পরিকল্পিতভাবে সুপারিশ করা হয়েছিল। আলোচনার ভিত্তিতে সবাই মিলে এসব সুপারিশ বাস্তবায়ন করলে নগরের চেহারা অন্য রকম হতো।