অপরিকল্পিতভাবে নির্মিত দুটি নালা মিরসরাই পৌরসভার বাসিন্দাদের বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতা হয়। ময়লা-আবর্জনা জমে সারা বছর দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করে।মিরসরাই পৌরসভা সূত্রে জানা গেছে, এখানকার প্রধান নালা মাত্র দুটি। একটি কোর্টরোড থেকে শুরু হয়ে উপজেলা চত্বরের ভেতর দিয়ে মহামায়া খালে গিয়ে পড়েছে, অন্যটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে কলেজ সড়ক, কাঁচাবাজারের ভেতর দিয়ে গোভানিয়া খালে পড়ার কথা থাকলেও মিরসরাই কলেজসংলগ্ন মাঠে গিয়ে থেমেছে। তাই এলাকার সমস্ত জঞ্জাল ওখানেই জমা হচ্ছে, গন্ধ ছড়াচ্ছে সারা বছর। বছর দুয়েক আগে ২১ লাখ টাকা ব্যয়ে পৌর কর্তৃপক্ষ এই দুটি ড্রেন নির্মাণ করে।মিরসরাই পৌরসভার বাসিন্দা এবং মিরসরাই উপজেলা পরিষদ এলাকায় বসবাসকারী ব্যক্তিরা অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে ড্রেন দুটি তৈরি করায় জনগণের কোনো উপকারে আসছে না, বরং দুর্ভোগ বাড়াচ্ছে।মিরসরাইয়ের পৌর ব্যবসায়ী মো. পাভেল জানান, কোর্ট রোডে নির্মিত নালাটি দিয়ে পানি বা ময়লা প্রবাহিত হয় না। বৃষ্টি হলে কোর্ট রোডটিই নালায় পরিণত হয়। মূলত এগুলো দেখভাল করার কেউ আছে বলে মনে হয় না। তিনি দাবি করেন, যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে নতুন পরিকল্পিত নালা করা হোক। কারণ জনগণ পৌরকর দেয় (টেক্স), কিন্তু সেভাবে পৌরসভা থেকে পর্যাপ্ত সেবা পায় না।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পূর্ব দিকে যাওয়া পৌরসভার সড়ক দিয়ে পৌর বাজারের লোকজন ছাড়াও মিরসরাই কলেজে প্রতিদিন প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থী যাতায়াত করে। ওই রাস্তার পাশের নালাটিই এখন সবার দুর্ভোগের কারণ। বৃষ্টি হলেই ওই রাস্তা পানি ও কাদায় একাকার হয়ে যায়। আর বৃষ্টি না থাকলে কাঁচাবাজারের ব্যবসায়ীদের ফেলা বর্জ্য নালায় পচে গিয়ে দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়। মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনও একই দুর্ভোগের কথা বললেন। তিনি জানান, বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় সভায় একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু ফলাফল খুব একটা হয়নি। উপজেলা চত্বরের উত্তর পাশে তৈরি ওই নালাটি দিয়ে পানি নিষ্কাশন হয় না। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নালাটি পাশের রাস্তা থেকে উঁচুতে। তাই রাস্তার পানি নালায় পড়ে না। মিরসরাই পৌরসভার সহকারী প্রকৌশলী সমর মজুমদার এ প্রসঙ্গে বলেন, বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ হয় এটা ঠিক। কিন্তু পৌরসভা চাইলেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী নালা তৈরি করতে পারে না। ওপর থেকে যেভাবে বলবে, সেভাবেই কাজ করতে হয়। নালা দুটি পরিকল্পিতভাবে তৈরি হয়নি বলে তিনিও স্বীকার করেন। এ প্রসঙ্গে মিরসরাই পৌরসভার মেয়র মো. শাহজাহান বলেন, খুব অল্প সময়ের মধ্যে পৌরবাসী এবং উপজেলা পরিষদ চত্বরে বসবাসকারী লোকজন ওই দুর্ভোগ থেকে মুক্তি পাবে। কারণ অগ্রাধিকার প্রকল্প হিসেবে ওই দুটি নালা সংস্কারের পরিকল্পনা পৌরসভার রয়েছে।