অপরিকল্পিত নগরায়ণের কারণে সৌন্দর্য হারিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আমাদের অসহযোগিতা, উচ্চাভিলাষ, দায়িত্বজ্ঞানহীনতা ব্যর্থতা ও অপরিকল্পিত নগরায়ণের কারণে এই নগরের সৌন্দর্য নষ্ট ও হারিয়ে যেতে বসেছে। গত ২৯ ফেব্রুয়ারি চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির দেওয়া এক সংবর্ধনা সভায় মেয়র এই কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংসদ জিয়াউদ্দীন আহমেদ চৌধুরী।
চান্দগাঁও আবাসিক এলাকা বি–ব্লকের পিয়া কমপ্লেক্সের ময়দানে সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি জিয়াউদ্দীন আহমেদ চৌধুরী চান্দগাঁও এলাকার বিভিন্ন সমস্যা, বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, ড্রেনেজ এবং বহদ্দার হাট ফ্লাইওভারের সমস্যার কথা উল্লেখ করে বলেন, ‘মেয়র এসব সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন। নগরের ৬০ লাখ মানুষ তাকে ভোট দিয়ে নগরপিতা নির্বাচিত করেছেন তাদের সমস্যা সমাধান করার জন্য। তবে তাঁর হাতে আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি সব সমস্যার সমাধান করতে পারবেন। সবার প্রত্যাশা তিনি প্রধান সমস্যাগুলো ক্রমান্বয়ে সমাধান করবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র জোবাইরা নার্গিস, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু।
সংবর্ধিত অতিথি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমি আপনাদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছি। ছয় মাসের মতো সময় করপোরেশন পরিচালনা করে আসছি। যে সময়ে দায়িত্ব গ্রহণ করি, সে সময় প্রচুর বৃষ্টিপাত এবং সেটি ছিল দীর্ঘ সময়। ৪০–৫০ বছরে এমন বৃষ্টিপাত আর হয়নি। নগরের সব রাস্তাঘাট খানাখন্দে ভরে যায়।
‘প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যানবাহন চলাচলের উপযোগী করেছিলাম। আমি স্বচ্ছতার সঙ্গে এবং জবাবদিহির মাধ্যমে দায়িত্ব পালন করার অঙ্গীকার করেছিলাম। সে ব্যাপারে সতর্ক রয়েছি।’
মেয়র বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে দৃষ্টিনন্দন একটি শহর চট্টগ্রাম। বাংলাদেশের ৬৪টি জেলা শহরের তুলনায় চট্টগ্রাম শহর ব্যতিক্রম। যেখানে রয়েছে সমুদ্রবন্দর, প্রকৃতির অপার সৃষ্টি পাহাড়-পর্বত ও নদী কর্ণফুলী। শুধু বাংলাদেশ কেন, বিশ্বে এমন দৃষ্টিনন্দন এলাকা খুব কমই দেখা যায়। বিজ্ঞপ্তি