অপরিকল্পিত বালু তোলার বলি সরাই সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে সরাই খালের ওপর নির্মিত সেতু ভেঙে পড়ায় চরম দুর্ভোগ বেড়েছে ২০ হাজার মানুষের। গত আগস্ট মাসে পাহাড়ি ঢলে সেতুটি ভেঙে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে খাল থেকে বালু তোলার কারণে সেতুর ভিত দুর্বল হয়ে পড়েছিল।পার্বত্য চট্টগ্রামের লামা, লোহাগাড়ার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের লোক এই সেতু ব্যবহার করতেন। সেতুটি ভেঙে পড়ায় এলাকার কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াতে দুর্ভোগ বেড়েছে। এ কারণে সেতুটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।স্থানীয় জনপ্রতিনিধি মো. জামাল অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে খাল থেকে বালু তোলার কারণে সেতুর ভিত দুর্বল হয়ে গিয়েছিল। এ কারণে পাহাড়ি ঢলে সেতুটি ধসে পড়ে। পুটিবিলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাহবুবর রহমান জানান, সেতুটি ভেঙে যাওয়ায় কৃষি সরঞ্জাম ও পণ্য পরিবহন, অসুস্থ রোগী পারাপার এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া ব্যাহত হচ্ছে। সেতুটি পুনর্নির্মাণ না হলে বর্ষাকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারবে না। পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদও সেতু ধসে পড়ার কারণ হিসেবে অপরিকল্পিতভাবে বালু তোলাকে দায়ী করেছেন। তিনি জানান, খাল থেকে অপরিকল্পিতভাবে বালু তোলা হয়েছে। এই কারণেই ধসে গেছে সেতুটি। তিনি আরও বলেন, সেতুটির আশপাশে বসবাসরত শতকরা ৯০ ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল। বান্দরবানের লামা, চুনতি ও পুটিবিলা ইউনিয়নের ২০ হাজার মানুষের জন্য সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। লোহাগাড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৭-৯৮ অর্থবছরে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সরাই খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। উপজেলার এলজিইডি প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, ড্রেজিং যন্ত্র দিয়ে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে সেতুর নিচ থেকে মাটি সরে গেছে। সেতুটি পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যে নির্বাহী প্রকৌশলী বরাবরে প্রকল্প পাঠানো হয়েছে।স্থানীয় কৃষক আব্দুল মোনাফ জানান, এ এলাকায় ধানসহ প্রচুর শাকসবজির চাষাবাদ হলেও সেতু ভাঙা থাকায় কৃষকেরা বাজারে পণ্য নিতে পারছেন না।লোহাগাড়া উপজেলার চেয়ারম্যান জিয়াউল হক জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে সাময়িকভাবে চলাচলের জন্য এক লাখ টাকা খরচ করে কাঠের সেতু তৈরি করে দেওয়া হয়েছে। শিগগিরই সেতুর মেরামতকাজ শেষ হবে বলে তিনি আশা করেন।